লক্ষ্য একটাই...আউট না হওয়া
‘সাকিব ভাই, সাকিব ভাই, একটা অটোগ্রাফ...।’গম্ভীর সাকিব আল হাসান তাকানই না ড্রেসিংরুমের কাছাকাছি ভিআইপি গ্যালারির কৌণিক অংশটার দিকে। ওখানে দাঁড়িয়েই কিশোর দর্শক আবার চিত্কার হাঁকে—‘ভাই ইন্ডিয়ানরা পাত্তা দেয় না। এখন আপনি দেশি হইয়াও দিলেন না...!’সাকিব এবার না হেসে পারেন না। তবে হাসি পর্যন্তই। অটোগ্রাফ-শিকারির প্রতি বিন্দুমাত্র আগ্রহ না দেখিয়ে ঢুকে পড়লেন ড্রেসিংরুমে।সাকিব জানতেন অটোগ্রাফ দিতে গেলে দিতে হতে পারে কিছু প্রশ্নের উত্তরও। গত ত্রিদেশীয় সিরিজেরই এক ঘটনা। মাঠ থেকে ইনডোরের দিকে যাচ্ছিলেন বাংলাদেশ অধিনায়ক। হঠাত্ই নাম ধরে ডাক, সাকিব সেদিকে তাকাতেই অনুশীলন দেখতে আসা এক দর্শকের পরামর্শ ভেসে এল, ‘ভাই বোলিং লাইনআপটা ঠিক করেন...।’ বাংলাদেশের ক্রিকেটে এখন টেকনিক্যাল বিষয়ে পরামর্শ দেওয়ার লোকের সংখ্যা নেহায়েত কম নয়। সাকিব নিশ্চয়ই সেসব শুনে ত্যক্ত-বিরক্ত। বারবার এসবের সামনে পড়ার চেয়ে ওই খুদে ভক্ত না হয় একটু মনঃকষ্টই পেল!তবে আজ ঢাকা টেস্টের তৃতীয় দিনে, শুধু সাকিব কেন, বাংলাদেশ দলের কোনো ব্যাটসম্যান, কাউকে, কোনোভাবে, কোনো কষ্ট দিতে চায় না। কষ্ট যদি তাঁদের আচরণে আজ কেউ পান, নির্ঘাত ভারতীয়রা। ভারতকে কোনোমতে একবার অলআউট করতে পারলে বাংলাদেশের ব্যাটসম্যানদের ঘণ্টার পর ঘণ্টা ব্যাট করে যাওয়ার পরিকল্পনা। সাকিবের কথা শুনে তো মনে হলো, শেরেবাংলা স্টেডিয়ামের গ্র্যান্ড স্টান্ডের দেয়াল থেকে আজ চাইলে বিশালাকার ঘড়িটা খুলেও রাখা যায়—সাকিব আল হাসান: আমরা চাই ৪-৫ দিন ধরে ব্যাট করতে। টেস্ট শেষ হয়ে যাবে কিন্তু আমাদের ব্যাটিং শেষ হবে না! হা হা হা...। আসলে আর একটা উইকেট ফেলতে পারলেই তো ওদের টেলএন্ড চলে আসবে। কাল (আজ) সকালে লক্ষ্য আমাদের একটাই—ভারতের প্রথম ইনিংসের লেজটা যত তাড়াতাাড়ি সম্ভব মুড়ে দিয়ে ব্যাটিং শুরু করা। আর ব্যাটিংয়ে প্রথম ইনিংসের ভুল করা যাবে না। শট খেলতে হবে, শট না খেললে লম্বা সময় ব্যাটিং করা কঠিন হয়।তামিম ইকবালের চিন্তাভাবনা হয় সাকিবের মতো গোছানো নয়, নতুবা সেটাকে একটু আড়ালে রাখতে চাইলেন তিনি। তবে এই ওপেনারের অনুমান, ভারত আজ আর শ-দেড়েক রানের বেশি করতে পারবে না—তামিম ইকবাল: কাল (আজ) লক্ষ্য জানি না। ওদের আউট করতে হবে এটা জানি। আর হয়তো এক-দেড় শ রান হবে, তারপর দেখবেন অলআউট। এর পর আমাদের খেলা। উইকেট আজ (গতকাল) পর্যন্ত ভালোই ছিল, কাল কী হবে জানি না। তবে ব্যাটিংয়ের জন্য সহজই হবে মনে হয়। ব্যাটিংয়ে আমাদের লক্ষ্য হবে একটাই—আউট না হওয়া। উইকেটে থাকতে হবে।তামিম কি উইকেটকে ভুলই বুঝলেন! কাল যে দিন শেষের সংবাদ সম্মেলনে শচীন টেন্ডুলকার এসে বলে গেলেন অন্য কথা! উইকেটে অসম বাউন্স আছে। এখানে ব্যাটিং করা অত সহজ হবে না আজ!উইকেট ঠিক থাকলে চট্টগ্রাম টেস্টের সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিমের জন্য উইকেটে টিকে থাকার পরীক্ষাটা কঠিন হওয়ার কথা নয়। তবে সে পরীক্ষা পরে, উইকেটের পেছনে দাঁড়িয়ে আজ সকালটা তাঁর শুরু হবে একটাই কামনা নিয়ে, ভারতের শেষ ৫ উইকেটের পতন—মুশফিকুর রহিম: প্রথম লক্ষ্য যত দ্রুত সম্ভব ওদের অলআউট করে দেওয়া। একজনকে আউট করতে পারলেই হয়...বাকিরা তো টেলএন্ডার। মনে হয় না খুব বেশি সময় ওরা ব্যাট করতে পারবে। ওদের দ্রুত অলআউট করে দিতে পারলে আমাদের সুযোগ। ব্যাটিংয়ে নেমে আমাদের প্রথম লক্ষ্য হবে ইনিংস পরাজয় এড়ানো। ইনিংসে হারা যাবে না। সবাইকে লম্বা ইনিংস খেলার চেষ্টা করতে হবে। চট্টগ্রামে বা এখানেও প্রথম ইনিংসে অনেকে ভালো শুরু করে আউট হয়ে গেছে। সেট হয়ে আউট হওয়া যাবে না।সাকিব, তামিম, মুশফিকুরদের মুখে এ রকম প্রতিজ্ঞা শুনে খারাপ লাগল না। তবে ভালো লাগার শেষটা বোধ হয় প্রতিজ্ঞায় নয়, প্রতিজ্ঞা পূরণে।