টেস্ট অভিষেকের ১৪ বছর পর আজ ঘরের মাঠে অভিষেক হচ্ছে ভিভিএস লক্ষ্মণের। এর আগে ক্রিকেট-বিশ্বের ৪৮টি মাঠে খেলা হয়েছে ভারতীয় ব্যাটসম্যানের, মাঠের ফিফটি হতে প্রয়োজন আর মাত্র একটি টেস্ট। ৪৯টি মাঠে খেলে আজ তিনি বসছেন শিবনারায়ণ চন্দরপালের পাশে, ছাড়িয়ে গেলেন মার্ক বাউচারকে। ৫০টি মাঠে টেস্ট খেলার কীর্তি আছে মাত্র চারজনের। সবচেয়ে বেশি অনুমিতভাবেই শচীন টেন্ডুলকার, খেলেছেন ৫৭টি মাঠে। আজ রেকর্ডটিকে এগিয়ে নেবেন আরেক ধাপ। এগিয়ে যাবেন রাহুল দ্রাবিড়ও, ৫১টি মাঠে টেস্ট খেলে এত দিন তিনি যৌথভাবে দুইয়ে ছিলেন অনিল কুম্বলে ও মুত্তিয়া মুরালিধরনের সঙ্গে। অবাক হতে পারেন, ওয়ানডেতে কিন্তু টেন্ডুলকারের আগে দ্রাবিড়! যদিও ৯৫ মাঠে খেলা টেন্ডুলকারের চেয়ে একটি মাঠে বেশি খেলেছেন দ্রাবিড়। তবে এই দুজনেরও আগে আছেন একজন—সনাৎ জয়াসুরিয়া। এই শ্রীলঙ্কান খেলেছেন ৯৯টি মাঠে! বিশ্বকাপ দলে থাকলে সেঞ্চুরিটাও হয়ে যেতে পারে ‘মাতারা হারিকেনের’, বিশ্বকাপেই উদ্বোধন হবে শ্রীলঙ্কার নতুন মাঠ হামবানতোতার।