লংকানদের ১৩৭ রানের হার
হোবার্টে প্রথম দিন থেকেই ছিল অস্ট্রেলীয়দের আধিপত্য। শেষ দিনেও তা-ই। মাঝখানে তিলকরত্নে দিলশান, অ্যাঞ্জেলো ম্যাথুস, কুমার সাঙ্গাকারা, থিলান সামারাবিরা, ওয়েলেগেদারা ও রঙ্গনা হেরাথদের লড়াই। কিন্তু অসিদের ব্যাটিং আর বোলিং ক্যারিশমার কাছে সেই লড়াই বিপুল ব্যবধানে পরাজিত। হোবার্ট টেস্টে ফলও তা-ই। অস্ট্রেলিয়ার কাছে শ্রীলঙ্কার পরাজয়ের ব্যবধানটা বিরাট—১৩৭ রানের। শেষ দিনে ৩২৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমেছিল লংকানরা। বাস্তবতার নিরিখে সেই লক্ষ্যমাত্রায় চোখ না রেখে ম্যাচটা ড্র করার দিকেই মনোযোগী ছিল তারা। ৩২৮ রানের দিকে হেঁটে শেষ পর্যন্ত তাদের সংগ্রহ ২৫৫। ভালো লড়াই জমিয়েও শেষতক তার লাগাম ধরে রাখতে পারল না শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে একাই অসিদের শক্ত বোলিং আক্রমণের বিপক্ষে লড়েছিলেন তিলকরত্নে দিলশান। ৩৩৬ রানের ইনিংসে তাঁর অবদান ছিল ১৪৭। কিন্তু দ্বিতীয় ইনিংসে তিলকরত্নে দিলশানের পথ অনুসরণ করে আর কেউ বুক চিতিয়ে দাঁড়াতে পারলেন না। কুমার সাঙ্গাকারা ৬৩ ও থিলান সামারাবিরা ৪৯ রান করলেও তা দলের জন্য যথেষ্ট হলো না। অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে প্রথম ইনিংসের মতো এই ইনিংসেও ব্যর্থ। তবে দ্বিতীয় ইনিংসে কৃতিত্ব দিতেই হবে শ্রীলঙ্কাকে। শেষ দিনের সকালের সেশনটা দারুণভাবে অসি বোলারদের খেলে গেছেন লংকান ব্যাটসম্যানরা। সকালের সেশনে উইকেট থেকেও কোনো সুবিধা আদায় করতে পারেননি অস্ট্রেলিয়ার দুই পেসার মাইকেল স্টার্ক ও পিটার সিডল। প্রথম দুটি সেশনে প্রতিটি উইকেটের জন্য শক্ত লড়াই করতে হয়েছে অস্ট্রেলিয়াকে। তবে বিকেলের দিকে উইকেটও যেন মুখ ঘুরিয়ে নেয় শ্রীলঙ্কার দিক থেকে। অসমান বাউন্স ও সুইং বিব্রত করে শ্রীলঙ্কার শেষ দিকের ব্যাটসম্যানদের। টেস্ট ক্রিকেটের পরিপূর্ণ মেজাজ এই ম্যাচ থেকে দর্শকেরা পেলেও শেষ পর্যন্ত পরাজিত দল ওই শ্রীলঙ্কাই। পিটার স্টার্ক ও সিডলের দারুণ বোলিংয়ের সামনে তারা দাঁড়াতেই পারেনি। স্টার্ক ৬৩ রানে ৫ উইকেট নিয়ে এই ইনিংসে শ্রীলঙ্কাকে বঞ্চিত করেন একটি ড্র থেকে। সিডলও কম যান না, প্রথম ইনিংসের ৫ উইকেট শিকারী সিডল এই ইনিংসে তুলে নেন ৪ উইকেট। সূত্র: ক্রিকইনফো। সংক্ষিপ্ত স্কোরঅস্ট্রেলিয়া ৪৫০/৫ ( প্রথম ইনিংস ডিক্লে.)হাসি ১১৫, হিউজেস ৮৬, ক্লার্ক ৭৪, ওয়েড ৬৮ওয়েলেগেদারা ৩/১৩০শ্রীলঙ্কা ৩৩৬ (প্রথম ইনিংস)দিলশান ১৪৭, ম্যাথুস ৭৫সিডল ৫/৫৪অস্ট্রেলিয়া ২৭৮ (দ্বিতীয় ইনিংস)কোয়ান ৫৬, ওয়ার্নার ৬৮, ক্লার্ক ৫৭* (আহত, অবসর)হেরাথ ৫/৯৬, ওয়েলেগেদারা ৩/৮৯শ্রীলঙ্কা ২৫৫ (দ্বিতীয় ইনিংস)সাঙ্গাকারা ৬৩, সামারাবিরা ৪৯স্টার্ক ৫/৬৩, সিডল ৪/৫০(অস্ট্রেলিয়া ১৩৭ রানে জয়ী)