লজ্জা দিল এই ভারতও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ফুটবলও খেলা। সেটার সঙ্গে পাল্লা দিচ্ছ ঠিক আছে, তাই বলে আবহাওয়াকেও পাত্তা দেবে না! এমন স্পর্ধা আষাঢ় মাস মেনে নেবে কেন? পয়লা আষাঢ়ে ক্রিকেট হওয়ার মজা তাই বুঝিয়ে দিল সে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হলো বৃষ্টিভেজা এক ম্যাচ।
বৃষ্টির আগেই বাংলাদেশের ইনিংস আর ভারতের ইনিংসের ১৬.৪ ওভার খেলা শেষ। বাংলাদেশের ২৭২ রানের জবাবে ভারতের রান হয়ে গেছে ১ উইকেটে ১০০। বৃষ্টির জন্য ২ ঘণ্টা ৪৪ মিনিট খেলা বন্ধ থাকার পর ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ভারতের লক্ষ্য দাঁড়াল ২৬ ওভারে ১৫০ রান। অর্থাৎ আরও ৫৬ বলে করতে হবে ৫০। লক্ষ্যটা তারা সহজেই টপকে গেল ৭ উইকেট হাতে রেখে। ম্যাচ শেষে অধিনায়ক মুশফিক দিলেন হারের ব্যাখ্যা, ‘২০ রান কম করে ফেলেছি আমরা। বোলিংয়ের সময়ও প্রথম ১০ ওভার পরিকল্পনামতো হয়নি। বৃষ্টির আগে ওদের ৭০-৭৫ এর মধ্যে আটকে রাখা উচিত ছিল।’
সন্ধ্যার আগেই মিরপুরের আকাশ অন্ধকার। ভারতের দুই ওপেনার রবিন উথাপ্পা আর ঋদ্ধিমান সাহা বুঝি আকাশের ভাষা বুঝেই ব্যাট করলেন! ১০ ওভার শেষে যেখানে রান ছিল ৫৯, সেখানে পরের ৬.৪ ওভারেই ১ উইকেটে ১০০। বৃষ্টি-বাধার পর সাকিব আর মাশরাফি চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানের উইকেট দুটি তুলে নিলেও ভারত জয়ের আনুষ্ঠানিকতা সেরেছে ৭ বল বাকি থাকতে।
মিরপুরের ন্যাড়া উইকেটে বাংলাদেশের ২৭২ যে খুব বড় লক্ষ্য ছিল না, সেটা ভারতের ৯৯ রানের উদ্বোধনী জুটিতেই প্রমাণিত। বরং প্রশ্ন তোলা যায় বাংলাদেশের ইনিংস নিয়েই। মিডল অর্ডারে ৩০, ৫২, ৪৭, ৬৫ রানের জুটিগুলো কেন আরও বড় হলো না? কেন পঞ্চাশ পেরোতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে মুশফিক-সাকিবের ব্যাট! কিংবা কেন পঞ্চাশ ছোঁয়ার আগেই ওভাবে উইকেট দিয়ে আসবেন ওপেনার এনামুল হক?
অথচ এই ভারতীয় দল কাগজে-কলমে অনেকটাই অনভিজ্ঞ বাংলাদেশের চেয়ে। অফ স্পিনার পারভেজ রসুল আর বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেলের তো কালই অভিষেক হলো। দলে সবচেয়ে অভিজ্ঞ অধিনায়ক সুরেশ রায়না ওয়ানডে খেলেছেন ১৮৯টি। বাকি সবার ওয়ানডে মিলিয়েও সংখ্যাটা ১৩৬! এর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রবিন উথাপ্পা খেলেছেন মাত্র ৩৮টি ওয়ানডে। এমন ভারতীয় দলের চেয়ে বাংলাদেশ অন্তত অভিজ্ঞতায় এগিয়ে থাকবে স্বাভাবিক। কাল সে অভিজ্ঞতাকে আরেকটু সমৃদ্ধ করলেন মাহমুদউল্লাহ। বাংলাদেশের হয়ে দশম খেলোয়াড় হিসেবে খেললেন শততম ওয়ানডে।
মাইলফলক ম্যাচটাকে চাইলে মাহমুদউল্লাহ ‘প্রত্যাবর্তন’ ম্যাচও বলতে পারেন। ৪১ রান করেছেন, ব্যাটিং অর্ডারে একটু আগে নেমে পঞ্চম উইকেটে সাকিবের সঙ্গে গড়েছেন দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রানের জুটি। বলতে পারেন, সবই ঠিক আছে। কিন্তু ৪১ রান করে আউট হয়ে গেলে আবার প্রত্যাবর্তন ইনিংস হয় নাকি! ক্ষেত্রবিশেষে হয়। মাহমুদউল্লাহ যেমন কালকের আগে সর্বশেষ পাঁচ ওয়ানডে মিলেই করেছিলেন মাত্র ৩৬ রান! এর মধ্যে রান-খরা কাটিয়ে ওঠার আভাস দিয়ে ৩০ রানই করেছেন গত এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে।
সমস্যা একটাই—মাহমুদউল্লাহর নিজেকে ফিরে পাওয়ার ম্যাচেও ফিরল না বাংলাদেশের ভাগ্য। দ্বিতীয় সারির ভারত লজ্জাই দিল তাদের। মুশফিক অবশ্য খেলা শেষে বলেছেন, ‘আমি কখনোই বলিনি ওরা “এ” দল। বলেছিলাম, দলটা তরুণ।’