লজ্জার ইতিহাসের সামনে চেলসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভাগা যেদিকে চায়, সাগর শুকায়ে যায়। প্রবচনটা রাফায়েল বেনিতেজের চেয়ে আরও কার ক্ষেত্রে বোধহয় এই মুহূর্তে এত প্রাসঙ্গিক হবে না। প্রিমিয়ার লিগে দায়িত্ব নিয়ে তিন ম্যাচে জয়ের মুখ দেখেননি। আজ চ্যাম্পিয়নস লিগে চেলসি যখন মাঠে নামবে, সেখানে কিন্তু লজ্জার একটি ইতিহাস চোখ রাঙাচ্ছে তাদের। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসের প্রথম দল হিসেবে গ্রুপপর্ব থেকেই বাদ পড়ে যেতে পারে চ্যাম্পিয়নরা। আজ প্রতিপক্ষ অবশ্য পুঁচকে নরশেলান, কিন্তু মুশকিলটা হলো অন্য ম্যাচে জুভেন্টাস যদি শাখতারের বিপক্ষে জেতে বা ড্র করে তবে বিদায়ঘণ্টাই বাজবে তাদের। চেলসির তাই জিতলেই শুধু হবে না, কায়মনোবাক্যে প্রার্থনা করতে হবে জুভেন্টাসের হারেরও। বেনিতেজ অবশ্য এখনই আশা ছেড়ে দিচ্ছেন না, ‘ইতিবাচক দিকটা হলো শাখতারের অনেক ভালো খেলোয়াড় আছে, সবাই তাদের নিয়ে কথা বলছে। বিশ্বকে তাদের দেখিয়ে দিতে হবে তারা আসলেই কতটা ভালো।’ শাখতারকে তাতিয়ে দেওয়ার দাওয়াই কাজে আসবে কি না, সেটা জানতে অবশ্য আজকের ম্যাচের দিকে তাকিয়ে ছাড়া উপায় নেই।আজ অবশ্য সুতোর ওপর ঝুলে থাকা দুটো গ্রুপের দ্বিতীয় স্থানের নিষ্পত্তি হবে। গ্রুপ ‘জি’তে বার্সেলোনা চ্যাম্পিয়ন হিসেবেই নিশ্চিত করে ফেলেছে শেষ ষোলো। পরের স্থানের জন্য লড়াইটা এখন বেনফিকা ও সেল্টিকের। সম্ভাবনা অবশ্য সেল্টিকেরই বেশি, বেনফিকাকে যে খেলতে হবে বার্সেলোনার মাঠে! সেল্টিকের শুভকামনা করেছেন আবার বার্সার মহাতারকা লিওনেল মেসি, ‘সেল্টিকের খেলার ধরন যে আমরা পছন্দ করি তা নয়, কিন্তু সমর্থকদের জন্যই নকআউটে খেলাটা তাদের প্রাপ্য। তাদের ছাড়া চ্যাম্পিয়নস লিগ জমবে না।’ একই অবস্থা গ্রুপ ‘এইচেও’,গ্যালাতাসারাই ও ক্লুজ আছে সাত পয়েন্ট নিয়ে একই সমতলে। তবে ওল্ড ট্রাফোর্ড ক্লুজের প্রতিপক্ষ যখন ম্যানচেস্টার ইউনাইটেড, তাদের আশাটা কিছুটা মলিনই। ‘এফ’ গ্রুপেই কেবল তেমন উৎকণ্ঠা-অনিশ্চয়তা নেই। ভ্যালেন্সিয়া ও বায়ার্ন মিউনিখ আগেই নকআউট পর্ব নিশ্চিত করেছে। এখন শুধু অপেক্ষা শীর্ষে কে থাকে সেটা দেখার। এএফপি।আজ মুখোমুখি চেলসি : নরশেলান শাখতার : জুভেন্টাস বায়ার্ন মিউনিখ : বাতে বরিসভ লিল : ভ্যালেন্সিয়া বার্সেলোনা : বেনফিকা সেল্টিক : স্পার্তাক মস্কো ব্রাগা : গ্যালাতাসারাই ম্যানচেস্টার ইউনাইটেড : ক্লুজ *প্রথমে স্বাগতিক দল