
বলগুলো মেসি করছিলেন না তো! নাকি নেইমার? অফ স্টাম্পের বাইরে ফেলে মাশরাফি বিন মুর্তজা আর তাসকিন আহমেদ ইন সুইঙ্গারে যেভাবে একটার পর একটা বল ভেতরে ঢোকাচ্ছিলেন, যেন মেসি-নেইমারের নেওয়া কোনাকুনি শট বারে লেগে গোলে ঢুকে পড়া!
বিশ্বকাপ ফুটবলে ঢাকা পড়া বাংলাদেশ-ভারত সিরিজটাকে কাল হঠাৎই জাগিয়ে তুলতে চাইলেন ক্রিকেটের মেসি-নেইমারে রূপান্তরিত মাশরাফি-তাসকিন। ওয়ানডে অভিষেকেই ৫ উইকেট নিয়ে তাসকিনের রেকর্ড বইয়ে ঢুকে পড়া, পুরোনো দিনের মতো মাশরাফির আগুন ঝরানো বোলিং আর বাংলাদেশের বিপক্ষে ভারতের সর্বনিম্ন রানের দিনে বিশ্বকাপেরই তো পেছনে পড়ে যাওয়ার কথা! কিন্তু সেটা হতে দিলেন না বাংলাদেশের ব্যাটসম্যানরা। ভারতকে ১০৫ রানে অলআউট করে দিয়েও নিজেরা অবনত মাত্র ৫৮ রানে অলআউট হওয়ার লজ্জায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১১ বিশ্বকাপেও ৫৮ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ এবং ওয়ানডেতে এটিই তাদের সর্বনিম্ন স্কোর।
‘মৃত্যু’র মিছিল শুরু তামিম ইকবালের ‘আত্মহত্যা’য়। মোহিত শর্মার প্রথম বলেই কাভার ও পয়েন্টের মাঝ দিয়ে চার। পরের বলেও ডাউন দ্য উইকেটে এসে ব্যাট চালালেন। যেন প্রথম ওভারেই টপকে যেতে হবে ভারতের ১০৫! কিন্তু বল ব্যাটের ভেতরের কানায় লেগে উইকেট কিপারের গ্লাভসে। কিছুদিন ধরে তামিম এতটাই দায়িত্বহীন ব্যাটিং করছেন যে এখন সংবাদ সম্মেলনে তাঁর দলে থাকা নিয়েও প্রশ্ন উঠে গেছে। অধিনায়ক মুশফিকুর রহিম ‘রক্ষণাত্মক শট’ খেলে আর কত বাঁচাবেন তামিমকে!
কাল অবশ্য মুশফিক কাউকে বাঁচাতে চাইলেন না। ১০৫ রানের জবাবে ৫৮ রানে অলআউট হওয়ার ব্যাখ্যা অবশ্য বিশ্বের সেরা বাকপটু অধিনায়কেরও দিতে পারার কথা নয়। দিনের শেষে বাংলাদেশ অধিনায়ক মুশফিকও আত্মসমর্পণ করলেন, ‘এর কোনো ব্যাখ্যা নেই। অনেক বড় সুযোগ এসেছিল। কিন্তু একটা জাতির জন্য এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। আমারও বোধগম্য নয়, কেন এমন হলো। অধিনায়ক হিসেবে আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী।’
প্রতিটি আউটের ধরন বর্ণনা করে ব্যাটসম্যানদের আরেকবার লজ্জায় না ফেলাই ভালো। ১০৬ রানের লক্ষ্যে খেলতে নেমে একসময় রান ছিল ২ উইকেটে ৪৪। সেখান থেকে কোনো দল ৫৮ রানে অলআউট হয়ে গেলে ব্যাটিংটা কী রকম শিশুতোষ ও দায়িত্বজ্ঞানহীন হতে হয়, তা নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন। ভারতের মিডিয়াম পেসার স্টুয়ার্ট বিনি তাঁদের কাছে হয়ে গেলেন অন্য গ্রহের বোলার! আগের দুই ওয়ানডেতে উইকেটশূন্য বিনিই ভারতের পক্ষে সেরা ওয়ানডে বোলিংয়ের রেকর্ড গড়লেন ৪ রােন ৬ উইকেট নিয়ে৷ বাকি ৪টি উইকেট মোহিত শর্মার৷
উইকেটের ওপর হালকা সবুজ আভা। চার পেসার নিয়ে খেলার লোভ সামলাতে পারল না বাংলাদেশ। সেটা কাজেও লেগেছিল। ৫.২ ওভারের সময় বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগেই মাশরাফির বলে এলবিডব্লু হয়ে ফিরেছেন ভারতের ওপেনার অজিঙ্কা রাহানে। দুই ঘণ্টা ৩৪ মিনিট বৃষ্টি-বিরতির পর খেলা আবার শুরু হতেই উইকেট যেন ব্যাটসম্যানদের জন্য মৃত্যুকূপ!
ইনিংসের ষষ্ঠ ওভারে বল করতে এসে তাসকিন প্রথম সাফল্য পেলেন নিজের দ্বিতীয় ওভারে। অভিষেক ওয়ানডেতেই গতি, লাইন-লেংথ আর সুইংয়ের দারুণ এক প্রদর্শনী রেখেছেন ১৯ বছর বয়সী পেসার। সোহাগ গাজীর ৪ উইকেটকে টপকে এখন অভিষেকে বাংলাদেশের পক্ষে সেরা বোলিং তাসকিনের ২৮ রানে ৫ উইকেট।
তাসকিনের পরের চার উইকেটের তিনটিই এলবিডব্লু। মাশরাফির দুটি উইকেটও এসেছে এলবিডব্লুতে। বল ফেললেই সাপের মতো বাঁক খেয়েছে। মিরপুরের উইকেটকে এমন স্বর্গতুল্য এর আগে কখনোই পাননি বাংলাদেশের পেসাররা। প্রথমবারের মতো এমন উইকেট পেয়ে তার দারুণ সদ্ব্যবহার করেছেন মাশরাফি-তাসকিন-আল আমিনরা। চোটের আশঙ্কায় যে মাশরাফি এক স্পেলে ৪-৫ ওভারের বেশি বল করেন না, তিনিও ঝুঁকি নিয়ে করে ফেলেন ৯ ওভারের স্পেল।
তাতে লাভ কিছুই হয়নি। দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং গলা টিপে মারল একটি সুন্দর সম্ভাবনাকে। সিরিজে ফেরার ম্যাচটি হয়ে গেল সিরিজ হারের ম্যাচ।
ওয়ানডে অভিষেকে সেরা বোলিং
ম্যাচ ভেন্যু সাল
৬/২২ ফিদেল এডওয়ার্ডস ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ে হারারে ২০০৩
৫/২১ টনি ডডেমেইড অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা পার্থ ১৯৮৮
৫/২৬ শল কারনাইন শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড মোরাতুয়া ১৯৮৪
৫/২৭ অস্টিন কডরিংটন কানাডা-বাংলাদেশ ডারবান ২০০৩
৫/২৮ তাসকিন আহমেদ বাংলাদেশ-ভারত মিরপুর ২০১৪