লঙ্কা প্রিমিয়ার লিগের ড্রাফটে ৯ বাংলাদেশি

লঙ্কা প্রিমিয়ার লিগের ড্রাফটে আছে মাহমুদউল্লাহর নামছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) পরবর্তী আসরের ড্রাফটে নাম লিখিয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহসহ বাংলাদেশের ৯ ক্রিকেটার। এ মৌসুমের জন্য গত ২৪ সেপ্টেম্বর শুরু হওয়া নিবন্ধন শেষ হয়েছে ৭ অক্টোবর। শ্রীলঙ্কা ক্রিকেট এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদেশি ক্রিকেটারদের নামের তালিকা প্রকাশ করেছে।

সব মিলিয়ে ৬৯৯ জন ক্রিকেটার এ লিগে খেলার জন্য নিবন্ধন করেছিলেন। তাঁদের মধ্যে ২২৫ জনের নাম সুপারিশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। ২৯ অক্টোবর হবে এবারের ড্রাফট। এবার লিগ শুরু হবে ৫ ডিসেম্বর, চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।

আছেন আফিফ হোসেনও
ছবি : প্রথম আলো

শুরুতে ৩০ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত হওয়ার কথা ছিল এ লিগ। তবে কাশ্মীর প্রিমিয়ার লিগ চালু হওয়ার ঘোষণা, দ্য হানড্রেড, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) ও বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য আন্তর্জাতিক সূচির কারণে পিছিয়ে দেওয়া হয় এটি। এরপর নতুন সূচি ঘোষণা করা হয়।

ড্রাফটে মাহমুদউল্লাহ ছাড়াও বাংলাদেশ থেকে আছেন সোহাগ গাজী, শফিউল ইসলাম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, ইমরুল কায়েস ও ইবাদত হোসেন। গত আসরের ড্রাফটে ছিলেন ছয়জন—সাকিব আল হাসান, তামিম ইকবাল, মিরাজ, তাসকিন, লিটন দাস ও সৌম্য সরকার।

বড় তারকাদের মধ্যে এলপিএলের এবারের ড্রাফটে নাম লিখিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, ইংল্যান্ডের ডেভিড মালান, আদিল রশীদ, স্টিভেন ফিন, পাকিস্তানের শহীদ আফ্রিদি, ফখর জামান, দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসি, জিম্বাবুয়ের সিকান্দার রাজা। এ ছাড়া ভারতের ইরফান পাঠান ও ইউসুফ পাঠানের নামও আছে। ড্রাফট থেকে একটি দল সর্বোচ্চ ছয়জন বিদেশি ক্রিকেটার নিতে পারবে। তবে এক ম্যাচে খেলানো যাবে সর্বোচ্চ চারজন।

সর্বশেষ আসরে লঙ্কা প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিল জফনা স্ট্যালিয়নস
ছবি: জফনা স্ট্যালিয়নস

সর্বশেষ আসরে গল গ্ল্যাডিয়েটরসকে হারিয়ে পাঁচ দলের এ লিগের শিরোপা জিতেছিল জফনা স্ট্যালিয়নস। তবে আর্থিক কারণে এবারের আসরে থাকবে না কলম্বো কিংস, ডাম্বুলা ভাইকিংস ও জফনা স্ট্যালিয়নস। ডাম্বুলা ফ্র্যাঞ্চাইজির মালিকানা বদলের পর নতুন নাম হয়েছে ডাম্বুলা জায়ান্টস, জফনা খেলবে জফনা কিংস নামে। কলম্বো ফ্র্যাঞ্চাইজির নতুন মালিকানা ঘোষণা করা হয়নি এখনো।