লজ্জা এড়াল ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিধ্বংসী বাটলার: ১৬ বলে অপরাজিত ৪৭ রান ছবি: রয়টার্স
বিধ্বংসী বাটলার: ১৬ বলে অপরাজিত ৪৭ রান ছবি: রয়টার্স

চোখ রাঙাচ্ছিল ‘ধবলধোলাই’। সেই লজ্জাটা অবশ্য পেতে হয়নি ইংল্যান্ডকে। সিরিজের তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৩৪ রানে হারিয়ে লজ্জা এড়িয়েছে ইংলিশরা।

ট্রেন্ট ব্রিজে অনুষ্ঠিত ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে তাদের সংগ্রহ ছিল ৬ উইকেটে ২৮৭ রান।জবাবে ৪৬.৩ ওভারে দলীয় ২৫৩ রানে গুটিয়ে যায় সফরকারী নিউজিল্যান্ড। হারলেও অবশ্য সমস্যা হয়নি কিউইদের। ২-০-তে সিরিজ ঘরে উঠেছিল আগেই। ইংল্যান্ডকে ধবলধোলাই করা হলো না, আক্ষেপ বলতে এটুকুই।

এ ম্যাচে ইংল্যান্ডের বড় সংগ্রহের কারিগর ছিলেন জস বাটলার। ট্রেন্ট ব্রিজে রীতিমতো ‘টর্নেডো’ বইয়ে দেন তিনি। মাত্র ১৬ বলে অপরাজিত ৪৭ রান করে কিউই বোলারদের ক্ষতবিক্ষত করেন তিনি। এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের তাণ্ডবে শেষ ৪ ওভারে ৭৬ রান তুলে ইংল্যান্ড। ইয়ান বেল ম্যাচের সর্বোচ্চ ৮২ রান করলেও ম্যাচসেরার পুরস্কারটা গেছে বাটলারের হাতেই।

২৮৮ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৩৯ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কিউইরা। সেটাই কাল হয়ে দাঁড়ায়। ইনিংসের শেষ পর্যন্ত উইকেটে টিকে থাকতে পারলে ম্যাচের ফলাফল ভিন্নও হতে পারত।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন রস টেলর। মার্টিন গাপটিলের সংগ্রহ ৩৮ রান। নাথান ম্যাককুলাম ও কেইল মিলস প্রত্যেকে করেন ২৮ রান। উইকেটের বিচারে ইংল্যান্ডের সফলতম বোলার জেমস ট্রেডওয়েল। তিনটি উইকেট শিকার করেন এই অফস্পিনার। এ ছাড়া স্টিফেন ফিন, স্টুয়ার্ট ব্রড ও টিম ব্রেসনান প্রত্যেকে নেন দুটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ২৮৭/৬ (৫০ ওভার)

বেল ৮২, মরগান ৪৯, বাটলার ৪৭*, ট্রট ৩৭, রুট ৩৩

ম্যাকক্লেনঘান ৩/৫৪

নিউজিল্যান্ড: ২৫৩/১০ (৪৬.৩ ওভার)

টেলর ৭১, গাপটিল ৩৮, নাথান ম্যাককালাম ২৮, মিলস ২৮*

ট্রেডওয়েল ৩/৫১

ফল: ইংল্যান্ড ৩৪ রানে জয়ী।

সিরিজ: নিউজিল্যান্ড ২-১-এ জয়ী।

ম্যাচসেরা: জস বাটলার

সিরিজসেরা: মার্টিন গাপটিল

সূত্র: ক্রিকইনফো।