লজ্জাতেই মুখ বন্ধ মরগানের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এউইন মরগান
এউইন মরগান

মাঠে খেলোয়াড়েরা উদাত্তকণ্ঠে ‘গড সেভ দ্য কুইন’ গাইছেন। গ্যালারি থেকে গলা মেলাচ্ছে আবেগাপ্লুত দর্শক। হঠাৎ টিভি ক্যামেরায় দেখা গেল, মুখে কুলুপ এঁটে রেখেছেন খোদ অধিনায়ক, ঠোঁটই নড়ছে না। ইংল্যান্ডের হতশ্রী দশার চেয়ে অধিনায়ক এউইন মরগানের জাতীয় সংগীত না গাওয়া বেশি কষ্টদায়ক কি না এটিই এখন ইংল্যান্ডে বেশি আলোচিত প্রসঙ্গ।
স্কটল্যান্ডের সঙ্গে সেই ম্যাচের পরই মরগানকে প্রশ্নটা করা হয়েছিল, জাতীয় সংগীত না গাওয়ার কারণটা কি ইংলিশ রাজতন্ত্রের প্রতি অভক্তিপ্রসূত? নাকি অন্য কোনো রাজনৈতিক কারণ আছে নেপথ্যে? মরগান তখন দাবি করেছিলেন, কারণটা একেবারেই ব্যক্তিগত। কিন্তু সমালোচনা থেমে থাকেনি। তবে ইংলিশ অধিনায়কের স্কুলশিক্ষকের দাবি, স্রেফ লজ্জার কারণেই প্রকাশ্যে জাতীয় সংগীতে ঠোঁট মেলান না মরগান।
কেভিন জেনিংস সেই ১১ বছর বয়স থেকেই দেখে আসছেন মরগানকে। সেই থেকেই ডাবলিন ক্যাথলিক ইউনিভার্সিটি স্কুলের সাবেক এই শিক্ষক বলছেন, ‘ও সব সময়ই খুব চুপচাপ ও অন্তর্মুখী ছিল। লাজুকও। আমার মনে হয় এ জন্যই প্রকাশ্যে গলা মেলায় না। স্কুলেও সে কখনো করত না। শুধু ব্যাট করতে নামলেই সে আত্মবিশ্বাসী হয়ে উঠত। আমি জানি অনেকেই এখন অনেক কিছু বলছে, তবে আমার মনে হয় না এটা রাজনৈতিক কিছু। সে কখনোই এসব নিয়ে মাথা ঘামাত না।’
সেদিনের সেই চুপচাপ মরগানকেই এখন না চাইলেও অনেক কিছু বলতে হয়। অধিনায়ক হিসেবে প্রচারমাধ্যমের সামনে আসতে হয়। জেনিংস এই ‘বিবর্তনে’ও খানিকটা বিস্মিত, ‘সংবাদ সম্মেলনে ওকে দেখলে তো অবাকই লাগে, সাত-আট বছর আগেও সে এটা করতে পারত না। আমি নিশ্চিত এটার জন্য ওকে অনুশীলন করতে হয়েছে।’
সবাই অবশ্য মরগানের পিণ্ডি চটকেছেন এমন নয়। গ্যারি লিনেকার নিজেও ইংল্যান্ড ফুটবল দলে খেলার সময় জাতীয় সংগীত খুব একটা গাইতেন না। মরগানের ঘটনা নিয়ে সোজাসাপটা বলেছেন, ‘সবাই তো স্বাচ্ছন্দ্য বোধ করবে না। আমি বুঝতে পারছি না এ নিয়ে এত কথার কী আছে।’ টেলিগ্রাফ।