লজ্জাজনক বিদায় এড়াতে চায় জার্মানরা
বিশ্বকাপে এমন অবস্থার মুখোমুখি খুব কমই হয়েছে জার্মানি। গ্রুপ পর্ব থেকে লজ্জাজনক বিদায় এড়াতে ঘানার বিপক্ষে শেষ ম্যাচের দিকে তাকিয়ে আছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-০ গোলের বড় জয় দিয়ে শুরুটা বেশ ভালোই হয়েছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচে সার্বিয়ার কাছে ১-০ গোলে হেরে গিয়ে দ্বিতীয় পর্বে যাওয়ার পথটা বেশ কঠিনই করে তুলেছে তারা। ঘানার বিপক্ষে হেরে গেলে বা ড্র করলেও প্রথমবারের মতো গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে যাবে জার্মানরা। অতএব, ঘানার বিপক্ষে ম্যাচটি ‘ডু আর ডাই’ই হয়ে গেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য।প্রথম পর্ব থেকেই বিদায় নেওয়ার সম্ভাবনার মুখোমুখি হওয়ার চাপটা বেশ ভালোমতোই টের পাচ্ছে জার্মানরা। তবে সেই চাপকে পাত্তা না দিয়ে শান্ত থাকতে চাচ্ছে তারা। ‘আমরা জানি, গ্রুপ পর্ব থেকেই বিদায়ের একটি লজ্জাজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ কারণে বেশ চাপেই আছি আমরা। তবে চাপ নিয়ে লাভ নেই। প্রমাণ করতে হবে, এই বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল আমরা।’ বলেছেন দলের রক্ষণভাগের খেলোয়াড় আর্ন ফ্রেডরিক। তবে জার্মানির জন্য দুঃসংবাদ একটা থেকেই যাচ্ছে, ঘানার বিপক্ষে এই গুরুত্বপূর্ণ ম্যাচে তারা মাঠে পাচ্ছে না দলের সেরা স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসাকে। গত ম্যাচে লাল কার্ড দেখায় ঘানার বিপক্ষে মাঠের বাইরেই থাকতে হবে ক্লোসাকে।