চার বছর আগে ইন্দোনেশিয়ায় যুব অলিম্পিকে সোনা জিতেছিলেন ইমদাদুল হক (মিলন)। সেই সুখস্মৃতি নিয়ে আবারও ইন্দোনেশিয়ায় যাচ্ছেন এই তিরন্দাজ। ২২ সেপ্টেম্বর-১ অক্টোবর পালেমবাংয়ে তৃতীয় ইসলামিক সলিডারিটি গেমস। এতে তিরন্দাজি ছাড়াও তায়কোয়ান্দো ও ভারোত্তোলনে অংশ নিচ্ছে বাংলাদেশ। প্রথমবারের মতো এই গেমসে অন্তর্ভুক্ত হয়েছে মেয়েদের খেলা। পুরুষ-নারী মিলিয়ে ১৬ সদস্যের বাংলাদেশ দল ঢাকা ছাড়বে আজ।
ইসলামিক সলিডারিটি গেমসের জন্য বাংলাদেশের খেলোয়াড়েরা অনুশীলন করেছেন গত ২০ আগস্ট থেকে। প্রথমে জিমন্যাস্টিকস দলকেও পাঠাতে চেয়েছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। কিন্তু গেমসের তারিখ বদলে যাওয়ায় জিমন্যাস্টিকস ফেডারেশন অংশ নিতে অনাগ্রহ দেখায়।
সামান্য প্রস্তুতি নিয়ে বড়মাপের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়াটা বাংলাদেশের জন্য একরকম অভ্যাসে পরিণত হয়েছে। ভারোত্তোলক মোল্লা সাবিরা সুলতানার কাছে এই স্বল্প অনুশীলন কাঙ্ক্ষিত নয়, ‘অনুশীলনের কোনো বিকল্প নেই। আরও বেশি দিন অনুশীলন করলে খুব ভালো হতো।’ পদক জয়ের ব্যাপারে তাই আশাবাদী হতে পারছেন না কয়েকটি আন্তর্জাতিক প্রতিযোগিতার পদকজয়ী ভারোত্তোলক। গত লন্ডন অলিম্পিকই ইমদাদুলের সর্বশেষ আন্তর্জাতিক প্রতিযোগিতা। সর্বশেষ পদক (ব্রোঞ্জ) জেতেন তিনি দুই বছর আগে ঢাকায় এশিয়ান গ্রাঁ প্রিঁ থেকে। পালেমবাং থেকে পদক জিতে আসবেন, এই নিশ্চয়তা ইমদাদুলও দিতে পারেননি, ‘পদক জিততে পারব কি না জানি না। তবে ইন্দোনেশিয়ায় যুব গেমসে সোনা জিতেছিলাম। আশা করি, সেখানে ভালো কিছু করতে পারব।’
ইসলামিক সলিডারিটি গেমসে যাওয়ার আগে কাল বিওএ ভবনে বাংলাদেশ দলকে সাংবাদিকদের মুখোমুখি করে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজাসহ অন্যরা।
বাংলাদেশ দল: ইমদাদুল হক, রামকৃষ্ণ সাহা, সাদেকুল ইসলাম (আর্চারি), শ্রাবণী বিশ্বাস, শাহনাজ খাতুন (তায়কোয়ান্দো), মোল্লা সাবিরা সুলতানা, শাহরিয়া সুলতানা, ফাহিমা আক্তার, মোস্তাইন বিল্লাহ (ভারোত্তোলন)।