লঙ্কানদের ইতিহাস গড়ার স্বপ্ন
আগের তিন ইনিংসে রান ছিল ০, ২, ১। কাল ৩ রানের মাথায় উইকেটের পেছনে ক্যাচ দিয়েও বেঁচে গেলেন। সুযোগটা কী দারুণভাবেই না কাজে লাগালেন কুমার সাঙ্গাকারা! দক্ষিণ আফ্রিকার মাটিতে সাবেক শ্রীলঙ্কা অধিনায়ক তুলে নিলেন প্রথম সেঞ্চুরি। সঙ্গে ‘পরবর্তী সাঙ্গাকারা’ বলে বিবেচিত দিনেশ চান্ডিমালের অভিষেকে দ্বিতীয় ফিফটি ও থিলান সামারাবীরার আরেকটি কার্যকর ইনিংসে শ্রীলঙ্কা এগিয়ে গেছে পাহাড় সমান রানে।আগের টেস্টে আড়াই দিনে উড়ে যাওয়া শ্রীলঙ্কা তৃতীয় দিন শেষে ৩ উইকেট হাতে নিয়ে এগিয়ে ৪২৬ রানে। এখানে ইনিংস ঘোষণা করলেও জিততে হলে রান তাড়া করার বিশ্ব রেকর্ড গড়তে হবে দক্ষিণ আফ্রিকাকে। সঙ্গে আরেকটি তথ্য, কিংসমিডে দুই শর বেশি রান তাড়া করে জয়ের ঘটনাই আছে শুধু একটি (২০০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ৩৩৬)! দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম টেস্ট জিতে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে লঙ্কানরা।দুই দিন আগেও দক্ষিণ আফ্রিকার মাটিতে শ্রীলঙ্কানদের সেঞ্চুরি ছিল মাত্র একটি, দুই দিন পরে সেটাই হয়ে গেল তিন গুণ! একসময় অস্ট্রেলিয়ায় কোনো সেঞ্চুরি ছিল না সাঙ্গাকারার, সর্বশেষ সফরে (২০০৭) একমাত্র টেস্টে হোবার্টে করেছিলেন ৫৭ ও ১৯২। কোনো সেঞ্চুরি ছিল না ইংল্যান্ডেও, সর্বশেষ সফরে (গত বছর) সেঞ্চুরি করলেন শেষ টেস্টে। এবার ঘোচালেন দক্ষিণ আফ্রিকায় সেঞ্চুরি-খরা। ১০৫ টেস্টে ২৮ সেঞ্চুরি হলো সাঙ্গাকারার, ছাড়িয়ে গেলেন আরেক বাঁহাতি অ্যালান বোর্ডারকে (২৭)। শ্রীলঙ্কার সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে আরও কাছে গেলেন প্রিয় বন্ধু মাহেলা জয়াবর্ধনের (১২৭ টেস্টে ২৯)। জয়াবর্ধনের মতো ‘দেশের মাটিতে বাঘ’ দুর্নামটাও নেই সাঙ্গাকারার, দেশে ৫৮ টেস্টে ১৬ সেঞ্চুরির পাশাপাশি বিদেশে ১২ সেঞ্চুরি হলো ৪৭ টেস্ট!দক্ষিণ আফ্রিকানরা কাল শুরু করেছিল উজ্জীবিতভাবেই। দিনের শুরুতেই তুলে নেয় পারানাভিতানা ও জয়াবর্ধনেকে। চতুর্থ উইকেটে সাঙ্গাকারা-সামারাবীরার ৯৪ রানের জুটিতে বড় লিডের দিকে এগোয় লঙ্কানরা। আর স্বাগতিকদের একরকম ম্যাচ থেকে ছিটকে দেয় ষষ্ঠ উইকেটে সাঙ্গাকারা-চান্ডিমালের ১০৪ রানের জুটি। ওয়েবসাইট