
খেলা শেষ, মাথা নিচু করে মাঠ ছাড়লেন দ্রাগান দুকানোভিচ। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে এলেন না শেখ রাসেলের মন্টেনেগ্রিয়ান কোচ। আসেননি কোনো খেলোয়াড়ও। বিজেএমসির কাছে ২-১ গোলের হারটা যে দলটির কাছে ছিল দুঃসহ৷
দলটি সম্প্রতি কলম্বো থেকে এএফসি প্রেসিডেন্টস কাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে। গত মৌসুমের ট্রেবলজয়ীদের জন্য বড় এক প্রেরণা হওয়ার কথা এই সাফল্য৷ কিন্তু কোথায় কলম্বোর পারফরম্যান্স! লিগের পুরোনো শেখ রাসেলই খেলল মাঠে। আর টানা তিন হারের পর আবারও জয়ের দেখা পেল বিজেএমসি। লিগে এখন সবচেয়ে অননুমেয় দল হয়ে উঠেছে তারা । তুলনামূলক দুর্বল দলের সঙ্গে হারলেও নিয়মিত বড় দলগুলোকে শিকার বানাচ্ছে বিজেএমসি। তিন ম্যাচ আগে এভাবেই হারিয়েছিল মোহামেডানকে।
খেলোয়াড়দের বেতন বন্ধ, ক্লাবের অব্যবস্থাপনা—সব মিলিয়ে মাঠের খেলায় বড় প্রভাব পড়ছে বিজেএমসির। কিন্তু হঠাৎ করেই গত তিন দিন খেলোয়াড়েরা অনুশীলনে! কাল মাঠেও যোগ্য দল হিসেবেই তারা জিতল। টানা হারের লজ্জা নাকি খেলোয়াড়দের কুরে কুরে খাচ্ছিল! জয়ের অন্যতম নায়ক ইসমাইল বাঙ্গুরা ম্যাচের পর বললেন, ‘নিজেদের জন্যই জয়টা খুব প্রয়োজন ছিল। টানা হারতে মোটেও ভালো লাগে না। ব্যাপারটা আমাদের মর্যাদার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সবাই শতভাগ উজাড় করেই আজ খেলেছি।’ বিজেএমসির খেলোয়াড়দের ম্যাচ জেতার সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই । দুই বিদেশি খেলোয়াড় ইসমাইল বাঙ্গুরা ও স্যামসান ইলিয়াসু অনেক দিন পর ফিরলেন স্বরূপে।
কাল ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বিজেএমসি। প্রথম দুই মিনিটেই বাঙ্গুরা ও ফেলিক্সের দুটি আক্রমণ ঠেকিয়ে দেন শেখ রাসেল গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য। যদিও ২৩ মিনিটে রবিনের গোলে এগিয়ে গিয়েছিল শেখ রাসেলই। গোল শোধে মরিয়া বিজেএমসি ৪০ মিনিটে সমতায় ফেরে বাঙ্গুরার গোলে। ৫৮ মিনিটে জয় নিশ্চিত করা গোলটি স্যামসানের (২-১)। এই জয়ে ১৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ছয়ে উঠে এল বিজেএমসি। আর ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সাতে রাসেল।
হারের পর মুঠোফোনে অধিনায়ক বিপ্লব বললেন, ‘আমরা আগেই লিগ শিরোপার দৌড় থেকে ছিটকে পড়েছি। কিন্তু এই ম্যাচে অন্তত জেতা উচিত ছিল। তিন-চারজন খেলোয়াড় চোট নিয়ে খেলেছে বলেই হেরে গেলাম৷’