লক্ষ্য আপাতত জিম্বাবুয়ে
ঈদের ছুটিতে কক্সবাজার সমুদ্রসৈকতে বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে চট্টগ্রামে ফিরেছেন তামিম ইকবাল। কাল ঢাকা থেকে আসা জাতীয় দলের অন্যরা মাঠে ঢোকার আগেই তিনি হাজির স্টেডিয়ামে। শ দেড়েক পুলিশের কড়া পাহারা আর নির্মাণসামগ্রীর ধুলোবালি মাড়িয়ে মাঠে ঢুকেই কোচ জেমি সিডন্স পেয়ে গেলেন তামিমকে। তাঁর কাছ থেকেই সংস্কারকাজ চলা বিশ্বকাপ ভেন্যু সম্পর্কে টুকটাক জেনে নিলেন কোচ।মাঠ থেকে হাত উঁচিয়ে কোচকে দেখালেন তামিম, ‘এটা আমাদের নতুন ড্রেসিংরুম, এটা...।’ উইকেট আর আউটফিল্ডও খুঁটিয়ে দেখলেন সবাই। কিন্তু সংস্কারাধীন ড্রেসিংরুমে নয়, কন্ডিশনিং ক্যাম্পে আসা বাংলাদেশ দলের ক্রিকেটারদের ঠাঁই হয়েছে মাঠের এক কোণে প্যান্ডেল করা আপৎকালীন ‘ড্রেসিংরুমে’। এতে নাকি বেশ মজাই পাচ্ছেন তামিমরা, ‘কোনো অসুবিধা হচ্ছে না। কিছু তো করার নেই, বিশ্বকাপের জন্য সবকিছু নতুন করে তৈরি হচ্ছে। বিশ্বের যেকোনো মাঠে কাজ চলার সময় এমনই থাকে। তবে মাঠ-উইকেট সম্পর্কে এখনই মন্তব্য করাটা ভুল হবে। অন্তত মাস দেড়েক পর এসব নিয়ে বলা যাবে।’ জিম্বাবুয়ে সিরিজের জন্য চট্টগ্রামে তিন দিনের কন্ডিশনিং ক্যাম্পের প্রথম দিনে কাল ঘণ্টা তিনেক অনুশীলন চলল। দুটি সেন্টার উইকেট এবং দুটি সাইড উইকেটে হয়েছে ব্যাটিং-বোলিং প্র্যাকটিস। প্র্যাকটিস শেষে সিডন্স বললেন, জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার চেয়ে সিরিজ জয়টাই গুরুত্বপূর্ণ তাঁর কাছে, ‘হোয়াইটওয়াশ নয়, আমরা সিরিজ জিততে চাই। জিম্বাবুয়ে শক্তিশালী দল।’সিরিজ জয় যাতে লক্ষ্যভ্রষ্ট না হয় সেজন্যই পরিবেশের সঙ্গে পরিচিতি বাড়াতে চট্টগ্রামে আসা। জিম্বাবুয়ের সঙ্গে পাঁচ ম্যাচ সিরিজের শেষ দুটি ওয়ানডে আগামী ১০ ও ১২ ডিসেম্বর হবে চট্টগ্রামে। সিডন্স বলেছেন, বিশ্বকাপ নয়, শুধু জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখেই এখানে আসা। প্রথম দিনের অনুশীলনে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সবই হয়েছে। সদ্য ইনজুরি থেকে ফেরা তামিম স্বভাবসুলভ জোরে হাঁকানোর অনুশীলন করলেন অনেকক্ষণ। চট্টগ্রামে অনুশীলন দলের উপকারে আসবে বলেই তাঁর বিশ্বাস, ‘আমরা সব সময় ম্যাচের এক দিন আগে চট্টগ্রাম আসি। এবার হাতে সময় ছিল। তাই আগেভাগে এখানকার উইকেট ও মাঠ কেমন, তা দেখা হবে।’সাকিব আল হাসান ভারতে। এ ছাড়া এশিয়ান গেমস খেলতে অনেকে চীনে থাকায় পুরো দল চট্টগ্রামে আসেনি। প্রথম দিনে মাশরাফি বিন মুর্তজাও না থাকায় ছিলেন মোট ১২ জন ক্রিকেটার। তবে কাল রাতে চট্টগ্রামে পৌঁছে আজ থেকে ক্যাম্পে যোগ দেওয়ার কথা মাশরাফির। তিন দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষে আগামীকাল ঢাকায় ফিরবে দল।