লঙ্কা সফরে পুরো শক্তির ভারত
২০১১ বিশ্বকাপকে ব্যতিক্রম ধরলে একটা বিষয় স্পষ্ট, আইপিএল-যুগে দ্বিপাক্ষিক কোনো সিরিজ বা ত্রিদেশীয় টুর্নামেন্টে পূর্ণ শক্তির দল মাঠে নামাতে পারেনি ভারত! চোটের ব্যাপারটি তো ছিলই, টানা ক্রিকেটের ধকল সামলাতে বিশ্রামনীতি চালু করেছিল ভারত। কাউকে বিশ্রাম দেওয়া হয়েছে, কেউ বা নিজেই বিশ্রাম চেয়ে নিয়েছেন। সাম্প্রতিক অতীতের এই ধারায় এবার ছেদ পড়ল। এ মাসেই পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও একটি টি-টোয়েন্টি খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ভারত। আর এই সিরিজের জন্য প্রায় পূর্ণ শক্তির দলই পাঠাবে ভারত। ওয়েবসাইট।২১ জুলাই হাম্বানটোটায় প্রথম ওয়ানডে দিয়ে শুরু হতে যাওয়া সিরিজের জন্য কাল ঘোষিত ভারতীয় দলে শচীন টেন্ডুলকার অবশ্য নেই। এই মাস্টার ব্যাটসম্যানের কথা আলাদা। ৩৯ বছর বয়সী টেন্ডুলকার অনেক দিন ধরেই ওয়ানডে খেলছেন বেছে বেছে। টেন্ডুলকার বাদে বাকি সব তারকা খেলোয়াড়ই দলে জায়গা পাওয়ার জন্য প্রস্তুত ছিলেন। এই ধারাবাহিকতায় দলে ফিরেছেন ওপেনার বীরেন্দর শেবাগ ও দলের পেস বোলিংয়ের নেতা জহির খান। ভারত সর্বশেষ ওয়ানডে খেলেছে গত মার্চে এশিয়া কাপে। বাংলাদেশের ওই টুর্নামেন্টে দলে ছিলেন না শেবাগ-জহির। শুধু এই দুজনই নয়, প্রজ্ঞান ওঝা, উমেশ যাদব এবং অজিঙ্কা রাহানেও ফিরেছেন শ্রীলঙ্কার সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে। এঁদের জায়গা দিতে এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন দুই পাঠান ভাই—ইউসুফ ও ইরফান, রবীন্দ্র জাদেজা এবং পেসার প্রাভিন কুমার। তিন পেসারের সঙ্গে দলে বিশেষজ্ঞ স্পিনার দুজন—রাহুল শর্মা ও রবিচন্দ্রন অশ্বিন। সম্প্রতি ইংলিশ কাউন্টি দল এসেক্সের সঙ্গে চুক্তি করা হরভজন সিং থেকে গেছেন দলের বাইরেই। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের সফরের পর থেকেই ওয়ানডে দলের বাইরে ‘ভাজ্জি’। ভারতীয় দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বিরাট কোহলি (সহ-অধিনায়ক), গৌতম গম্ভীর, রোহিত শর্মা, সুরেশ রায়না, মনোজ তিওয়ারি, রবিচন্দ্রন অশ্বিন, বিনয় কুমার, রাহুল শর্মা, অশোক দিন্দা, প্রজ্ঞান ওঝা, বীরেন্দর শেবাগ, জহির খান, উমেশ যাদব ও অজিঙ্কা রাহানে।