লক্ষ্য এবার এক নম্বর!
ফুটবল মাঠে দৃশ্যটা প্রায় নিয়মিত। কিন্তু সবাই মিলে কোচকে শূন্যে ভাসানো, কাঁধে তুলে নেওয়া ক্রিকেটে বিরল। মহসিন খানকে তাই দারুণ ভাগ্যবানই বলতে হবে। আবুধাবি টেস্ট জিতে পাকিস্তানের সিরিজ জয়ের পর শিষ্যদের এমন প্রাণখোলা ভালোবাসাই পেয়েছেন পাকিস্তানের ভারপ্রাপ্ত কোচ। আপ্লুত মহসিন এখন স্বপ্ন দেখছেন টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার। আর অধিনায়ক মিসবাহ-উল-হকের আশা, ক্রিকেট বিশ্বের কাছ থেকে প্রাপ্য শ্রদ্ধা এখন পাবে পাকিস্তান।পরশু আবুধাবিতে জয়ের পর ক্রিকেটাদের কাছ থেকে এমন অভিনন্দিত হয়ে অভিভূত মহসিন, ‘আমার দল নিয়ে আমি গর্বিত। যে মুহূর্তে আমরা জিতলাম এবং সবাই আমাকে ওপরে তুলে নিল, সবার উচ্ছ্বাসটা ছিল দেখার মতো। এই টিম স্পিরিট ও ঐক্যের জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। ছেলেদের কাছ থেকে এটা ছিল আমার জন্য সেরা উপহার। আমরা কথার চেয়ে কাজ বেশি করি, আশা করি দল এভাবে এগিয়ে যেতেই থাকবে।’ এই এগিয়ে যাওয়ার ধারায় পাকিস্তানকে একদিন শীর্ষে দেখতে চান মহসিন। এ জন্য করণীয়টাও বাতলে দিয়েছেন শিষ্যদের, ‘আমার ধারণা, বিশ্বসেরা হওয়ার সামর্থ্য আছে এই দলের। আমাদের লক্ষ্য হওয়া উচিত প্রথমে টেস্ট ও ওয়ানডেতে শীর্ষ তিনে ঢোকা, এরপর ধাপে ধাপে এক নম্বর হওয়া। স্রষ্টা চাইলে ধাপে ধাপে আমরা এগোব এবং শীর্ষস্থান ছোঁব। তবে এ জন্য আমাদের ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় ভালো করতে হবে। এখনো তাই অনেক কিছু প্রমাণের বাকি।’দলের এই এগিয়ে যাওয়ায় মহসিন সরাসরি অংশ হতে পারবেন কি না, এ নিয়ে অবশ্য সংশয় আছে। এই সিরিজ শেষেই হয়তো প্রধান নির্বাচকের দায়িত্বে ফিরে যেতে হবে সাবেক ওপেনারকে, কোচের দায়িত্ব নেবেন ডেভ হোয়াটমোর। তবে আপৎকালীন দায়িত্ব নিয়ে দলকে টানা তিনটি টেস্ট সিরিজ জেতানো কোচকে রেখে দিলেও অবাক হওয়ার কিছু থাকবে না। প্রস্তাব পেলে চালিয়ে যেতে রাজি মহসিনও, ‘মহসিন খান আজকের মহসিন খান হতে পেরেছে পাকিস্তান ও পাকিস্তান ক্রিকেটের জন্য। দেশের সেবায় আমি সব সময়ই প্রস্তুত।’পাকিস্তান ক্রিকেটের জন্য বেমানানরকম এই ধারাবাহিকতার পেছনে কোচ বড় কৃতিত্ব দিলেন অধিনায়ককে, ‘মিসবাহ দারুণ এক অধিনায়ক, ওর সঙ্গে আমার দারুণ সম্পর্ক। ও আমাকে কোচ ও সিনিয়র হিসেবে শ্রদ্ধা করে, আমিও ওকে অধিনায়ক হিসেবে শ্রদ্ধা করি। ব্যাপারটা পারস্পরিক শ্রদ্ধার। আমরা দুজনে গেমপ্ল্যান করি। আমার অভিজ্ঞতার জন্য ও আমাকে শ্রদ্ধা করে, আমার দায়িত্ব ওকে সমর্থন করা।’ স্পট ফিক্সিং কাণ্ডের পর টেস্ট দলের নেতৃত্ব পান মিসবাহ। তাঁর নেতৃত্বে ১৪ টেস্টের মাত্র একটিতে হেরেছে পাকিস্তান, জিতেছে আটটিতে। এখনো কোনো সিরিজ হারেনি, জিতেছে সাত সিরিজের পাঁচটিতে।মিসবাহর আশা, এমন পারফরম্যান্সের পর পাকিস্তান ক্রিকেট নিয়ে নেতিবাচক কথাবার্তা বন্ধ হবে, ‘আমার মনে হয় গোটা ক্রিকেট বিশ্বের এখন মেনে নেওয়া উচিত যে পাকিস্তানের ক্রিকেট উঠে আসছে। দারুণ পারফর্ম করছে আমাদের ক্রিকেটাররা। নেতিবাচক ঘটনা যেসব হয়েছে, সেটা সব জায়গাতেই হতে পারে। এসব ভুলে যাওয়াই উচিত। আমরা তা পেছনে ফেলেছি। দলের এখন যা আত্মবিশ্বাস, আমরা আরও অনেক ভালো করতে পারি।’ ওয়েবসাইট।