
সাতসকালেই দু-দুটো চমক উপহার দিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। প্রথমটি একাদশে। ম্যাচপূর্ব আলোচনার বড় একটা অংশজুড়ে যেখানে স্পিন নিয়ে আলোচনা, সেখানে স্পিনার একজন কমে লঙ্কান একাদশে দেখা গেল তিন পেসার। এটির রেশ কাটতে না কাটতেই আরও বড় চমক। টস জিতে লঙ্কান অধিনায়ক নিলেন বোলিং! দুবাইয়ে আগের কোনো টেস্টে যে পথে হাঁটেননি আর কোনো অধিনায়ক। তখনো কী ভাবা গিয়েছিল, অপেক্ষা করছে এর চেয়েও বড় চমক!
অধিনায়কের অবাক করা সিদ্ধান্তটিকেই লঙ্কানদের জন্য আনন্দময় এক বিস্ময় হিসেবে উপহার দিলেন তিন পেসার। প্রাণহীন, মন্থর উইকেটে প্রাণের সঞ্চার করলেন তাঁরা সামর্থ্যের সবটুকু উজাড় করে। আর পাকিস্তানি ব্যাটসম্যানরাও একেকজন নেমেছিলেন আত্মহত্যা করতেই। লঙ্কান পেসারদের ছোট ছোট সুইংয়ে সম্মোহিতের মতো উইকেটে বিলিয়ে এলেন ইউনিস-মিসবাহরা। ম্যাচের প্রথম দিনেই পাকিস্তান অলআউট ১৬৫ রানে। ১ উইকেট হারিয়ে ৫৭ রানে দিন শেষ করেছে শ্রীলঙ্কা। আলোকস্বল্পতায় ৮ ওভার আগেই যখন শেষ হচ্ছে দিনের খেলা, শেষ বিকেলের গুমোট আবহেও উজ্জ্বল তখন ম্যাথুসের মুখ। টস জিতে ফিল্ডিং নেওয়ার সময়ও কী এতটা আশা করেছিলেন লঙ্কান দলপতি!
দুর্দান্ত বোলিং করেছেন লঙ্কার তিন পেসারই। তবে ত্রয়ীর মধ্যে সবচেয়ে এগিয়ে তিনিই, একজন স্পিনারকে বসিয়ে যাঁকে খেলানো হচ্ছে তৃতীয় পেসার হিসেবে। একসময় শ্রীলঙ্কার দ্রুততম বোলার বলা হচ্ছিল নুয়ান প্রদীপকে। কিন্তু চোট-আঘাতে জর্জরিত হয়ে কমে গেছে গতি, হারিয়েছেন দিশা। কাল সুযোগ পেলেন এক বছর পর। গতি না থাকলেও এবার ছিল দিশা। সুইং আর লাইন-লেংথে ধরাশায়ী করেছেন পাকিস্তানি ব্যাটসম্যানদের। ভেতরে ঢোকা বলে আহমেদ শেহজাদকে ফিরিয়ে এনে দিয়েছেন প্রথম ব্রেক থ্রু। লাঞ্চের পর আরেকটি ইনসুইঙ্গারে হাফিজকে ফিরিয়ে ভেঙেছেন ৫০ রানের দ্বিতীয় উইকেট জুটি।
প্রদীপ যে দুয়ার খুলে দিলেন, সেই পথে ঢুকে পাক ইনিংস ছত্রখান করে দিলেন সতীর্থ দুই পেসার লাকমল ও ইরাঙ্গা। প্রতিরোধ গড়তে পেরেছেন শুধু ওপেনার খুররম মনজুর। পেসার ত্রয়ীর ত্রাসের পর লেজটুকু ছেঁটে দিয়েছেন রঙ্গনা হেরাথ। ওয়েবসাইট।