লক্ষ্মণের সেঞ্চুরিতে কলম্বো টেস্ট ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিন রণদিভের বিধ্বংসী বোলিংয়ে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়েছিল শ্রীলঙ্কা। আজ ভি ভি এস লক্ষ্মণের অপরাজিত সেঞ্চুরিতে অবিশ্বাস্যভাবেই জয় তুলে নিয়েছে ভারত। কলম্বো টেস্টে ভারতের পাঁচ উইকেটে জয়ের ফলে ১-১-এ ড্রয়ের মাধ্যমে শেষ হলো তিন ম্যাচের টেস্ট সিরিজ। শ্রীলঙ্কার হয়ে এই টেস্টে পাঁচটি উইকেটই শিকার করেন রণদিভ।তিন উইকেটে ৫৩ রান নিয়ে আজ পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করে ভারত। শুরুটা হতাশারই ছিল ভারতীয় দলের। দলীয় স্কোরে মাত্র নয় রান যোগ হতেই আগের দিন তিনটি উইকেট শিকার করা রণদিভের শিকারে পরিণত হন ইশান্ত শর্মা। ভারতীয় সমর্থক শিবিরে যখন আতঙ্কের নাম রণদিভ, তখনই যেন শ্রীলঙ্কার জন্য আতঙ্কজনক ইনিংস শুরু করলেন শচীন টেন্ডুলকার ও লক্ষ্মণ। পঞ্চম উইকেটটি পেতে ১৭১ রান পর্যন্ত অপেক্ষা করতে হয় শ্রীলঙ্কাকে। ৫৪ রানে থাকা টেন্ডুলকারও শিকার রণদিভের। ততক্ষণে জয়ের রসদ পেয়ে গেছে ভারত। টেন্ডুলকারের জায়গায় খেলতে আসা সুরেশ রায়না ঈর্ষা করার মতো সঙ্গ দিয়েছেন লক্ষ্মণকে। এ দুজনকে আর ফেরাতে পারেননি রণদিভ। ভারতকে জয় এনে দিয়েই মাঠ ছাড়েন তাঁরা। রায়না অপরাজিত থাকেন ৪১ রানে। আর লক্ষ্মণ খেলেন ১০৩ রানের হার না মানা ইনিংস। —ক্রিকইনফো