লক্ষ্মণ-ধোনির ব্যাটে পিষ্ট উইন্ডিজ
কলকাতায় সর্বশেষ টেস্টটির কথা মনে আছে? না থাকলে মনে করিয়ে দেওয়া যাক। গত বছরের ফেব্রুয়ারিতে ছিল সেই ম্যাচ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ১৫৩ ওভারে ৬ উইকেটে ৬৪৩ তুলে ইনিংস ঘোষণা করেছিল ভারত। এবার ইনিংস ঘোষণা ১৫১.২ ওভারে ৭ উইকেটে ৬৩১ রানে। ওই ইনিংসেও ছিল লক্ষ্মণের অপরাজিত সেঞ্চুরি, ধোনির সেঞ্চুরি। এবারও তা-ই। সেবার সপ্তম উইকেটে ২৫৯ রানের জুটি গড়েছিলেন লক্ষ্মণ-ধোনি, এবারও সপ্তম উইকেটে দুজনের জুটি ২২৪ রানের।ওই ম্যাচটি ভারত জিতেছিল ইনিংস ও ৫৭ রানে। এবারও বড় জয়ের ক্ষেত্র প্রস্তুত। দুই ওপেনারকে শুরুতেই হারিয়ে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। আলোকস্বল্পতায় ১৫ ওভারের মতো খেলা হয়নি। স্পিনে যেমন নড়বড়ে দেখাচ্ছিল ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের, পুরো খেলা হলে আরও দু-তিনটি উইকেট হারানো অস্বাভাবিক ছিল না।টেস্টের ‘পরীক্ষায়’ আরও একবার ব্যর্থ যুবরাজ সিং। তবে ভারতকে তাতে খুব একটা ভুগতে হয়নি। সেঞ্চুরি-খরায় ভুগতে থাকা দুজন সেঞ্চুরি তুলে নিয়েছেন সাবলীল ভঙ্গিতে। কলকাতার সর্বশেষ টেস্টের ওই সেঞ্চুরিটাই ছিল ধোনির সর্বশেষ টেস্ট সেঞ্চুরি, মাঝে পেরিয়ে গেছে ৩১ ইনিংস। এই সময়ে গড় ছিল মাত্র ২৮, পঞ্চাশ ছুঁইছুঁই ক্যারিয়ার গড়টাও তাই নেমে এসেছে চল্লিশের নিচে।লক্ষ্মণের খরাটা ছিল আরও বিস্ময়কর। সর্বশেষ সেঞ্চুরি পেয়েছিলেন ১৫ মাস ও ২৮ ইনিংস আগে। মাঝে খেলেছেন বেশ কটি ম্যাচ-জয়ী ইনিংস। ছিল ১০টি ফিফটি, যার চারটিতে পেরিয়েছিলেন আশি, দুটিতে নব্বই। কিন্তু তিন অঙ্ক ধরা দিচ্ছিল না। ধরা দিল কাল, স্যামির অফস্টাম্পের বাইরের বলকে কবজির মোচড়ে লং অন বাউন্ডারিতে পাঠিয়ে সেঞ্চুরি ছুঁয়েছেন ১৫৭ বলে। ১৭তম সেঞ্চুরিটাকে হয়তো তৃতীয় ডাবল সেঞ্চুরিতেই রূপ দিতেন, হয়নি ধোনি ইনিংস ঘোষণা করায়। প্রিয় মাঠে পঞ্চম সেঞ্চুরি করে ছুঁয়েছেন হায়দরাবাদের আরেক বিখ্যাত সন্তান মোহাম্মদ আজহারউদ্দিনের রেকর্ড। ভারতের হয়ে কোনো এক মাঠে সর্বোচ্চ রানের রেকর্ডটাও এখন লক্ষ্মণের (১২১৭), ছাড়িয়ে গেছেন গাভাস্কারকে।ধোনি খেলেছেন নিজের মতোই, শুরু থেকেই সহজাত সব আনঅর্থোডক্স শট খেলেছেন। পঞ্চম টেস্ট সেঞ্চুরি ছুঁয়েছেন ১৪৭ বলে, ৪ রানের জন্য ক্যারিয়ার-সেরা স্কোরটা অবশ্য ছুঁতে পারেননি। তবে ৮ নম্বরে নেমে ভারতের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডটা ঠিকই গড়েছেন। সব মিলিয়েও ৮ নম্বরে নেমে ধোনির ১৪৪-এর চেয়ে বড় স্কোর আছে আর মাত্র তিনটি। তিনটিই পাকিস্তানিদের—ওয়াসিম আকরাম (২৫৭*), ইমতিয়াজ আহমেদ (২০৯) ও কামরান আকমল (১৫৪)।লক্ষ্মণ-ধোনির জুটিটা জমে যাওয়ার পর থেকেই হাল ছেড়ে দেন উইন্ডিজ বোলাররা, বোলিংয়ে না ছিল শৃঙ্খলা, না পরিকল্পনার ছাপ। আজ ওঝা-অশ্বিনের স্পিনে বড় পরীক্ষা অপেক্ষা করছে উইন্ডিজ ব্যাটসম্যানদের। ওয়েবসাইট।