লঙ্কার সামনে ডাচ-বিস্ময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমনিতে এই ম্যাচ নিয়ে আগ্রহ খুব বেশি থাকার কথা ছিল না। গ্রুপ ফেবারিটদের প্রতিপক্ষ কাগজে-কলমে গ্রুপের দুর্বলতম দল। তবু আগ্রহটা থাকল তাদের কারণেই! শ্রীলঙ্কার সামনে আজ জিম্বাবুয়ে বা আয়ারল্যান্ডের নামটিই ছিল অনুমেয়। সেই অনুমান বা কল্পনাকে হার মানিয়ে আজকের মঞ্চে হল্যান্ড।
সময়ের সঙ্গে বিস্ময়টা অবশ্য থিতিয়ে গেছে, তবে কৌতূহল নয়। অবিস্মরণীয় সেই রান তাড়ায় একই সঙ্গে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়েকে স্তম্ভিত করে দেওয়া ডাচরা আজই প্রথম মাঠে নামছে। ক্রিকেট-বিশ্বের আগ্রহের কেন্দ্রেও আজ থাকবে পিটার বোরেনের দল। ‘সুপার টেন’ শব্দযুগলই রোমাঞ্চের ভেলায় ভাসিয়ে নেওয়ার কথা ডাচদের। ক্রিকেটের কুলীনদের সঙ্গে এক বন্ধনীতে থাকাই বড় এক প্রাপ্তি। এই পর্বের প্রতিটি পদক্ষেপই তাদের জন্য স্বপ্নের জগতে বিচরণ। এই যাত্রায় স্বপ্নের সীমানাটাও বাড়িয়ে নিতে চাইবে তারা।
তবে প্রতিপক্ষ যখন শ্রীলঙ্কা, কাজটি সবচেয়ে কঠিন। ছোট দলগুলোর বিপক্ষে বরাবরই সবচেয়ে নির্দয় লঙ্কানরা, তা সংস্করণ যেটিই হোক। এই ম্যাচগুলোকে প্রায়ই রেকর্ড গড়ার উৎসব বানিয়ে ফেলে লঙ্কানরা। আজও তেমন কিছু হলে অবাক হওয়ার কিছু থাকবে না। আয়ারল্যান্ডের বিপক্ষে হল্যান্ডের সেই রান তাড়া টিভিতে পুরোটাই দেখেছেন দিনেশ চান্ডিমাল। প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার কোনো কারণই তাই দেখছেন না লঙ্কান অধিনায়ক, ‘সুপার টেনে প্রতিটি দলকেই ধরে নিতে হবে সমপর্যায়ের। কোনো ম্যাচ বা কোনো দলকে হালকা করে নেওয়ার সুযোগ নেই। যোগ্য দল হিসেবেই এই পর্যায়ে এসেছে ডাচরা। বিস্ফোরক সব ব্যাটসম্যান আছে ওদের। হালকাভাবে নেওয়ার তাই প্রশ্নই আসে না।’
ডাচদের সবচেয়ে বড় অনুপ্রেরণা শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে খেলা। হারানোর কিছুই নেই, পাওয়ারই আছে বেশি। এই মন্ত্রেই সাফল্যের রসদ খুঁজছেন পিটার বোরেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে যখন কোনো দলের হারানোর কিছু থাকে না, এর চেয়ে বিপজ্জনক কিছু আর নেই। এই মানসিকতা নিয়ে নেমেছিলাম বলেই আয়ারল্যান্ডের বিপক্ষে ওভাবে রান তাড়া করতে পেরেছিলাম। আশা করি, সামনের কদিনেও তেমন কিছু করতে পারব।’
না পারলেও ক্ষতি নেই। প্রত্যাশার পাহাড় তো নেই! নির্ভার ডাচরা তাই হতে পারে বড়দের মাথাব্যথার কারণ।