লঙ্কান বোলিংয়ে মুগ্ধ মিরপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার সাজানোগোছানো বোলিং পারফরম্যান্সে ভারত আটকে গেল ১৩০ রানে—ছবি: শামসুল হক
শ্রীলঙ্কার সাজানোগোছানো বোলিং পারফরম্যান্সে ভারত আটকে গেল ১৩০ রানে—ছবি: শামসুল হক

নুয়ান কুলাসেকেরার প্রথম ওভারে রান এসেছিল মাত্র ৪। কিন্তু প্রথম ওভারটি যে দারুণ এক বোলিং পারফরম্যান্সের সূচনা ছিল, তখন সেটা আর কে ভেবেছিল। দারুণ ফর্মে থাকা বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, মহেন্দ্র সিং ধোনি আর যুবরাজ সিংয়ের লঙ্কান বোলাররা যেভাবে আজ উইকেটে বেঁধে রাখলেন, সেটি কি টি-টোয়েন্টির জগতে নতুন দিগন্ত উন্মোচনের পূর্বলক্ষণ নয়?
নতুন দিগন্ত আর কী! ক্রিকেটের বড় আসরে শ্রীলঙ্কার শিরোপা-আক্ষেপ ঘুঁচিয়ে ফেলা! ১৯৯৬ সালের পর দুবার ওয়ানডে বিশ্বকাপ আর দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলা শ্রীলঙ্কা যে মুখিয়ে আছে শিরোপা-খরা কাটাতে! তৃতীয়বারের প্রচেষ্টায় আজই কী সেই মাহেন্দ্রক্ষণ? টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে কুলাসেকেরা, মালিঙ্গা, ম্যাথুস, হেরাথদের অসাধারণ বোলিংয়ে ব্যাটিং শক্তিমত্তার ভারতকে যেভাবে ১৩০ রানের মধ্যেই আটকে রাখা গেল, শিরোপার স্বপ্ন তো লঙ্কানরা দেখতেই পারে!
কী চমত্কার, সাজানোগোছানো বোলিং পারফরম্যান্সই না দেখাল শ্রীলঙ্কা! ব্যবহূত পাঁচ বোলারের একজনও ওভারপ্রতি সাত রানের বেশি খরচ করেননি। সবচেয়ে খরুচে সেই কুলাসেকেরাই, যিনি সূচনা করেছিলেন এই অনন্য অভিযানের। বোলিং ফিগার ৪ ওভারে ২৯ রানে ১ উইকেট। উইকেটবিহীন একমাত্র সাচিত্রা সেনানায়েকে। ওভারপ্রতি তাঁর খরচ মাত্র সাড়ে পাঁচ।
লাসিথ মালিঙ্গা আজ দেখিয়ে দিয়েছেন এই ফরম্যাটে ইনিংসের শেষদিকে কীভাবে বলটা ছুড়তে হয়। বিশ্বের তাবত্ বোলারই বোধ হয় মালিঙ্গার বোলিংয়ের দিকে মুগ্ধ-নয়নে তাকিয়ে ভাবেন, মুগ্ধতা ছড়ানো ওভারগুলো মালিঙ্গা করেন কীভাবে!
রঙ্গনা হেরাথের চারটি ওভার ভুলে যাবেন না যেন। মাত্র ২৩ রান দিয়ে তাঁর দখলে একটি উইকেট। মাঝের ওভারগুলোতে তো হেরাথের ঘূর্ণিতে খুঁজেই পাওয়া গেল না স্পিন আক্রমণে স্বাচ্ছন্দ্য ভারতীয় তারকা ব্যাটসম্যানদের। অ্যাঞ্জেলো ম্যাথুসও উজাড় করে দিলেন নিজেকে। ৪ ওভারে দিয়েছেন মোটে ২৫, নিয়েছেন ১ উইকেট।
এখন সাঙ্গাকারা, জয়াবর্ধনে, দিলশান আর থিসারা পেরেরারা বোলারদের পারফরম্যান্সটা ব্যাটিংয়ে অনুবাদ করলেই হয়। তাহলে রানাতুঙ্গা, ডি সিলভাদের পাশে নিজেদের ছবিটাও বাঁধাই করে রাখতে পারবেন সাঙ্গা আর মাহেলা!