টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামার আগে মুশফিকুর-সাকিবরা আজ শনিবার নিজেদের ঝালিয়ে নিচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে। কলম্বোর কোল্টস মাঠে অনুষ্ঠানরত এই ম্যাচে টস ভাগ্য কথা বলেছে বাংলাদেশের পক্ষেই। নির্ধারিত ২০ ওভারে জিম্বাবুয়ে সংগ্রহ করেছে ৬ উইকেটে ১৩৪ রান। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৪০ রান এসেছে সিবান্দার ব্যাট থেকে। এছাড়া ব্রেন্ডন টেইলর ২১ ও ওয়েলার ১৮ রান করেন। শেষের দিকে এরভিনের ঝড়োগতির ১৯ রান ঢিমেতালে ব্যাট করা জিম্বাবুয়ের সংগ্রহকে নিয়ে যায় মোটামুটি সম্মানজনক পর্যায়ে। ব্যাট করতে নেমে বাংলাদেশের জবাবটা মন্দ হচ্ছেনা। দলীয় ১১ রানে তামিম ইকবালের (৫) উইকেট হারালেও আশরাফুল ও সাকিবের কল্যাণে লক্ষ্যের দিকে ভালোভাবেই এগিয়ে চলেছে টাইগাররা। এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল সাত ওভারে ৬৩ রান। আশরাফুল ২২ ও সাকিব ২৩ রানে অপরাজিত ছিলেন।বাংলাদেশের পক্ষে দুই পেসার মাশরাফি বিন মুর্তজা ও শফিউল ইসলাম ছিলেন খরচে। তবে স্পিনাররা প্রথম থেকেই জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের চাপে ফেলে দেন। আবদুর রাজ্জাক, সাকিব আল হাসান, ইলিয়াস সানি ও মাহমুদউল্লাহ প্রত্যেকেই সু-নিয়ন্ত্রিত বোলিংয়ে জিম্বাবুয়ের স্কোরকে বাড়ন্ত হতে দেননি। তবে ইনিংসের শেষ ওভারে রাজ্জাকের বলে এরভিন দুটি ছয়ের মারে জিম্বাবুয়ের সংগ্রহকে ১৩০-এর ওপরে নিয়ে যান।রাজ্জাক ৪ ওভার বল করে ২১ রান দিয়ে ২ উইকেট নেন। বল হাতে সাকিব ছিলেন সকলের সেরা। তিনি ৪ ওভারে ১৬ রান দিলেও একটির বেশি উইকেট পাননি। ইলিয়াস সানি ৪ ওভারে ৩৭ রানে ১ উইকেট এবং মাহমুদউল্লাহ ৩ ওভার বল করে ২০ রানে একটি উইকেট দখল করেন।পেসার শফিউলকে বল হাতে ব্যর্থই বলা চলে। নিজের একমাত্র ওভারে ১০ রান দিলে শফিউলের হাতে আর বল তুলে দেওয়ার সাহস হয়নি অধিনায়ক মুশফিকুর রহিমের। মাশরাফির ৪ ওভারে ২৮ রান দিয়ে তুলে নেন একটি উইকেট।