লংকানদের ‘বাজির ঘোড়া’ হেরাথ
মুত্তিয়া মুরালিধরন এখন অতীত। এই স্পিন জাদুকর ১৯৯২ থেকে ২০১০ সাল পর্যন্ত ১৮ বছরে শ্রীলঙ্কাকে যা দিয়েছেন, তা এককথায় অচিন্তনীয়। মুরালির মতো ‘ম্যাচ উইনার’কে দলে পেয়েই নব্বইয়ের দশকে ক্রিকেটের অন্যতম শক্তি হিসেবে লংকানদের উত্থান। এই কিংবদন্তির বিদায়ের পর শ্রীলঙ্কা ক্রিকেট দলের বোলিংয়ে যে বিরাট শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সামাল দিতে অনেককেই ব্যবহার করা হয়েছে। অজন্তা মেন্ডিসকে তাঁর যোগ্য উত্তরসূরি ভাবা হয়েছিল, কিন্তু যেভাবেই হোক, তিনি লংকানদের নতুন প্রজন্মের ‘মুরালি’ হয়ে উঠতে পারেননি। জীবন মেন্ডিস কিংবা আকিলা দানাঞ্জায়ারা এখনো অনেক নতুন। তবে বয়সটা ৩৪ হয়ে গেলেও রঙ্গনা হেরাথ শ্রীলঙ্কার ক্রিকেটকে ভালো কিছু দেওয়ারই স্বপ্ন দেখাচ্ছেন। এ বছরটা যে দারুণ কাটালেন তিনি! হোবার্ট টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার বিরাট পরাজয়েও উজ্জ্বল ছিলেন হেরাথ। ৫ উইকেট তুলে নিয়ে এ বছর তাঁর প্রাপ্তির খাতায় লেখা হয়েছে ৬০ উইকেটের সাফল্যগাথা। ইংলিশ অফস্পিনার গ্রায়েম সোয়ানের সঙ্গে উইকেট সংগ্রহে তাঁর যে ব্যক্তিগত লড়াইটা চলছে, তাতে বছরান্তে তিনিই এগিয়ে থাকবেন, এ বিষয়ে এখন আর সন্দেহের কোনো অবকাশ নেই। হেরাথ এ বছর আরও দুটি টেস্ট খেলবেন। ইংল্যান্ডের ২০১২ সালে যে আর কোনো টেস্ট খেলার সুযোগ নেই। এই রঙ্গনা হেরাথকেই এবারের অস্ট্রেলিয়া সফরের তুরুপের তাস মানছে শ্রীলঙ্কা। কোচ গ্রাহাম ফোর্ডও মনে করেন এমনটাই। মেলবোর্ন ও সিডনিতে অনুষ্ঠেয় পরের দুটো টেস্টে হেরাথের দিকেই তাকিয়ে আছেন তিনি।হোবার্টে সদ্যই শেষ হওয়া টেস্ট ম্যাচে ফাস্ট বোলিংয়ের উপযোগী উইকেটেও হেরাথের পারফরম্যান্স ছিল অনবদ্য। দ্বিতীয় ইনিংসে তিনি তুলে নেন পাঁচ উইকেট। ঐতিহাসিকভাবে মেলবোর্ন ও সিডনির উইকেট স্পিনারদের দিকে সব সময়ই উদারভাবে বাড়িয়েছে সহায়তার হাত। লংকান কোচ গ্রাহাম ফোর্ডেরও প্রত্যাশার জায়গা সেটিই।হেরাথ নিজেও আশাবাদী। তাকিয়ে আছেন মেলবোর্ন ও সিডনির দিকে। হোবার্টের টেস্টটি ছিল হেরাথের অস্ট্রেলিয়ার মাটিতে খেলা প্রথম টেস্ট। এই টেস্টে ব্যক্তিগত সাফল্য তাঁকে করে তুলেছে আত্মবিশ্বাসী। ‘মেলবোর্ন ও সিডনিতে স্পিনারদের উপযোগী উইকেট হচ্ছে বলে শুনেছি। আমি অপেক্ষায় আছি।’ উচ্ছ্বাসই ঝরল হেরাথের কণ্ঠে। হেরাথ আরও বলেন, ‘হোবার্টে আমি অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টটি খেলেছি। ওই ম্যাচে ভালো পারফরম্যান্স আমাকে আত্মবিশ্বাসী করে তুলেছে।’ রয়টার্স।