লজ্জা ঢাকার উপায় খুঁজছে ভারত
‘কমনওয়েলথ গেমস ইন্ডিয়া’স শেম’—টাইমস অব ইন্ডিয়ার এই শিরোনামে অনুপ্রাসজনিত যে সৌন্দর্য আছে, তা উপভোগ করার মতো মানসিকতা নিশ্চয়ই ভারতীয়দের নেই। ভারতীয়দের জন্য কমনওয়েলথ গেমস লজ্জার একটা উপলক্ষ হয়ে দাঁড়িয়েছে। গণমাধ্যমে সমালোচনা চলছে, একটার পর একটা দেশ গেমস নিয়ে তাদের দুশ্চিন্তার কথা জানাচ্ছে। অনেক বিশেষজ্ঞের অনুমান, শুরুর ৯ দিন আগেও গেমসটির আলোর মুখ দেখার সম্ভাবনা ঝুঁকির মধ্যে রয়েছে। অব্যবস্থাপনার কথা শুনে স্কটল্যান্ড, কানাডার পর নিউজিল্যান্ডও সপ্তাহখানেক পরে তাদের দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এই তোলপাড় দেখে গতকালই দিল্লিতে চলে যাওয়ার কথা জানিয়েছিলেন কমনওয়েলথ গেমস ফেডারেশনের (সিজিএফ) সভাপতি মাইকেল ফেনেল। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে এ নিয়ে বিশেষ বৈঠক করার কথা তাঁর। অবশ্য সবকিছু মিলিয়ে ভারত সরকারও নড়েচড়ে বসেছে। মহা বিতর্কিত গেমস-পল্লির দায়িত্ব দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষের হাত থেকে আজই নিয়ে নেওয়ার কথা দিল্লি রাজ্য সরকারের। এত কিছুর মধ্যেও ভারতীয়দের জন্য একমাত্র সুখবর, অস্ট্রেলীয় কমনওয়েলথ গেমস অ্যাসোসিয়েশন সন্তোষ প্রকাশ করেছে দিল্লির নিরাপত্তাব্যবস্থা নিয়ে।অথচ অস্ট্রেলীয় একটি টেলিভিশনই সবচেয়ে বড় বোমাটা ফাটিয়েছে কদিন আগে। গেমস-পল্লির বাইরে ফুটব্রিজ ধসে পড়া, গেমস ভেন্যুর অংশবিশেষের ছাদ ধসে পড়া, এখানে-সেখানে সুরকি-ময়লার স্তূপ, নানা জায়গায় মশার উত্তম প্রজননক্ষেত্র হিসেবে পানি জমে থাকা, পল্লির নানা অংশ এখনো নির্মাণাধীন; অনেক অনেক অভিযোগ তো ছিলই। অস্ট্রেলীয় টেলিভিশনটির অনুসন্ধানী প্রতিবেদন দেখিয়েছে, পল্লিতে কোনো বাধা ছাড়াই বোমা তৈরির উপকরণ নিয়ে ঢুকে বেরিয়ে আসা সম্ভব।সেই অস্ট্রেলিয়ারই কমনওয়েলথ গেমস অ্যাসোসিয়েশনের প্রধান পেরি ক্রসহোয়াইট বলছেন, গেমস-পল্লির সব জায়গা ঘুরে দেখার অভিজ্ঞতা থেকে তাঁর মনে হয়েছে, জায়গাটি যথেষ্ট নিরাপদ। বর্তমানে দিল্লিতেই থাকা ক্রসহোয়াইট দাবি করছেন, ‘আমি ও আমার দলের অন্য সদস্যরা এখানে যে ধারণা পেয়েছি, তাতে মনে হয়েছে গেমসের নিরাপত্তাব্যবস্থা খুবই ভালো ও সংগঠিত।’যদিও অস্ট্রেলিয়া সরকার এই কথায় সুর নরম করছে না। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড গেমস নিয়ে তাঁর দুশ্চিন্তার কথা জানিয়েছেন। একটি অস্ট্রেলিয়ান পত্রিকা লিখেছে, দলের সঙ্গে নিরাপত্তার জন্য ১৫ সদস্যের ফেডারেল পুলিশের একটি দল আসছে। গেমসে নিজেদের নিরাপত্তা বিভাগের লোক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়াও।সবচেয়ে বড় ধাক্কাটা দিয়েছে নিউজিল্যান্ড। আগামীকালই তাদের দল এসে পৌঁছানোর কথা ছিল দিল্লিতে। কিন্তু সব পরিস্থিতি দেখার জন্য কমপক্ষে এক সপ্তাহ পিছিয়ে দিয়েছে তারা দলের দিল্লিগমন। নিউজিল্যান্ড অলিম্পিক কমিটির প্রধান মাইক স্ট্যানলি বলছেন, ‘পরিস্থিতি ভয়াবহ হতাশাজনক।’একই রকম হতাশা ব্যক্ত করেছেন ইংল্যান্ড কমনওয়েলথ গেমস কমিটির চেয়ারম্যান অ্যান্ড্রু ফস্টার। তিনি বলছেন, পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পরিস্থিতির উন্নয়ন না হলে ইংল্যান্ড গেমসে দল না পাঠানোর বিষয়ে ভাববে।এমন ক্রান্তিকালে গেমসকে আরও বিতর্ক থেকে বাঁচাতে নিশ্চিত করতে গতকাল দিল্লি চলে আসার কথা সিজিএফ সভাপতির। তিনি নিজে কিছু না বললেও সংস্থার প্রধান নির্বাহী মাইক হুপার দারুণ ক্ষুব্ধ। তিনি বলছেন, দুই বছর ধরে তাগিদ দিয়েও পরিস্থিতির উন্নতি করতে পারেননি তাঁরা, ‘নোংরা-আবর্জনাময় পরিবেশ। এখনো কিচ্ছু পরিষ্কার করা হয়নি। আমি এমন পরিস্থিতিতে এর আগে পড়িনি। দুই বছর ধরে আমরা কাজটা সময়মতো শেষ করার তাগিদ দিয়েছি, এখনো সেই ঢিলেমিই চলছে।’দুই বছর ধরে যাদের তাগিদ দিয়েছেন, তারা হয়তো গা করেনি। এ জন্যই এবার কেন্দ্রীয় সরকার নড়েচড়ে বসেছে। কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ সচিব কে এম চন্দ্রশেখর দিল্লি সরকারকে আজকের মধ্যে গেমস-পল্লির দায়িত্ব বুঝে নিতে বলেছেন। দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষের কাছ থেকে দায়িত্ব বুঝে নেওয়ার আগে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত। তিনি সেখানে যুদ্ধকালীন পরিস্থিতির মতো করে কাজ চালানোর নির্দেশ দিয়ে এসেছেন। এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।