লজ্জা নিয়ে ফিরছেন ক্লার্করা
অধিনায়কের আকুতি, কোচের ক্ষোভ, দলকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া—কাজে দিল না কিছুই। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটাতেও অস্ট্রেলিয়া হারল বাজেভাবে। চিরশত্রুদের মাটি থেকে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ফিরছে খালি হাতে। সঙ্গী শুধু ধবলধোলাইয়ের লজ্জা। ৪-০, ৪১ বছরের ওয়ানডে ইতিহাসে অস্ট্রেলিয়ার সবচেয়ে বাজে সিরিজ হার!বৃষ্টি খেয়ে নেওয়া তৃতীয় ওয়ানডেটির জন্য অ্যালিস্টার কুকের নিশ্চয়ই এখন আফসোস হচ্ছে। অস্ট্রেলিয়াকে যেভাবে নাকানি-চুবানি খাইয়ে ছাড়ল, তাতে ওই ওয়ানডেটিও হয়তো জিততেন তাঁরাই। আর ৫-০তে জিতলেই পূর্ণতা পেত প্রাপ্তি। টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দল উঠে যেত ওয়ানডে র্যাঙ্কিংয়েরও শীর্ষে। প্রাপ্তিও অবশ্য কম নয়। চিরপ্রতিদ্বন্দ্বীদের চূড়ান্ত লজ্জায় ডোবানো হয়েছে। সঙ্গে উঠে এসেছে র্যাঙ্কিংয়ের তিনে। রেটিং পয়েন্ট আসলে দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার সমানই (১১৮), ইংলিশরা ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে। অস্ট্রেলিয়া শীর্ষে মাত্র ১ পয়েন্ট এগিয়ে! জয়ের পথটা আরও একবার তৈরি করে দিয়েছিলেন বোলাররাই। বৃষ্টিতে ৩২ ওভারে নেমে আসা ম্যাচে ৪৩ রানের উদ্বোধনী জুটি পেয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু ৬ উইকেট হারায় পরের ৪৩ রান তুলতেই! টি-টোয়েন্টি অধিনায়ক জর্জ বেইলির ৪১ বলে অপরাজিত ৪৬ অস্ট্রেলিয়াকে এনে দেয় ১৪৫ রান। তবে এই পুঁজি নিয়ে লড়াইও করতে পারেননি অস্ট্রেলিয়ান বোলাররা। আরেক দফা বৃষ্টিতে ইংল্যান্ডের লক্ষ্য নেমে আসে ২৯ ওভারে ১৩৮। ফর্মে থাকা অধিনায়ক কুক (৫৮) ও বোপারা (৫২*) দলকে জিতিয়ে দেন ১১ বল ও ৭ উইকেট হাতে রেখেই। ৪ ওভারে ৮ রান দিয়ে ২ উইকেট আর অপরাজিত ফিফটিতে ম্যাচ-সেরা রবি বোপারা। কেভিন পিটারসেনকে ভুলিয়ে দেওয়া ব্যাটিংয়ে সিরিজ-সেরা ইয়ান বেল।এ বছর এখনো কোনো ওয়ানডে হারেনি ইংল্যান্ড। জিতল টানা ১০ ম্যাচ। আর অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ জয়ের তৃপ্তি তো আছেই। কুক স্বাভাবিকভাবেই দারুণ উচ্ছ্বসিত, ‘অসাধারণ খেলেছে ছেলেরা, এভাবে সিরিজ জয়ের আনন্দটা বলে বোঝানো যাবে না। সবাই জানে অস্ট্রেলিয়া কতটা কঠিন ক্রিকেট খেলে। তবে আমরা এক মুহূর্তের জন্যও ছাড় দিইনি। চারটা ম্যাচেই আমরা ওদের শুরু থেকেই চাপে রেখেছি। আশা করি, এই ধারাবাহিকতা ধরে রেখে আরও এগিয়ে যাবে দল।’অধিনায়ক ক্লার্কের মধুচন্দ্রিমা শেষ হলো ধবলধোলাইয়ে। অধিনায়ক হওয়ার পর চারটি সিরিজ ও একটি টুর্নামেন্ট জয়ের পর ক্লার্ক পেলেন প্রথম সিরিজ হারের স্বাদ। কোনো অজুহাত দেখাননি অস্ট্রেলিয়ান অধিনায়ক, স্বীকার করে নিয়েছেন নিজেদের ঘাটতিগুলো, ‘শুধু এই সিরিজে নয়, আগের সিরিজগুলো জিতলেও আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। র্যাঙ্কিংয়ের শীর্ষে টিকে থাকতে যতটা ধারাবাহিক হওয়া প্রয়োজন, ততটা পারছে না আমাদের ওয়ানডে দল। এ জন্যই আমাদের দুই-তিন-চারে থাকা দল এখন আমাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। ওয়ানডে দলকে নিয়ে অনেক কাজ করতে হবে।’ ওয়েবসাইট।