লজ্জার মধ্যে সান্ত্বনার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলা শেষ হওয়ার মাত্রই কয়েক সেকেন্ড আগে পেনাল্টি কর্নার পেল বাংলাদেশ এবং তা থেকে গোলও করে ফেললেন মামুনুর রহমান (চয়ন)। গোলও হলো বাঁশিও বাজল। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের ইলেকট্রনিকস স্কোর বোর্ডে ভেসে উঠল—বাংলাদেশ ৪: ১ ওমান। তবে হেরেও আনন্দ করল, কারণ চ্যাম্পিয়ন হয়েই এশিয়ান গেমসের চূড়ান্ত পর্বে উঠল।অথচ এমন আনন্দের প্রতিশ্রুতি নিয়েই টুর্নামেন্ট শুরু হয়েছিল বাংলাদেশের। সেই প্রতিশ্রুতি শেষ পর্যন্ত পর্যবসিত হলো লজ্জায়। এশিয়ান গেমস বাছাই হকির গতবারের চ্যাম্পিয়নরা এবার হয়েছে পঞ্চম। ৬ খেলায় ২ জয়, ২ ড্র ও ২ হারে ৮ পয়েন্ট পেয়েছে স্বাগতিক দল। সমান ম্যাচে ৮ পয়েন্ট পেয়েও গোলগড়ে ষষ্ঠ শ্রীলঙ্কা। ১১ পয়েন্ট পাওয়া ওমান সবার ওপরে।গত কয়েক ম্যাচের ধারাবাহিক ব্যর্থ বাংলাদেশ কাল যেন ঘুরে গেল পুরো ১৮০ ডিগ্রি। ড্রিবলিং, স্টিক-ওয়ার্ক, খেলোয়াড়দের মধ্যে সমন্বয়—সব মিলিয়ে সুখী পরিবারের বিজ্ঞাপন মনে হচ্ছিল বাংলাদেশকে। যদিও প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৪১ মিনিট পর্যন্ত। বাংলাদেশকে প্রথম এগিয়ে নেন কৃষ্ণ। ১০ মিনিট পরই গোলটি শোধ করে ফেলেন ওমানের বাসিম। ৫৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে মামুনুর আবারও এগিয়ে নেন দলকে। ৬৩ মিনিটের গোলটি কামরুজ্জামানের (রানা)। ৭০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ওমানের কফিনে শেষ পেরেক ঠুকে দেন মামুনুর। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার (১১টি) পুরস্কারও হাতে তুললেন তিনিই।এই পারফরম্যান্স কেন গত কয়েক ম্যাচে দেখাতে পারল না দল? অধিনায়ক মশিউর রহমান (বিপ্লব) জানালেন, ‘আজ (গতকাল) আমাদের ওপর কোনো চাপ ছিল না বলেই এভাবে খেলতে পেরেছি। সবাইকে বলেছিলাম, খেলাটা উপভোগ করতে। আমাদের স্বাভাবিক খেলাটা খেলেই জয় পেলাম।’ একই কথা মামুনুরেরও, ‘এই ম্যাচে আসলে আমাদের হারানোর কিছু ছিল না। তাই শুরু থেকেই নিজেদের মতো খেলেছি।’ স্ট্রাইকার রাসেল মাহমুদ (জিমি) এই জয়কে দেখছেন সঠিক পরিকল্পনার ফসল হিসেবে, ‘আমরা কোচের পরিকল্পনা অনুসারে খেলতে পেরেছি। তবে এটা সত্যি, গত কয়েক দিনের মতো আজও মাঝমাঠে সমস্যা ছিল।’ পুরো টুর্নামেন্টে বাংলাদেশের পারফরম্যান্সে হতাশ কোচ পিটার গেরহার্ড, ‘প্রথম ও শেষ ম্যাচ ছাড়া বাকি সব খেলার পারফরম্যান্সে আমি হতাশ। গত দক্ষিণ এশীয় গেমসের চেয়ে এই টুর্নামেন্টে বাজে খেলেছি আমরা।’ তবে এই ব্যর্থতা কাটিয়ে উঠে এশিয়ান গেমসেই তাঁর চোখ, ‘এখন থেকে কঠোর পরিশ্রম করতে হবে। আশা করি, এশিয়ান গেমসে আমরা ভালো করব।’