খেলাটা তেলসমৃদ্ধ সংযুক্ত আরব আমিরাতে বলে সেই তেল পাকিস্তানি ফিল্ডারদের হাতেও মাখামাখি হবে! আর সেই তৈলাক্ত হাত বেয়ে এক দিনে পড়বে পাঁচ-পাঁচটি ক্যাচ! কাল দিন শেষে মাঠ ছাড়ার সময় মিসবাহ-উল হককে একটু রুষ্টই দেখাল। শ্রীলঙ্কাকে একেবারে দেয়ালে পিঠ ঠেকিয়ে দেওয়ার সুযোগটা হাতছাড়া করার কারণেই কি?বড় রানের বোঝা মাথায় নিয়ে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা কাল দিন শেষ করেছে লিডটাকে মাত্র ১৬ রানে নামিয়ে। অবশ্যই পাকিস্তানি ফিল্ডারদের বদান্যতায়। তবে শ্রীলঙ্কা বড় মুখ করে কেবল কুমার সাঙ্গাকারার কথাই বলবে। আগের দিনই সাবেক অধিনায়ক বলেছিলেন, এই কঠিন পরিস্থিতিতেও ম্যাচ বাঁচানো সম্ভব। কথাটা সাঙ্গাকারা কাজেও প্রমাণ দিতে চান বলে মনে হচ্ছে। যদিও ১৬১ রানে অপরাজিত তিনিই এখন একমাত্র আশা। কারণ, এরই মধ্যে শ্রীলঙ্কা হারিয়ে ফেলেছে ৫ উইকেট।ক্যারিয়ারের সাতটি ডাবল সেঞ্চুরির প্রথমটি পাকিস্তানের বিপক্ষেই পেয়েছিলেন। শ্রীলঙ্কার প্রার্থনা, আজ যেন অষ্টমটিও যোগ হয়। টেস্টের শেষ দিনে ম্যাচ বাঁচাতে চাইলে সাঙ্গাকারার বড় ইনিংস ছাড়া গতি নেই। সঙ্গী প্রসন্ন জয়াবর্ধনে অবশ্য ২৫ রানের ইনিংসটায় আস্থা দিচ্ছেন। এই জুটি এরই মধ্যে তুলে ফেলেছে ৬৫ রান।পাকিস্তানের ফেলা পাঁচটি ক্যাচের চারটিই পড়েছে দ্বিতীয় উইকেট জুটিতে। ক্যাচ ফেলায় নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ হাফিজ। আগের দিন ৪৭ রানে অবিচ্ছিন্ন থাকা এই জুটি কাল আউট হওয়ার আগে যোগ করেছে আরও ১০৬ রান। প্রায় ৫০ ওভার স্থায়ী জুটিটা শেষ পর্যন্ত ভেঙেছে থিরিমান্নের রানআউট দিয়ে। সেই সময়ই লঙ্কান ইনিংসে একটা মৃদু পতন। ১০ ওভারের মধ্যে ৩ ব্যাটসম্যানকে হারিয়ে তারা হয়ে যায় ৪ উইকেটে ১৯১।এর পরই প্রথমে ম্যাথুসকে নিয়ে ৪২ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন সাঙ্গাকারা। ম্যাথুস ফিরে যাওয়ার পরই জুটি প্রসন্নের সঙ্গে। এই জুটি আজ কত দূর এগোয়, তার ওপর নির্ভর করছে ম্যাচের ভবিষ্যৎ। ওয়েবসাইট।ধারাবাহিকতাপাকিস্তানের বিপক্ষে প্রতিটি সিরিজেই একটি করে সেঞ্চুরির ধারাবাহিকতায় ছয় সিরিজে এটি সাঙ্গাকারার ষষ্ঠ সেঞ্চুরি।