লঙ্কানদের জয়েই উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবির্ভাবেই এক ঝুড়ি রহস্য নিয়ে এসেছিলেন তিনি। কেউ বলত জাদুকর, কেউ রহস্য-স্পিনার। কিন্তু জাদুকরের জাদু-রহস্য ফাঁস হয়ে গেলে বড্ড খেলো লাগে। অজন্তা মেন্ডিসও সেই জাদু হারিয়ে ফেলেছিলেন। কিন্তু প্রায় নয় মাস পর জাতীয় দলে ফিরে আবার নতুন জাদু। সেই ধাঁধায় পড়ে কাল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে অসহায় আত্মসমর্পণ করল জিম্বাবুয়ে। হাম্বানটোটায় শ্রীলঙ্কা জিতল ৮২ রানের বড় ব্যবধানে। ৮ রানে ৬ উইকেট নিয়ে এক বছর আগে গড়া নিজের বিশ্ব রেকর্ডটাই নতুন করে লিখলেন মেন্ডিস। এর আগে শ্রীলঙ্কাকে রানের পাহাড়ে চড়িয়েছেন আরেক মেন্ডিস—জীবন। চতুর্থ উইকেটে কুমার সাঙ্গাকারার সঙ্গে তাঁর ৯৪ রানের জুটিটাই ১৮২ রান এনে দিয়েছে শ্রীলঙ্কাকে। দুই দিলশানের ৫৪ রানের উদ্বোধনী জুটির পরও মৃদু একটা ধাক্কা খেয়েছিল শ্রীলঙ্কা। বিনা উইকেটে ৫৪ থেকে হয়ে গিয়েছিল ৮২/৩। জিম্বাবুয়ে অবশ্য তখনো বুঝতে পারেনি, সেই তাদের বিপদের শুরু। সাঙ্গাকারার সঙ্গে জীবন মেন্ডিসের সেই জুটি এর পরই। মাত্র ৮.১ ওভারে এই জুটি ওভারপিছু রান তুলেছে ১১.৫১ করে। ঝোড়ো শেষ দুই ওভারে উঠেছে ৩২ রান। ব্যাট হাতে অপরাজিত ৪৩ রান করা জীবন বল হাতেও ২৪ রানে নিয়েছেন ৩ উইকেট। তবে রাতটা ছিল আরেক মেন্ডিসের। জিম্বাবুয়ে শুরুটা ভালোই করেছিল। ৫ ওভার শেষে বিনা উইকেটে ৩৬। এর পরই অজন্তা মেন্ডিসের ২ ওভারে তিন ধাক্কা। প্রথম ওভারে টানা দুই বলে ফেরালেন সিবান্দা আর টেলরকে। এরপর দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে বোল্ড মাসাকাদজা। ২ ওভারের স্পেলে ১ মেডেন, ৩ রানে ৩ উইকেট।৫ ওভার বিরতি নিয়ে আবার ফিরলেন। এবারও ২ ওভারে ৫ রান দিয়ে ৩ উইকেট। গত বছর পাল্লেকেলেতে ১৬ রানে ৬ উইকেট নিয়ে যে রেকর্ড গড়েছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেটাই ভেঙে গেল নিজের হাতে। ১০০ রানে অলআউট জিম্বাবুয়ে। ক্রিকইনফো।সংক্ষিপ্ত স্কোরশ্রীলঙ্কা: ২০ ওভারে ১৮২/৪ ( মুনাবীরা ১৭, দিলশান ৩৯, জয়াবর্ধনে ১৩, সাঙ্গাকারা ৪৪, জীবন মেন্ডিস ৪৩*, থিসারা পেরেরা ৬*; জারভিস ০/৩১, ভিটরি ০/২৭, উতসেয়া ০/২৫, পোফু ০/৪৯, ক্রেমার ১/২৭, চিগুম্বুরা ০/১৩)।জিম্বাবুয়ে: ১৭.৩ ওভারে ১০০ (মাসাকাদজা ২০, সিবান্দা ১১, টেলর ০, চিগুম্বুরা ১৯, আরভিন ১০, ওয়ালার ০, ক্রেমার ১৭, উতসেয়া ১, জারভিস ০, ভিটরি ৭*, পোফু ০; কুলাসেকারা ০/১৬, মালিঙ্গা ১/২০, অজন্তা মেন্ডিস ৬/৮, ম্যাথুস ০/৭, পেরেরা ০/১৬, জীবন মেন্ডিস ৩/২৪)।ফল: শ্রীলঙ্কা ৮২ রানে জয়ী।