জয় দিয়েই অধিনায়কত্বের বছর পূর্ণ করলেন মাইকেল ক্লার্ক। ডমিনিকায় তৃতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৭৫ রানে হারিয়ে সিরিজটাও জেতা হলো ২-০ ব্যবধানে। উন্নতি হয়েছে র্যাঙ্কিংয়েও। আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে অস্ট্রেলিয়ানরা এখন ৩ নম্বরে। তার পরও কাজ শেষ হয়ে গেছে এমনটা ভাবছেন না ক্লার্ক। র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানটিকে পাখির চোখ করে বলেছেন, কাজ এখনো ঢের বাকি। তবে অস্ট্রেলিয়া যাচ্ছে লক্ষ্যের দিকেই। রিকি পন্টিংয়ের কাছ থেকে ক্লার্ক দায়িত্ব নেওয়ার পর ১৪ টেস্টের নয়টিতেই জিতেছে অস্ট্রেলিয়া। বাকি পাঁচ ম্যাচের তিনটিতে ড্র ও দুটিতে হেরেছে ক্লার্কের দল।সিরিজ জয়ের পর একটু মজাও করলেন ক্লার্ক, ‘আরও কিছু চুল পেকেছে, তবে আমি সত্যিই এটা উপভোগ করছি।’ এরপরই খোলাসা করলেন আসল উদ্দেশ্য, হারানো রাজত্বটা আবারও ফিরে পাওয়ার সুতীব্র আকাঙ্ক্ষা, ‘আমি এখনো ভাবছি এক নম্বর স্থান থেকে আমরা অনেক দূরে আছি। এক নম্বর দল হতে হলে আমাদের আরও অনেক উন্নতি করতে হবে। এটা শুধু একটি সিরিজ বা একটি গ্রীষ্মের ব্যাপার নয়। ব্যাপারটা একটি নির্দিষ্ট সময়ে ধারাবাহিক ভালো খেলে যাওয়া।’ঠিক আগের সিরিজেই দেশের মাটিতে ভারতকে ৪-০-তে ‘ধবলধোলাই’ করেছে অস্ট্রেলিয়া। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতলেও কঠিন পরীক্ষা দিতে হয়েছে। স্বাগতিকদের বেশির ভাগ খেলোয়াড় অনভিজ্ঞ হলেও ক্যারিবীয়ার অপরিচিত কন্ডিশন অস্ট্রেলিয়ার জন্য ছিল চ্যালেঞ্জ। তাতে একঝাঁক নতুন খেলোয়াড় নিয়ে ভালোই করেছে অস্ট্রেলিয়া।এবার ক্লার্ক, পন্টিং ও মাইক হাসি ছাড়া আর কোনো বড় নাম ছিল না অস্ট্রেলিয়া দলে। অসাধারণ ব্যক্তিগত নৈপুণ্যও দেখাতে পারেননি কেউ। তবে সিরিজের কোনো না কোনো পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেনি এমন কাউকে খুঁজে বের করাটাই মুশকিল ক্লার্কের জন্য, ‘ব্যক্তিগতভাবে হয়তো তারা সেভাবে ভালো খেলতে পারেনি। তবে দল হিসেবে আমরা ফল পেয়েছি। এটাই বড় দল হয়ে ওঠার ভালো লক্ষণ।’অন্যদিকে সিরিজ হারলেও বেশ প্রশংসা কুড়িয়েছে ড্যারেন স্যামির দল। মানসম্পন্ন বোলিং আক্রমণ ও দলীয় চেতনায় সমৃদ্ধ দলটিকে ভুগিয়েছে টপ-অর্ডারের যাচ্ছেতাই ব্যাটিং। এক শিবনারায়ণ চন্দরপল ছাড়া দাঁড়াতে পারেননি কেউই। অধিনায়কের কণ্ঠেও ওটারই প্রতিধ্বনি, ‘প্রথম ছয় ব্যাটসম্যানের কাছ থেকেই আমাদের বেশির ভাগ রান আসা উচিত ছিল।’ চন্দরপলের প্রশংসার পাশাপাশি স্যামির মুখে ছিল আক্ষেপও, ‘শিব আবারও দারুণ ব্যাটিং করেছে। তবে অন্যরা ধারাবাহিকভাবে খেলতে পারল কই! অবশ্য বেশির ভাগই আন্তর্জাতিক ক্রিকেটে শিখছে। একটু অভিজ্ঞ হলেই ব্যাপারটা অন্য রকম হবে।’তবে ইংল্যান্ড সফরে যাওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজের জন্য আশার আলো হয়ে এসেছে বৈচিত্র্যময় বোলিং আক্রমণ। রোচ, এডওয়ার্ডসদের পেস বোলিং তো আছেই, স্পিনার শেন শিলিংফোর্ডকে নতুন করে পাওয়াটাই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় অর্জন। এএফপি, রয়টার্স।