লজ্জার হার ভারতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩-৩-০-৩!৩ ওভারে কোনো রান না দিয়ে তিন উইকেট। এমন একটা স্পেল চোখ কপালে তুলে দেওয়ার জন্য যথেষ্ট। তবে থিসারা পেরেরা যে সম্ভাবনার সামনে দাঁড়িয়ে ছিলেন, তাতে চোখ কপাল ছাড়িয়ে মাথার তালুতেও উঠে যেতে পারত। যদি তাঁর তৃতীয় ওভারের শেষ বলে স্লিপে মহেন্দ্র সিং ধোনির সহজ ক্যাচটা না ফেলতেন অ্যাঞ্জেলো ম্যাথুস। ৩ ওভারে কোনো রান না দিয়ে পেরেরার হয়ে যেত চারটি উইকেট!শুরুতে পেরেরার এই আঘাত আর সামলে উঠতে পারেনি ভারত। সামলে ওঠার শেষ সম্ভাবনাও গুঁড়িয়ে দিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস রোহিত শর্মা আর ধোনিকে ফিরিয়ে দিয়ে। প্রথম ৩ ওভারে বিনা উইকেটে ৩১ রান তুলে ফেলা ভারত তাই এক সময় ৬০/৫! এক প্রান্ত আগলে লড়াই করে যাওয়া গৌতম গম্ভীরের সৌজন্যে অলআউট হওয়ার আগে ১৩৮। কিন্তু এই পুঁজি নিয়ে কাল হাম্বানটোটায় সামান্য লড়াইটুকুও করতে পারল না ভারত। দুই ওপেনার থারাঙ্গা-দিলশানের ফিফটিতে মাত্র ১৯.৫ ওভারে ১ উইকেট হারিয়ে জয় পেয়ে গেল শ্রীলঙ্কা। ১৮১ বল হাতে রেখেই এল জয়। বল হাতে রেখে এটাই ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পরাজয়। সংক্ষিপ্ত স্কোরভারত: ৩৩.৩ ওভারে ১৩৮/১০ (গম্ভীর ৬৫, অশ্বিন ২১, শেবাগ ১৫, ধোনি ১১; পেরেরা ৩/১৯, ম্যাথুস ৩/১৪, মালিঙ্গা ২/৩৬)। শ্রীলঙ্কা: ১৯.৫ ওভারে ১৩৯/১ (থারাঙ্গা ৫৯*, দিলশান ৫০; অশ্বিন ১/১৮)। ফল: শ্রীলঙ্কা ৯ উইকেটে জয়ী। ম্যাচ সেরা: থিসারা পেরেরা।