লঙ্কার স্বপ্ন বাঁচালেন সাঙ্গাকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হারলেই বিদায়। টিকে থাকতে হলে ডিঙাতে হবে ২৯৩ রানের পাহাড়। পরশু ওভালে শ্রীলঙ্কা প্রথম উইকেটটি হারাল ১০ রানের মধ্যেই। তখনই উইকেটে এলেন কুমার সাঙ্গাকারা। এরপর খেললেন অপরাজিত ১৩৪ রানের দুর্দান্ত এক ইনিংস। এই ইনিংসের কাছেই হেরে গেল ইংল্যান্ড। ৭ উইকেটে জিতে টিকে থাকল শ্রীলঙ্কার সেমিতে ওঠার সম্ভাবনা। আর পুরোপুরি উন্মুক্ত হয়ে গেল গ্রুপ ‘এ’। গ্রুপের শেষ দুটি ম্যাচ এখন অঘোষিত কোয়ার্টার ফাইনাল।ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ও ক্যারিয়ারের ১৫তম ওয়ানডে সেঞ্চুরি, শ্রীলঙ্কার জয়ের নায়ক অবিসংবাদিতভাবেই সাঙ্গাকারা। ১৩৫ বলের ইনিংসের শেষ বলটাকে সীমানার বাইরে পাঠিয়ে জয়টাও এনেছেন নিজের হাতেই। এর আগে আরও ১১ বার বলকে সীমানা ছাড়া করেছেন সাঙ্গাকারা। জয়ের মাহেন্দ্রক্ষণে উইকেটে সাঙ্গাকারার সঙ্গী এক বোলার, নুয়ান কুলাসেকারা। পিঞ্চ হিটার হিসেবে নেমে এই পেসার ৩৮ বলে ৫টি চার ও ৩টি ছক্কা মিলিয়ে করেছেন ৫৮ রান। পাওয়ার প্লেকে কাজে লাগাতে পাঁচে উঠে আসা কুলাসেকারা অবশ্য মোটেই কাজে লাগাতে পারেননি ব্যাটিং ‘পাওয়ার প্লে’কে (১৬ বলে ১২)। বরং পাওয়ার প্লে শেষ হওয়ার পরই খুলেছে তাঁর হাত (শেষ ২২ বলে ৪৬)। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে ১১০ রান সাঙ্গাকারা-কুলাসেকারা জুটির। এর আগে তিলকরত্নে দিলশানকে নিয়ে ৯২ ও মাহেলা জয়াবর্ধনেকে নিয়েও ৮৫ রানের জুটি গড়েছেন ম্যাচসেরা সাঙ্গাকারা। পরাজিত অধিনায়ক অ্যালিস্টার কুকের কণ্ঠে ম্যাচ শেষে প্রশংসা ঝরেছে সাঙ্গাকারার ব্যাটিংয়ের, ‘ওটা অবশ্যই অসাধারণ এক শতক। যখনই আপনি ৩০০ তাড়া করবেন, কাউকে না কাউকে ভালো খেলতেই হবে। ওদের ব্যাটিংয়ের সময় বলটা ব্যাটেও এসেছে ঠিক সময়ে, তবে কোনো কোনো সময় প্রাপ্য সম্মানটা যোগ্য লোককে দিতেই হয়।’ এএফপি, রয়টার্স।