লঙ্কান ক্রিকেটে ‘শেষের ডাক’
নব্বইয়ের দশকের শেষ দিকে কাছাকাছি সময়েই শ্রীলঙ্কা দলে তাঁদের আগমন। জয়াবর্ধনে, দিলশান, সামারাবীরা, সাঙ্গাকারারা এরপর একসঙ্গে শ্রীলঙ্কাকে এনে দিয়েছেন অনেক গৌরবের মুহূর্ত। সময়ের পরিক্রমায় এখন শেষের ডাক শুনতে পাচ্ছেন এই তারকারা। আগামী এক-দেড় বছরের মধ্যেই হয়তো বিশাল শূন্যতা সৃষ্টি হচ্ছে ব্যাটিং লাইনআপে। সামারাবীরা-দিলশানদের টেস্ট ক্রিকেটটা ছেড়ে দেওয়ার চিন্তাভাবনাই শ্রীলঙ্কান ক্রিকেটকে দিচ্ছে যুগ পরিবর্তনের ডাক।মিডল-অর্ডার ব্যাটসম্যান সামারাবীরা পরশু জানিয়েছেন, অস্ট্রেলিয়া সফরের পর দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজটা দিয়েই ক্যারিয়ারের ইতি টানতে পারেন। এর আগে দিলশান জানিয়েছেন, অস্ট্রেলিয়া সফরের পরই টেস্ট ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাববেন। মাহেলা জয়াবর্ধনের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণার সপ্তাহ খানেক পরেই এল দিলশান-সামারাবীরার ভবিষ্যৎ চিন্তার খবরটি। ৭৯ টেস্টে ৫০.৩৬ গড়ে ৫৪৩৯ রান করা সামারাবীরাকে অস্ট্রেলিয়ার একটি ওয়েবসাইট এভাবে উদ্ধৃত করেছে, ‘অস্ট্রেলিয়ায় এই তিনটি টেস্ট ও ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কায় দুটি টেস্ট খেলব। এর পরই দেখা যাবে (খেলা চালিয়ে যাবেন কি না)। এরপর অক্টোবর বা নভেম্বরের আগে আমাদের কোনো টেস্ট খেলা নেই। আর কত দিন খেলা চালিয়ে যাব, সে বিষয়ে সিদ্ধান্তটা আমাকেই নিতে হবে। কারণ, বিরতিটা বেশ লম্বা।’বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই যে চাপটাও বাড়ছে, সেটাও বলেছেন ২০০৯ সালে লাহোরে সন্ত্রাসী হামলায় আহত হওয়া এই ক্রিকেটার, ‘নির্দিষ্ট একটা বয়স হলে লোকে মনে করে, প্রতি ম্যাচেই আপনি পারফর্ম করবেন। তরুণ বয়সে দুই বা তিনটি সিরিজে আপনি খারাপ করতেই পারেন, কিন্তু বয়স বেড়ে যখন ৩০ হয়ে যাবে, আপনি রান না করলে চাপটা আসবে, আর মিডিয়াও আপনার দিকে নজর দেবে।’দিলশানের চিন্তাভাবনাটা একটু অন্য রকম, তরুণদের সুযোগ দিতেই সরে দাঁড়ানোর চিন্তা করছেন সাবেক এই অধিনায়ক, ‘আগামী বছর টেস্ট ম্যাচ তেমন একটা নেই। বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে দুটি করে ও তিনটি পাকিস্তানের বিপক্ষে। এটাকে তরুণদের সুযোগ দেওয়ার সঠিক সময় বলেই মনে হচ্ছে।’শ্রীলঙ্কার হয়ে ৮৩ টেস্টে পাঁচ হাজারের ওপরে রান করা দিলশান আছেন ভালো ফর্মেই। শেষ চার টেস্টেই তিনটি সেঞ্চুরিই তাঁর প্রমাণ। টেস্ট ছাড়ার কথা ভাবলেও দিলশান ওয়ানডে ছাড়তে চান ২০১৫ বিশ্বকাপটা খেলেই, ‘ওয়ানডেটা ২০১৫ সাল পর্যন্ত তো খেলবই। টেস্ট ক্রিকেটটা কত দিন খেলব, সেটা নিয়ে আমি নিশ্চিত নই। এই সিরিজের পরেই সিদ্ধান্তটা নেব। তবে তৃতীয় টেস্টটা হতে পারে দেশের বাইরে আমার শেষ টেস্ট।’ ওয়েবসাইট।