লক্ষণের প্রত্যাশা ২৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডারবান টেস্টেও মহেন্দ্র সিং ধোনির টস-ভাগ্য সহায় হয়নি। টসে হেরে কিংসমিডের সবুজ উইকেটে ব্যাটিংয়েই নামতে হয়েছে ভারতীয় দলকে। ব্যাটিংয়ের সময় সেঞ্চুরিয়নের ব্যাটিং বিপর্যয়ের কথা ভারতীয় সমর্থকদের মনে আশঙ্কা হয়ে দেখা দিচ্ছিল। সমর্থকদের আশঙ্কা একবারে মিথ্যা হয়নি। সেঞ্চুরিয়নের মতো ভয়াবহ ব্যাটিং বিপর্যয় না হলেও ডেল স্টেইনের বিধ্বংসী বোলিংয়ে ১৮৩ রান তুলতেই ছয় উইকেট খুইয়ে বসে আছে ভারত। সপ্তম উইকেটে ২৭ রানের জুটি গড়ে দিন শেষে অপরাজিত রয়েছেন ধোনি আর হরভজন।টেস্ট শুরুর আগে কোচ গ্যারি কারস্টেন জয়ের জন্য প্রথম শর্ত নির্ধারণ করেছিলেন প্রথম ইনিংসে চার শতাধিক রান। কিন্তু এ অবস্থায় সেটা যে কতখানি কঠিন ব্যাপার, তা নিশ্চয়ই খুব ভালোমতোই বুঝতে পারছে ভারতীয় শিবির। তাই সেই লক্ষ্যে অটল না থেকে বরং বাস্তববাদী হতে চেয়েছেন ভি ভি এস লক্ষণ। ২৫০ রান পার করতে পারলেই সেটা অনেক প্রতিযোগিতামূলক সংগ্রহ হবে বলে মনে করছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। গতকাল দিন শেষের সংবাদ সম্মেলনে লক্ষণ বলেছেন, ‘উইকেটের কন্ডিশন যদি এ রকমই থাকে, তাহলে ২৫০-এর ওপরে করতে পারলেই আমরা লড়াইয়ে ফিরতে পারব। আমি আর দ্রাবিড় যদি আরও কিছুক্ষণ উইকেটে থাকতে পারতাম, তাহলে দক্ষিণ আফ্রিকার ওপরে কিছু চাপ সৃষ্টি করা যেত। এখন কাল আমদের শুরুটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ গতকাল চতুর্থ উইকেট জুটিতে ১৭ ওভার ব্যাট করেছেন লক্ষণ আর দ্রাবিড়। কিন্তু তাঁদের ব্যাট থেকে এসেছে মাত্র ৩৮ রান। এখন পর্যন্ত ভারতের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করে স্টেইনের শিকারে পরিণত হয়ে ফিরে গেছেন লক্ষণ।সেঞ্চুরিয়ন টেস্টে ভারত তাদের প্রথম ইনিংসটা দ্বিতীয় দিন পর্যন্ত গড়াতেই পারেনি। সেই জায়গায় এবার দ্বিতীয় দিন পর্যন্ত আসতে পারাটাকে একটা বড় প্রাপ্তি হিসেবে ধরছেন লক্ষণ। দ্বিতীয় দিনের উইকেটও কিছুটা ব্যাটিং সহায়ক হয়ে উঠবে বলে আশা করছেন তিনি। আর ধোনি ছাড়া ভারতের প্রধান ব্যাটসম্যানরা আউট হয়ে গেলেও এখনো উইকেটে আছেন সদ্য ‘অলরাউন্ডার’ হয়ে উঠতে থাকা হরভজন সিং। অন্য অনেকের মতো লক্ষণও যে ‘ভাজ্জি’র ওপরে অনেকখানিই ভরসা করছেন, সেটা স্পষ্টই বোঝা গেল তাঁর কথায়, ‘হরভজন ব্যাটিংয়ে অনেক উন্নতি করেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ইনিংসে সেঞ্চুরি করেছে সে।’ কিন্তু হরভজনের মারমুখো মেজাজের কথা মাথায় রেখেই বোধহয় লক্ষণ মনে করিয়ে দিলেন, ‘এই উইকেটে ধৈর্য ধরে খেলতে পারাটা অনেক গুরুত্বপূর্ণ।’ ওয়েবসাইট।