লঙ্কানদের অপেক্ষায় ‘সবুজ’ সেঞ্চুরিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিন কয়েক আগে রমিজ রাজার টুইট, ‘নতুন নতুন দেশে ক্রিকেট না ছড়িয়ে আইসিসির উচিত তিন ‘রোগী’ জিম্বাবুয়ে, বাংলাদেশ আর শ্রীলঙ্কাকে সুস্থ করে তোলা।’ দেশ ছাড়ার আগে মাহেলা জয়াবর্ধনে বলেছেন, ‘আন্ডারডগ তকমাটা আমরা খুশি মনেই মেনে নিচ্ছি।’ সাবেক দক্ষিণ আফ্রিকা অধিনায়কের ধারণা, ‘এই সিরিজে দক্ষিণ আফ্রিকার না জেতার কোনো কারণ নেই।’ জিম্বাবুয়ে-বাংলাদেশের পাশে শ্রীলঙ্কা, আগেভাগেই নিজেদের আন্ডারডগ মেনে নেওয়া, শ্রীলঙ্কান ক্রিকেট কি তবে ফিরে গেল সেই নব্বইয়ের দশকের শুরুতে?ভাবতে অবাক হতে হয়, এই দলটিই নয় মাস আগে বিশ্বকাপ ফাইনাল খেলেছে। ফাইনালে হারের পর কুমার সাঙ্গাকারার দায়িত্ব ছাড়া দিয়ে শুরু শ্রীলঙ্কান ক্রিকেটের টালমাটাল সময়ের। এরপর ইংল্যান্ডে, দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর পাকিস্তানের বিপক্ষে মধ্যপ্রাচ্যে টেস্ট-ওয়ানডে সিরিজ হেরে শ্রীলঙ্কা ক্রিকেট বিপর্যস্ত। এর মাঝেই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে হচ্ছে তাদের মাটিতে। দক্ষিণ আফ্রিকায় সাতটি টেস্ট খেলে শ্রীলঙ্কার সেরা সাফল্য একটি মাত্র ড্র, ছয়টিতেই হার। তিনটিতেই আবার ইনিংস ব্যবধানে। এবার দুই টেস্ট সিরিজের সম্ভাব্য ফলাফল নিয়ে খুব একটা সন্দেহ নেই কারও।দক্ষিণ আফ্রিকায় শ্রীলঙ্কার এই দুর্দশার মূল কারণ বাউন্সি উইকেটে ব্যাটসম্যানদের হাবুডুবু খাওয়া। বর্তমান দলের দুই গ্রেট মাহেলা জয়াবর্ধনে আর কুমার সাঙ্গাকারার দিকেই তাকান। জয়াবর্ধনের টেস্ট ব্যাটিং-গড় ৫২, কিন্তু দক্ষিণ আফ্রিকায় ৩১.৪০। পাঁচ টেস্টে ৫০ ছুঁয়েছেন মাত্র একবার। ৫৪.৯৩ টেস্ট গড়ের সাঙ্গাকারার দক্ষিণ আফ্রিকায় গড় ৩৯.২০। একটু পেছনে যাওয়া যাক, অনেকের মতেই শ্রীলঙ্কার ইতিহাসের সেরা ব্যাটসম্যান অরবিন্দ ডি সিলভার গড় দক্ষিণ আফ্রিকায় ৩০.৫০, সনাৎ জয়াসুরিয়ার ১৫.১৬! আজ সেঞ্চুরিয়নে শুরু দুই টেস্টের সিরিজের প্রথমটিই হয়তো স্টেইন-মরকেল-ফিল্যান্ডারদের সাজিয়ে রেখেছে ধ্বংসযজ্ঞের ক্ষেত্র। সেঞ্চুরিয়নের উইকেটকে মাঠ থেকে আলাদা করাই কঠিন। ম্যাচের প্রথম দিন সকালে আজ ঘাস কিছুটা ছাঁটা হলেও উইকেট সবুজই থাকবে। সম্ভাব্য শেষ দক্ষিণ আফ্রিকা সফরে তাই কঠিন পরীক্ষার মুখোমুখিই হতে হবে জয়াবর্ধনে-সাঙ্গাকারা-দিলশান-সামারাবীরাকে। লঙ্কানদের অনুপ্রাণিত করতে পারে দুই দলের সর্বশেষ সিরিজ। ২০০৬ সালের ওই সিরিজই দেখে সাঙ্গাকারা-জয়াবর্ধনের ৬২৪ রানের বিশ্ব রেকর্ড জুটি। তবে ওই ম্যাচে দুজনের ক্লান্তিহীন ব্যাটিংয়ে অসহায় ডেল স্টেইন এবার দিয়ে রাখলেন প্রচ্ছন্ন এক হুমকি, ‘জীবন এগিয়ে গেছে, ওই ম্যাচ নিয়ে আমি আর কথা বলতে চাই না। তবে এটুকু বলতে পারি, দক্ষিণ আফ্রিকায় জুটির বিশ্ব রেকর্ড গড়া খুব একটা সহজ হবে না।’ ওয়েবসাইট।