লঙ্কান ক্রিকেটারদের কোটি টাকার হাতছানি

কদিন আগেও আর্থিক বিষয়াদি নিয়ে শ্রীলঙ্কার খেলোয়াড় ও বোর্ডের মধ্যে চলছিল টানাপোড়েন। মালিঙ্গাদের জন্য সুখবর, টাকা-পয়সার ব্যাপারে ক্রিকেট বোর্ড এবার আরও উদার হচ্ছে। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ঘোষণা দিয়েছে, এবার দল যদি টি-টোয়েন্ট বিশ্বকাপ জেতে তাহলে ক্রিকেটারদের দেওয়া হবে ১৫ লাখ মার্কিন ডলার (সাড়ে ১১ কোটি টাকা প্রায়)।
এক বিবৃতি দিয়ে লঙ্কান বোর্ড জানিয়েছে, ‘আজ সকালে এসএলসির নির্বাহী কমিটির এক জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জাতীয় দলের খেলোয়াড়েরা ফাইনাল জিতলে তবে তাদের ১৫ লাখ মার্কিন ডলার (মূল প্রাইজমানি পাঁচ লাখ মার্কিন ডলারসহ) বোনাস দেওয়া হবে।’
অনেক দিন ধরেই শ্রীলঙ্কার খেলোয়াড়দের বেতন-ভাতার সমস্যা নিয়ে নানা খবর প্রকাশ হচ্ছে। ২০১১ বিশ্বকাপের পর শোনা গিয়েছিল, বেতন-ভাতা ছাড়াই নাকি খেলছে রানার্স-আপ দলটি। এ ছাড়া কয়েক মাস আগে খেলোয়াড়েরা দাবি করেছিলেন, আইসিসির টুর্নামেন্টগুলো থেকে পাওয়া রাজস্বের ভাগ দিতে হবে তাঁদের। সঙ্গে খেলোয়াড়দের ছবি ব্যবহার করে আইসিসি যে আয় করে, সেটিরও ২০ শতাংশ ভাগ দিতে হবে। দাবি না মানলে গত ডিসেম্বরের বাংলাদেশ সিরিজ বয়কট করার হুমকিও দিয়েছিলেন খেলোয়াড়েরা। তখন নির্বাচকমণ্ডলীর সভাপতি সনাত্ জয়াসুরিয়া ও সরকারের একজন মন্ত্রী অনেক বুঝিয়ে খেলোয়াড়দের বাংলাদেশ সফর করতে রাজি করিয়েছিলেন।
কিছুদিন আগে এশিয়া কাপ জেতায় লঙ্কান ক্রিকেটারদের ১ লাখ ডলার বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছিল এসএলসি।