লঙ্কার আদর্শ প্রস্তুতি মঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ হাসি আজ যত কম হাসতে পারবেন লাসিথ মালিঙ্গা, ততই মঙ্গল বাংলাদেশের   প্রথম আলো
এ হাসি আজ যত কম হাসতে পারবেন লাসিথ মালিঙ্গা, ততই মঙ্গল বাংলাদেশের প্রথম আলো

এখনো অস্ট্রেলিয়ায় হারের ক্ষত বয়ে বেড়াচ্ছে ইংল্যান্ড। নিউজিল্যান্ড টেস্ট খেলছে ভারতের সঙ্গে। আজ থেকে দক্ষিণ আফ্রিকা নামছে অস্ট্রেলিয়ার বিপক্ষে মহারণে। কদিন পর সবার দৃষ্টি নিবদ্ধ হবে যখন ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে, লঙ্কা-ভাগ্যে তখন নিশ্চিতভাবেই চোখ আর মন ঈর্ষায় ভরে যাবে ইংলিশ-প্রোটিয়া-কিউইদের। ওয়ার্ল্ড টি-টোয়েন্টির সুপার টেন-এ গ্রুপ সঙ্গী এই চার দল, গ্রুপের সব ম্যাচই চট্টগ্রামে। এই উইকেট কন্ডিশনে এমনিতেই পরিষ্কার গ্রুপ ফেবারিট শ্রীলঙ্কা। তার ওপর আবার সুযোগ মিলে গেছে টুর্নামেন্টের ঠিক আগে এই মাঠেই দু-দুটি টি-টোয়েন্টি খেলার! সোনায় সোহাগা বললেও যেন কম বলা হয়।
শ্রীলঙ্কার অনুরোধেই সিরিজের সফরসূচি থেকে গা-গরমের ম্যাচ বাদ দিয়ে একটির বদলে দুটি টি-টোয়েন্টি ম্যাচ রাখা হয়েছে। আর সেই ম্যাচ দুটিও যে চট্টগ্রামে হচ্ছে, শ্রীলঙ্কার অনুরোধের ভূমিকা এখানে অনুমান করে নিতে কষ্ট হয় না। বাংলাদেশেরও ক্ষতিবৃদ্ধি কিছু হচ্ছে না, প্রাথমিক পর্ব উতরাতে পারলে বাংলাদেশের সব ম্যাচই হবে মিরপুরে। চট্টগ্রাম নিয়ে যথেষ্টই রোমাঞ্চিত লঙ্কানরা। আগের দিন তিলকরত্নে দিলশান যা বলে গেলেন, কাল একই প্রতিধ্বনি অধিনায়ক দিনেশ চান্ডিমালের কণ্ঠে, ‘বিশ্বকাপ ভেন্যুতে খেলতে পারছি, এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না। সত্যিই আমাদের জন্য দারুণ সুযোগ এই দুটি ম্যাচ, আমরা মুখিয়ে আছি এই বাড়তি সুবিধাটা কাজে লাগানোর জন্য।’
চান্ডিমাল যে এই দলের অধিনায়ক, সবচেয়ে বিস্ময়কর অবশ্য এটিই। জয়াবর্ধনে-সাঙ্গাকারা-দিলশানের মতো সাবেক অধিনায়কদের কথা না হয় বাদই দেওয়া গেল, এখনকার টেস্ট ও ওয়ানডে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসও টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখ। অথচ টি-টোয়েন্টির অধিনায়ক কিনা চান্ডিমাল! ভবিষ্যতের জন্য একজন অধিনায়ক গড়ে তোলার যুক্তিটি অবশ্য গ্রহণযোগ্যই। কিন্তু অধিনায়কের যে দলে জায়গা নিয়েই প্রশ্ন! ব্যাটিংয়ের যা ধরন, তাতে টি-টোয়েন্টির জন্য আদর্শই হওয়ার কথা চান্ডিমালের ব্যাটিং। বাস্তবতা হলো, ২১ ম্যাচে মাত্র একটি ফিফটিতে রান ২৩৩, গড় মাত্র ১৩.৭০। অধিনায়ক হিসেবে গড় আরও খারাপ—৭ ম্যাচে ১১! তার পরও তিনি টিকে আছেন, বিশ্বমঞ্চে দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন দল সাফল্যের ভেলায় আছে বলেই। গত মার্চে বাংলাদেশকে হারিয়ে শুরু তাঁর নেতৃত্ব-যাত্রার, তিন ম্যাচের সিরিজে হারিয়েছেন দক্ষিণ আফ্রিকাকে, নিউজিল্যান্ডকে হারানোর পর ড্র হয়েছে পাকিস্তান সিরিজ। র‌্যাঙ্কিং-শীর্ষ দলের অধিনায়ককে আর কতটা কাঠগড়ায় দাঁড় করানো যায়!
দলের এই সাফল্যের রহস্য ব্যাখ্যায় চান্ডিমাল অবশ্য অকপট, ‘মাহেলা, সাঙ্গা, দিলশান, মালিঙ্গা, কুলাসেকেরাদের মতো বিশ্বমানের পারফরমার আছে আমাদের, এক নম্বরে ওঠার ও ধরে রাখায় রহস্য এটিই।’ রহস্য না বলে অবশ্য ‘খোলা বই’ বলাই ভালো। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের তালিকায় সেরা চারের তিনজনই লঙ্কান—জয়াবর্ধনে (১৩৩৫), সাঙ্গাকারা (১৩১৭) ও দিলশান (১২৬৩)। অজন্তা মেন্ডিস (৩৪ ম্যাচে ৬০ উইকেট), লাসিথ মালিঙ্গা (৪৮ মাচে ৫৬ উইকেট) টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলে ছাড়েন নিয়মিতই। এই দলের শীর্ষে থাকাটা তাই খুব একটা বিস্ময় নয়।
সাফল্যযাত্রা এই সিরিজেও অব্যাহত না থাকার কারণ নেই। কাল সংবাদ সম্মেলনে চান্ডিমাল বাংলাদেশকে যতই সমীহ করুন, শ্রীলঙ্কা সিরিজ না জিতলে সেটাই হবে বিস্ময়ের। তবে দলের জন্য এই সিরিজ যদি হয় ওয়ার্ল্ড টি-টোয়েন্টির প্রস্তুতি, চান্ডিমালের জন্য তা আরেকটি চ্যালেঞ্জ। ব্যাটে রান-খরা না কাটলে দলের সাফল্যকে ঢাল বানানোর সুযোগ খুব বেশি দিন থাকবে না!