লঙ্কার ত্রাতা সেই জয়াবর্ধনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গলের প্রথম দিনটিই যেন ফিরে এল কলম্বোর পি সারা ওভালে। টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা, আবারও জেমস অ্যান্ডারসনের তোপে লঙ্কান টপ অর্ডারের উড়ে যাওয়া, এরপর মাহেলা জয়াবর্ধনের প্রতিরোধ, আরেকটি অসাধারণ সেঞ্চুরি! গলে প্রথম দিন শেষে শ্রীলঙ্কার রান ছিল ৮ উইকেটে ২৮৯। কাল উইকেট দুটি কম, রানও আবার হয়েছে ৫১ কম। দুটি প্রথম দিনকে তাই রাখা যায় পাশাপাশিই।বড় একটা পার্থক্য অবশ্য আছে। গলে প্রথম দিন শেষে অপরাজিত ছিলেন জয়াবর্ধনে, কিন্তু ফিরে গেছেন এখানে। ফিরে গেছেন গলের দ্বিতীয় ইনিংসের নায়ক আরেক জয়াবর্ধনে, প্রসন্নও। শেষ বিকেলে দুই জয়াবর্ধনেকে হারিয়ে শ্রীলঙ্কার দিনটা শেষ হয়েছে অস্বস্তিতে। ঠিক উল্টো প্রান্তে ইংল্যান্ড। দারুণভাবে দিন শুরুর পর মাঝে পথ হারিয়ে শেষটা তাদের স্বস্তিতে। চোট কাটিয়ে ফেরা ম্যাথুস টিকে আছেন শ্রীলঙ্কার শেষ ভরসা হয়ে।এক নম্বর জায়গাটা বাঁচাতে মরিয়া ইংলিশরা বড় এক জুয়া খেলেছে এই ম্যাচে। ফর্মে থাকা বাঁহাতি স্পিনার মন্টি পানেসারকে বাইরে রেখে একাদশে এনেছে তৃতীয় সিমার টিম ব্রেসনানকে। প্রথম দিন শেষে অন্তত জুয়াটাকে সফলই বলতে হবে, ৬ উইকেটের ৫টিই নিয়েছেন তিন পেসার মিলে। লাল বলে অ্যান্ডারসন কেন বিশ্বসেরাদের একজন, দেখিয়েছেন আরেকবার। সারা দিনই বল সুইং করিয়েছেন দুদিকে। উইকেট ৩টি পেয়েছেন অবশ্য নিজের প্রথম ৫ ওভারের মধ্যে। দুটি একই ওভারে, টানা দুটো চার হজম করার পর টানা দু বলে! দারুণ দুটো বলে উইকেটের পেছনে ধরা পড়েছেন দিলশান ও সাঙ্গাকারা। গলের প্রথম ইনিংসেও প্রথম বলে আউট হয়েছিলেন সাঙ্গাকারা। টেস্ট ক্যারিয়ারে তো বটেই, আন্তর্জাতিক ক্যারিয়ারেই টানা দু ম্যাচে ‘গোল্ডেন ডাক’ এই প্রথম!আগের ম্যাচে শ্রীলঙ্কা ৩ উইকেট হারিয়েছিল ১৫ ও ১৪ রানে। কাল ৩০ রানে। তবে গলের মতো নিঃসঙ্গ লড়াই এবার করতে হয়নি জয়াবর্ধনেকে। চতুর্থ উইকেটে সামারাবীরার সঙ্গে গড়েছেন ১২৪ রানের দারুণ জুটি, পঞ্চম উইকেটে ডেপুটি ম্যাথুসকে নিয়ে জুটি ৬২ রানের। সামিত প্যাটেলের বলে সিঙ্গেল নিয়ে ৩১তম টেস্ট সেঞ্চুরি ছুঁয়েছেন ১৯৫ বলে। সেঞ্চুরি সংখ্যায় আগের টেস্টে পেছনে ফেলেছিলেন ডন ব্র্যাডম্যানকে (২৯), কাল আরেক অস্ট্রেলিয়ান ম্যাথু হেইডেনকে (৩০)। দিনটা ভালো না গেলেও সবচেয়ে কাঙ্ক্ষিত উইকেটটি পেয়েছেন সোয়ান, দ্বিতীয় নতুন বল পাওয়ার মাত্র ৩ বল আগে এলবিডব্লু করেছেন জয়াবর্ধনেকে। নতুন বলে ফিন ফিরিয়েছেন প্রসন্নকে। রানটাকে তিনশ ছাড়াতে আজ শ্রীলঙ্কা তাকিয়ে থাকবে ম্যাথুসের দিকেই। ওয়েবসাইট।