লঙ্কান টি-টোয়েন্টি দলে নতুনের ছড়াছড়ি
পালাবদলের পালায় শ্রীলঙ্কা দলে এখন এমনিতেই অনেক নতুন মুখ। সনাৎ জয়াসুরিয়ার নেতৃত্বাধীন নির্বাচক কমিটি এবার টি-টোয়েন্টি দলের খোলনলচেই পাল্টে ফেলল। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচটির দলে নতুন মুখ পাঁচটি! বিশ্রাম দেওয়া হয়েছে কুমার সাঙ্গাকারা, তিলকরত্নে দিলশান ও নুয়ান কুলাসেকারাকে। চোট কাটিয়ে উঠলেও রাখা হয়নি মাহেলা জয়াবর্ধনেকে। ৩১ মার্চ পাল্লেকেলেতে হবে ম্যাচটি। এই ম্যাচ দিয়েই টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হবে দিনেশ চান্ডিমালের। ভবিষ্যতের জন্য দল গড়ার যে ঘোষণা দিয়েছে নতুন নির্বাচক কমিটি, তারই প্রতিফলন যেন এই টি-টোয়েন্টি দলে। অলরাউন্ডার জীবন মেন্ডিস ছাড়া কারও বয়স ত্রিশের বেশি নয়। নতুন পাঁচজন হলেন পেসার চতুরাঙ্গা ডি সিলভা, পেস বোলিং অলরাউন্ডার ইশান জয়ারত্নে, দুই স্পিনিং অলরাউন্ডার রামিত রামবাকভেলা এবং বিপিএলে চিটাগং কিংসে খেলে যাওয়া শিহান জয়াসুরিয়া ও ব্যাটসম্যান অ্যাঞ্জেলো পেরেরা। পেরেরা অবশ্য চলতি ওয়ানডে সিরিজের স্কোয়াডে আছেন। সেই হিসেবে নতুন মুখ বলা যায় কিতুরুয়ান ভিতানাগেকেও। টেস্ট সিরিজে খেললেও টি-টোয়েন্টি দলে ডাক পেলেন এই প্রথম। ওয়েবসাইট।শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলকুশাল পেরেরা, লাহিরু থিরিমান্নে, দিলশান মুনাবীরা, দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুস, জীবন মেন্ডিস, কিতুরুয়ান ভিতানাগে, অ্যাঞ্জেলো পেরেরা, লাসিথ মালিঙ্গা, সাচিত্রা সেনানায়েকে, শামিন্দা ইরাঙ্গা, চতুরাঙ্গা ডি সিলভা, শিহান জয়াসুরিয়া, রামিত রামবাকভেলা, ইশান জয়ারত্নে, থিসারা পেরেরা।