লক্ষ্মণের আজ ‘অভিষেক’ টেস্ট
ক্যারিয়ারে স্মরণীয় ইনিংস কম খেলেননি। মনে রাখার মতো টেস্টও তাই কম নেই। কিন্তু নিজের বা দলের পারফরম্যান্স যা-ই হোক, ‘ভেরি ভেরি স্পেশাল’ লক্ষ্মণের কাছে আজ শুরু নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টটি সব সময়ই হয়ে থাকবে ‘স্পেশাল’। টেস্টের জগতে পা রেখেছেন ১৪ বছর আগে, ক্রিকেট-বিশ্বের নানা প্রান্তে খেলে ফেলেছেন ১১৫টি টেস্ট, কিন্তু নিজের শহরে, নিজের ঘরের মাঠে যে এই প্রথম টেস্ট খেলছেন লক্ষ্মণ!লক্ষ্মণ যখন টেস্ট আঙিনায় পা রাখলেন, হায়দরাবাদ টেস্ট ক্রিকেট নির্বাসিত তার আট বছর আগে। ১৯৮৮ সালের পর টেস্ট ক্রিকেট হয়নি অন্ধ্র প্রদেশের রাজধানী শহরটিতে। লক্ষ্মণের মতো আজ টেস্ট অভিষেক উপ্পলের রাজীব গান্ধী স্টেডিয়ামেরও। হায়দরাবাদে এর আগে যে তিনটি টেস্ট হয়েছে, সব কটিই লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়ামে। ২০০৩ সাল থেকে এই স্টেডিয়াম শুধু ক্রিকেটের নয়, ব্যবহূত হচ্ছে নানা উপলক্ষে। ক্রিকেট চলে এসেছে রাজীব গান্ধী স্টেডিয়ামে। ঘরের মাঠে প্রথম টেস্ট। দীর্ঘ ক্রিকেট-জীবনে অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে আসা লক্ষ্মণকেও তাই ছুঁয়ে যাচ্ছে আবেগ, ‘এক যুগেরও বেশি সময় ধরে ভারতের বিভিন্ন মাঠে অনেকবার খেলার পর অনুভূতিগুলো আপেক্ষিক হয়ে যায়। তার পরও যেখানে জন্মেছি ও বেড়ে উঠেছি, আমার পরিবার, বন্ধু, শুভাকাঙ্ক্ষী, আমার এই আজকের আমি হয়ে ওঠায় যাঁদের অবদান, তাঁদের সামনে টেস্ট খেলব, এই অনুভূতি বিশেষ কিছু।’ ২০০২ ও ২০০৩ সালে নিজ শহরে দুটো ওয়ানডে অবশ্য খেলেছেন, কিন্তু দুধের স্বাদ কি আর ঘোলে মেটে! লক্ষ্মণ ‘ভেরি ভেরি স্পেশাল’ তো টেস্টের কারণেই!লক্ষ্মণের জন্য বিশেষ টেস্ট হলেও এই টেস্টটা বিশেষ কিছু না হয়ে থাকার সম্ভাবনাই বেশি। মোতেরার মতো ধীরগতির উইকেট নয়, বাউন্সও বেশি থাকবে, কিন্তু উইকেট তার পরও পুরোপুরি ব্যাটিং-বান্ধব। এই মাঠে হওয়া তিনটি ওয়ানডেই দেখেছে রান-বন্যা। গত নভেম্বরে হওয়া সর্বশেষ ম্যাচটার কথা ধরুন না, অস্ট্রেলিয়ার ৩৫০ রান তাড়া করতে নেমে ৩৪৭ করেছিল ভারত। শচীন টেন্ডুলকার করেছিলেন ১৭৫।হায়দরাবাদ শহরের সঙ্গে অন্যরকম একটা সম্পর্ক আছে নিউজিল্যান্ডেরও। চাইলে হায়দরাবাদকে ‘হোম ভেন্যু’ দাবি করতে পারে তারাও। ১৯৫৫, ১৯৬৯ ও ১৯৮৮ সালে যে তিনটি টেস্ট এখানে হয়েছে, সবগুলোতেই ভারতের প্রতিপক্ষ ছিল কিউইরা। অভিজ্ঞতা তাই সমান সমান। একটা জায়গায় তো বরং এগিয়েই। ভারতীয় দলের কারও এই শহরে টেস্ট খেলার অভিজ্ঞতা না থাকলেও নিউজিল্যান্ড দলের একজনের কিন্তু ঠিকই আছে। এই মাঠের সর্বশেষ টেস্টটিতে খেলেছেন কিউই কোচ মার্ক গ্রেটব্যাচ। প্রথম ইনিংসে অপরাজিত ৯০ রানের দারুণ একটি ইনিংসও খেলেছিলেন, যদিও আরশাদ আইয়ুব ও নরেন্দ্র হিরওয়ানির ঘূর্ণিতে ১০ উইকেটে হেরেছিল নিউজিল্যান্ড। আগের দুই টেস্ট হয়েছিল ড্র।তবে কিউইরা ভালো করেই জানে, এসবই কাগুজে পরিসংখ্যান। জানেন বলেই সহ-অধিনায়ক রস টেলর লক্ষ্য স্থির করেছেন ‘আগের টেস্টের মতোই লড়াই করা।’ তারা লড়াই করতে পারবে, প্রথম টেস্টের আগে অনেকেই এটাই তো ভাবেনি। আরেকটি ড্র করতে পারলে বাংলাদেশে বিপর্যস্ত দলের জন্য এটাই হবে বড় একটা প্রাপ্তি। ওয়েবসাইট।