'চোকার' দক্ষিণ আফ্রিকা বাড়ির পথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওভালে এভাবেই ইংলিশ বোলারদের সামনে আত্মসমর্পণ করল দক্ষিণ আফ্রিকা ছবি: রয়টার্স
ওভালে এভাবেই ইংলিশ বোলারদের সামনে আত্মসমর্পণ করল দক্ষিণ আফ্রিকা ছবি: রয়টার্স

৮০ রান তুলতেই নেই আট উইকেট! এই ইংল্যান্ডের বিপক্ষেই বছর পাঁচেক আগে ট্রেন্ট ব্রিজে দক্ষিণ আফ্রিকার ৮৩ রানে অলআউট হওয়ার স্মৃতি তখন কড়া নাড়ছে দুয়ারে। কিন্তু সেই স্কোর তো পেরিয়ে গেলই, দক্ষিণ আফ্রিকা একসময় পেরিয়ে গেল চ্যাম্পিয়নস ট্রফিতে তাদের সর্বনিম্ন স্কোরের আগের রেকর্ডটিও। আশির সঙ্গে আরও ৯৫ যোগ করে উইকেটে যেন গাঁট হয়ে বসল মিলার-ক্লেইনভেল্টের নবম উইকেট জুটি।

কিন্তু পরপর দুই বলে দুই উইকেট তুলে নিয়ে মামলা ডিশমিশ করে দিলেন স্টুয়ার্ট ব্রড। এক শর নিচেই গুটিয়ে যাওয়ার লজ্জা দক্ষিণ আফ্রিকা এড়াল বটে, কিন্তু ফাইনালে যাওয়ার আশা ম্যাচের অর্ধেক পথেই জলাঞ্জলি দিল। ১৭৬ রানের সহজ লক্ষ্যটা সাত উইকেট ও ৭৫ বল হাতে রেখে পেরিয়ে গিয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে চলে গেল ইংল্যান্ড।

‘ইংলিশ’ হয়ে যাওয়া‘দক্ষিণ আফ্রিকান’ ব্যাটসম্যান জোনাথন ট্রটই প্রায় একাই হারিয়ে দিলেন।কেপটাউনে জন্ম নেওয়া ট্রটের একটাই আক্ষেপ থাকতে পারে।লক্ষ্যটা এত কম ছিল বলেই পঞ্চম ওয়ানডে সেঞ্চুরিটা হলো না।৮২ রানে অপরাজিত ছিলেন তিনি।অভিষেকের পর থেকেই ইংল্যান্ডের বড় ভরসা হয়ে ওঠা জো রুট যে ডেভিড ওয়ার্নারের চড় খেয়েও ফর্মে অটল আছেন, সেটা বোঝা গেল আরও একবার।৪৮ রান এসেছে এই ২২ বছর বয়সীর ব্যাট থেকে।২০০৪ সালের পর আবার টুর্নামেন্টের ফাইনালে উঠল ইংলিশরা।আর বাড়ির পথ ধরল দক্ষিণ আফ্রিকা।

শব্দটা বারবার ঘুরেফিরে এসে বিব্রত করে। কিন্তু সেই ‘চোকার’ শব্দটিকে প্রোটিয়ারা যে কবরও দিতে পারছে না। চ্যাম্পিয়নস ট্রফিরই আদি টুর্নামেন্ট মিনি বিশ্বকাপের প্রথম আসরেই শিরোপা জিতেছিল তারা। সেটাই তাঁদের এখন পর্যন্ত প্রথম এবং শেষ সাফল্য। কোচ গ্যারি কারস্টেনের বিদায়ী টুর্নামেন্টে তাঁকে একটা বড় কিছু দিয়েই বিদায় দিতে চেয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স। সেই চাওয়াটার সমাধি ওভালেই রচিত হলো। আরও একবার শুনতে হলো এই অপবাদ, বড় টুর্নামেন্টের বড় ম্যাচে গিয়েই আর পারে না দক্ষিণ আফ্রিকা।

ইনিংসের প্রথম দুই ওভারে দুই ওপেনারকে হারিয়ে যে বাজে শুরুটা করেছিল দক্ষিণ আফ্রিকা, সেটা আর সামলে উঠতে পারেননি কেউই। তৃতীয় উইকেটে পিটারসন-ডু প্লেসিসের ৪১ রানের জুটি শুরুর ধাক্কাটা সামলে নিয়েছে বলেই মনে হচ্ছিল। কিন্তু সেটা যেন ছিল ক্ষণিকের ভ্রম। একাদশ ওভার থেকে ২৩তম ওভার পর্যন্ত যেন স্রেফ নড়বড়ে একটা ছাতা সম্বল গায়ে ঝড়ের ভেতর দিয়ে হাঁটছিল দক্ষিণ আফ্রিকা। এই সময় ৩৫ রানে তারা হারিয়ে ফেলে ৬ উইকেট।

সেখান থেকে ইনিংস মেরামতের কাজটা ভালোমতোই করছিলেন ডেভিড মিলার ও ররি ক্লেইনভেল্ট। আগের আট ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ৫৪ রান তোলা ক্লেইনভেল্ট প্রথম আন্তর্জাতিক ফিফটি থেকে সাত রান দূরে থাকতে বিদায় নেন ব্রডের শিকার হয়ে। পরের বলেই সোতসোবেও ক্লেইনভেল্টকে অনুসরণ করে উইকেটের পেছনে ক্যাচ দিলে ৫৬ রানে অপরাজিত থাকার সান্ত্বনাটুকু নিয়ে ফিরতে হয় মিলারকেও। ব্রড আর ট্রেডওয়েল দুজনই নিয়েছেন তিনটি করে উইকেট। জেমস অ্যান্ডারসনের উইকেট দুটি।

ক্রিকেটের সর্বশেষ স্কোর জানতে C লিখে পাঠিয়ে দিন 2221 নম্বরে।