লক্ষ্য যখন বড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু প্রায় অসম্ভব এক লক্ষ্যের দিকেই ছুটছিল শ্রীলঙ্কা। বিশ্বকাপে ২৭৮ কিংবা এর চেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড আছে মাত্র চারটি। অবশ্য সেই সাহস শ্রীলঙ্কা দেখাতেই পারে। বিশ্বকাপে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ডটি কিন্তু তাদেরই। ১৯৯২ বিশ্বকাপে দুই অ্যান্ডি—ফ্লাওয়ার আর ওয়ালারের ব্যাটে ৩১২ রান করেছিল জিম্বাবুয়ে। চার বল বাকি থাকতে ৩ উইকেটে ম্যাচটি জিতেছিল শ্রীলঙ্কা। বিশ্বকাপে তিন শর বেশি রান তাড়া করে জেতার উদাহরণ আছে আর একটিই। গত বিশ্বকাপে কেভিন পিটারসেনের সেঞ্চুরিতে ১ বল বাকি থাকতে ৩০১ রানের লক্ষ্য ছুঁয়েছিল ইংল্যান্ড। বিশ্বকাপে পরে ব্যাট করে রান তাড়া করায় দেখা যাচ্ছে ইংলিশরা বেশ দক্ষ। এবার বিশ্বকাপের প্রথম ম্যাচেও হল্যান্ডের ২৯২ তারা টপকে গেছে ৬ উইকেট হাতে রেখে। কাল এ রেকর্ড কর্নারটি যখন লেখা হচ্ছিল, ইংল্যান্ড তাড়া করছিল ৩৩৯ রানের এক লক্ষ্য।