লক্ষ্য এখন ৫-০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়ারল্যান্ড সিরিজ শেষ করে বাংলাদেশ দল এখন হল্যান্ডের হেগ শহরে। এখানকার ভুরবার্গ ক্রিকেট ক্লাব মাঠে আজ স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ। কালকের প্রতিপক্ষ স্বাগতিক হল্যান্ড। এরপরই দেশে ফেরা।হোক মাত্র দুই দেশে যাওয়া, সফরটা পরিচিতি পাচ্ছে ‘ইউরোপ সফর’ হিসেবে। আইরিশদের হোয়াইটওয়াশ করার পর ইউরোপ সফরের চাওয়া এখন ৫-০। কোচ রিচার্ড পাইবাস খেলোয়াড়দের বার্তা দিয়েছেন, ইউরোপ থেকে দেশে ফিরতে হবে টানা পাঁচ জয়ের সাফল্য নিয়ে। ‘কোচের একটাই চাওয়া, স্কটল্যান্ড ও হল্যান্ডের বিপক্ষে বাকি দুই ম্যাচও জিততে হবে। ৩-০-কে ৫-০ বানিয়ে দেশে ফিরতে হবে’—টেলিফোনে জানিয়েছেন টিম ম্যানেজার তানজীব আহসান। অদ্ভুত র‌্যাঙ্কিং-পদ্ধতিতে আয়ারল্যান্ডে অর্জিত ৪ নম্বর স্থানটা ধরে রাখতে বাকি দুই ম্যাচেও জিততে হবে। দুটি ম্যাচে জিতলেও চারেই থাকবে বাংলাদেশ। তবে এক বা দুই ম্যাচে হারলে চলে যাবে ৯-এ।বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পর প্রথম আন্তর্জাতিক সিরিজেই হোয়াইটওয়াশের আনন্দ। পাইবাসের প্রত্যাশার পারদও ছুটছে ওপরের দিকে। তাঁর চোখে এখন ৫-০-এর স্বপ্ন। দলের সঙ্গে থাকা প্রধান নির্বাচক আকরাম খান জানালেন, পুরো দলই এখন এটা চায়, ‘অনেক দিন পর এমন একটা দলের সঙ্গে বাইরে এলাম, যাদের দেখে মনে হচ্ছে তাদের একটা গোল আছে। এ মুহূর্তে সবার একটাই টার্গেট, সব ম্যাচ জিততে হবে।’আয়ারল্যান্ডের প্রতিকূল কন্ডিশনেও বাংলাদেশ দল যে পারফরম্যান্স দেখিয়েছে, আকরামকে আত্মবিশ্বাসী করছে সেটাই, ‘ছেলেরা অনেক সিরিয়াস। শেষ ম্যাচটা হয়তো আমরা আরও ভালোভাবে জিততে পারতাম, তবে ও রকম উইকেট আর ঠান্ডার মধ্যে ওরা যা খেলেছে এককথায় অসাধারণ।’আয়ারল্যান্ডের তুলনায় হল্যান্ডের আবহাওয়া অনেক সহনীয় মনে করছেন তানজীব আহসান, ‘খুব ঠান্ডা নেই, রোদ আছে। বাংলাদেশে নভেম্বর মাসে যে রকম আবহাওয়া থাকে অনেকটা সে রকম।’ বেলফাস্টের তুলনায় ক্রিকেটটা তাই এখানে অনেক সহজে খেলা যাবে বলে আশা। তবে আইরিশ ক্রিকেটারদের সম্পর্কে বাংলাদেশ দলের যতটা ধারণা ছিল, ততটা হল্যান্ড বা স্কটল্যান্ড সম্পর্কে নেই। দুই দলের কারও বিপক্ষেই এর আগে টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি বাংলাদেশ। তবে ওয়ানডের অভিজ্ঞতা আছে। স্কটল্যান্ডের বিপক্ষে তিনটি ম্যাচই জিতেছে বাংলাদেশ। দুই ম্যাচ খেলে ডাচদের বিপক্ষে জয়-পরাজয় একটি করে।পরশু বেলফাস্ট থেকে লন্ডন হয়ে হেগে যেতে বিপত্তি বেধেছে একটাই—অধিনায়ক মুশফিকুর রহিমের লাগেজ পৌঁছায়নি ফ্লাইটের সঙ্গে। পরে সেটা পাওয়া গেছে। এর বাইরে সাকিব আল হাসানের আঙুলের সামান্য চোট ছাড়া আপাতত আর কোনো সমস্যা খুঁজে পাচ্ছেন না ম্যানেজার, ‘আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ফিল্ডিংয়ের সময় ডান হাতের কেনো আঙুলে সামান্য ব্যথা পেয়েছিল সাকিব। এটা বড় কোনো সমস্যা না। পরের ম্যাচটা তো খেলল ওই চোট নিয়েই।’আসলে প্রথমবারের মতো হল্যান্ডে গিয়ে কাল পর্যন্ত সবই উপভোগ্য ছিল দলের কাছে। সহনীয় আবহাওয়ায় সকালে অনুশীলন হয়েছে ফুর্তির মেজাজে। প্রথমে অনুশীলন হওয়ার কথা ছিল শহর থেকে ঘণ্টা খানেক দূরের কোনো এক মাঠে। পরে যে মাঠে আজ ও কাল খেলা, সে মাঠেই অনুশীলনের ব্যবস্থা হয়েছে। প্রথম দর্শনে মাঠটাকে ভালোও লেগেছে সবার। ‘আউটফিল্ড ভালো। উইকেটও ব্যাটিং-সহায়ক হবে বলে মনে হচ্ছে’—বলছিলেন আকরাম।এত ভালোর মধ্যে হেগে একটা নির্জনতাও পেয়ে বসতে পারে মুশফিকুর রহিমের দলকে। গোটা হল্যান্ড মিলিয়েই নাকি বাংলাদেশি হাজার খানেক। হল্যান্ডের বাংলাদেশি দূতাবাস তাদের প্রতি মাঠে আসার আহ্বান জানালেও আশাবাদী হচ্ছেন না খোদ ম্যানেজারই, ‘ম্যাচগুলো ছুটির দিনে নয়। কাজ, পড়াশোনা ফেলে কে আসবে মাঠে!’হেগ একটা নির্জন শহর। তার ওপর গ্যালারিতেও যদি থাকে শূন্যতা...! না, ৫-০-এর লক্ষ্য পূরণে এসব সমস্যা নয়। আত্মবিশ্বাসের ইঞ্জিনে জ্বালানি যা ভরার, তা তো বেলফাস্টেই ভরে নেওয়া হয়েছে।