লক্ষ্য এখন ৪০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াগনারের দারুণ এক বলে বোল্ড হওয়ার আগে মার্শাল খেলেছেন ৪১ রানের ইনিংস ষ প্রথম আলো
ওয়াগনারের দারুণ এক বলে বোল্ড হওয়ার আগে মার্শাল খেলেছেন ৪১ রানের ইনিংস ষ প্রথম আলো

মাঠ ছাড়ার সময় শরীরী ভাষাই বলে দিচ্ছিল কতটা হতাশ তিনি। ড্রেসিংরুমের দিকে হেঁটে যেতে যেতে একবার পেছন ফিরে কী যেন দেখলেন। প্রতিপক্ষের উল্লাস? নাকি স্কোরবোর্ডে নিজের রান?
তামিম ইকবালের হতাশা কাটেনি দিন শেষেও। সংবাদ সম্মেলনে এলেন না। যে কয়েকজন সাংবাদিক ফোনে তাঁকে পেয়েছেন, তাঁদের বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়ে বললেন, ‘আজ কোনো কথা নয়...।’ তামিম সংবাদমাধ্যমে কথা বলেন না সাধারণত ম্যাচের আগের দিন। কাল ৯৫ রান করে আউট, ৫ রানের দুঃখ ভুলতে পারছিলেন না। ওই হতাশার প্রকাশ নাকি ঘটেছে ড্রেসিংরুমেও।
৫ রানের জন্য এই সেঞ্চুরি-বঞ্চনায় তামিমের সাড়ে তিন বছরের অপেক্ষা আরও বাড়ল। ২০১০ সালের মে-জুনে লর্ডস আর ওল্ড ট্রাফোর্ডে পরপর দুই টেস্টে সেঞ্চুরি করে শূন্যে ভেসেছিলেন তামিম। এরপর লম্বা একটা দাঁড়িই পড়ে গেল টেস্ট সেঞ্চুরির খাতায়! মাঝে এ
বছরের মার্চে হাম্বানটোটায় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরি পেলেও টেস্ট সেঞ্চুরি গত সাড়ে তিন বছর ধরেই অধরা। মাত্র ৫ রানের জন্য সে বন্ধ্যাত্ব ঘোচাতে না পারার জ্বালাটা তো বোঝাই যায়।
তামিম সংবাদ সম্মেলনে এলেন না, এলেন মার্শাল আইয়ুব। ব্যক্তিগত প্রাপ্তি-অপ্রাপ্তির চেয়ে দলের হয়েই কথা বললেন বেশি। যার চুম্বক অংশ, বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে একটা উইকেট বেশি হারিয়ে ফেলেছে বাংলাদেশ। ‘আমি মনে করি, আমাদের একটি উইকেট বেশি পড়ে গেছে। যদি সাকিব থাকত, তাহলে আমাদের জন্য ভালো হতো’—বলছিলেন মাত্রই ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা মার্শাল।
চা-বিরতির সময় খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ দল যে ৫টা উইকেট হারিয়েছে, বেশির ভাগই আত্মহত্যার উদাহরণ। মার্শাল নিজেকেও রাখলেন সেই দলে, ‘সেট হয়ে ওভাবে আউট হওয়া অপরাধের মতো।’ তবে ব্যাখ্যা দাঁড় করালেন ব্যাটসম্যানদের বেশি বেশি স্ট্রোক খেলার পক্ষে, ‘ওরা বাজে বল করেছে। ওপরে ওপরে বল ফেলেছে। ব্যাপারটা এ রকম ছিল না যে, আমরা বেশি স্ট্রোক খেলেছি। বাজে বল দিয়েছে, আমরাও শাস্তি দিয়েছি।’
খেলাটা মাঠে থাকলে একরকম, মাঠের বাইরে থেকে বরাবরই অন্য রকম। আউট হয়ে মার্শালেরও উপলব্ধি, ‘উইকেটে থাকলে ভালো হতো। আমি রান করছিলাম। কিন্তু থাকতে পারিনি। বলের লাইন মিস করেছি। এটা আমার ভুল। ওরা অফ স্টাম্পের বাইরে বল করছিল। বুঝিনি যে বলটা এত ভেতরে চলে আসবে।’ একই উপলব্ধি সতীর্থ অন্য ব্যাটসম্যানদের বেলায়ও, ‘মমিনুল বড় ইনিংস খেলতে জানে। তামিমের তো বেশ কয়েকটাই হানড্রেড আছে। ওরা থাকলে দেখা যেত আজই পৌনে তিন শ রান হয়ে গেছে।’ সেটা না হলেও মার্শাল আশাবাদী থাকতে চাইছেন, ‘প্রথম ইনিংসে এখনো ৪০০ রান করার লক্ষ্য আমাদের।’
অভিষেক টেস্টের দুই ইনিংসে ২৫ আর ৩১। কাল ৪১। বড় ইনিংসের ইঙ্গিত দিয়েও মার্শাল এগোতে পারছেন না। কারণটা তাঁর নিজের কাছেও অস্পষ্ট, ‘মনোযোগ ধরে রাখতে পারছি না বলেই হয়তো সেট হয়েও আউট হয়ে যাচ্ছি।’
টেস্টের এখনো চার দিন বাকি। মার্শালের অনুমান সত্যি হলে তৃতীয়-চতুর্থ দিনে উইকেটে টার্ন পেতে পারেন স্পিনাররা। সিরিজ জয়ের টেস্ট তাহলে উঁকি দিতে পারে বড় এক সম্ভাবনা নিয়ে। বাকিটা আবহাওয়ার ওপর ছেড়ে দেওয়াই ভালো। আর সবকিছুর মতো বৃষ্টিও হতে পারে এই টেস্টের ভাগ্যনির্ধারক। সে তো কালই বেশ বোঝা গেছে।