টেস্ট ক্রিকেটে কালকের দিনটি যেন ছিল অধিনায়কদের দিন। আহমেদাবাদে ভারতের সামনে দেয়াল তুলেছেন অ্যালিস্টার কুক। গল টেস্টে শ্রীলঙ্কাকে ব্যাট হাতে উদ্ধার করেছেন মাহেলা জয়াবর্ধনে। দলকে টেনে নিয়ে যেতে কুক যোগ্য সঙ্গী হিসেবে পেয়ে গেছেন ম্যাট প্রায়রকে। গলে মাহেলাকে যোগ্য সাহচর্য দিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। মিল আছে আরও। কুক-প্রায়র জুটি গড়েন ষষ্ঠ উইকেটে। মাহেলা-ম্যাথুসও তাই। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ২২১ রানের জবাবে একপর্যায়ে ৫০ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলেছিল শ্রীলঙ্কা। সেখান থেকে মাহেলা-ম্যাথুস জুটি দলকে শুধু টেনে তোলেনি, ২৬ রানের লিডও এনে দিয়েছে। ষষ্ঠ উইকেটে মাহেলা-ম্যাথুস গড়েন ১৫৬ রানের জুটি। তার পরও শ্রীলঙ্কা অলআউট হয় ২৪৭ রানে। এর কারণ, এই জুটির আগে-পরের দুটি ঝড়। শ্রীলঙ্কা ইনিংসের ওপর দিয়ে বয়ে যাওয়া সকালের ঝড়টা পেস বোলারদের। আরও স্পষ্ট করে বললে টিম সাউদির। বিকেলের ঝড়ের নেতৃত্বে ছিলেন অফ স্পিনার জিতান প্যাটেল।আগের দিনই অভিষিক্ত করুণারত্নেকে ‘ডাক’ উপহার দিয়েছিলেন সাউদি। কাল দিনের প্রথম ওভারেই শূন্য রানেই উপড়ে ফেলেন পারানাভিতানার স্টাম্প। নিজের পরের ওভারের শেষ বলে নাইটওয়াচম্যান সুরাজ রণদিভকেও গাপটিলের হাতের ক্যাচ বানান সাউদি। চার বল পরই ফিরে যান সাঙ্গাকারা, ট্রেন্ট বোল্টের বলে গাপটিলের ক্যাচ হয়ে। ২০ রানেই ৪ উইকেট নেই। একটু পর সাউদি থিলান সামারাবীরাকেও এলবিডব্লুর ফাঁদে ফেললে শ্রীলঙ্কা ৫ উইকেটে ৫০ রানে পরিণত হয়। এই সময়ই বিরুদ্ধ স্রোতে দাঁড়িয়ে মাহেলা-ম্যাথুসের ঘুরে দাঁড়ানোর লড়াই।দুজনই হাঁটছিলেন সেঞ্চুরির পথে। তবে শেষ পর্যন্ত কেউই তা পাননি। চা-বিরতির পর ৭৯ রান করা ম্যাথুসকে দিয়ে জুটি ভাঙেন জেমস ফ্রাঙ্কলিন। মাহেলার আফসোসটা আরও বেশি। ৯১ রানে দাঁড়িয়ে প্যাটেলের স্পিনের শিকার। পরের ৩ উইকেট দ্রুতই তুলে নেন প্যাটেল-বোল্ট। শ্রীলঙ্কা শেষ ৫ উইকেট হারায় ৪১ রানে।দ্বিতীয় দিন শেষে অবশ্য নিউজিল্যান্ডই ৯ রানে এগিয়ে। দ্বিতীয় ইনিংস শুরু করে তারা দিন শেষ করেছে ১ উইকেটে ৩৫ রান করে। ম্যাককালামকে প্যাভিলিয়নে পাঠিয়ে আরেকটি স্পিন-ঝড়ের আভাস দিয়ে রেখেছেন প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া হেরাথ। গাপটিল ১৩ ও উইলিয়ামসন ব্যাট করছেন ৯ রানে। তথ্যসূত্র: ওয়েবসাইট।