ঢাকায় দুই সপ্তাহ আগে শেষ হয়েছে বিশ্ব হকি লিগের প্রথম পর্ব। টুর্নামেন্ট ডিরেক্টরের প্রতিবেদন হাতে নিয়ে কাল দুপুরে ফেডারেশনে বসে ছিলেন কয়েকজন কর্মকর্তা। ই-মেইলে মাত্র পাওয়া প্রতিবেদন দেখে বেশ খুশি সবাই। খেলোয়াড়দের আবাসন, স্থানীয় যাতায়াত, প্রশাসনিক তথ্যাদি, ভেন্যুসহ অন্যান্য বিষয়ে ‘এ’ প্লাস নম্বর পেয়েছে আয়োজক বাংলাদেশ। কিন্তু আয়োজক ফেডারেশনের এমন পারফরম্যান্সের উল্টোযাত্রা হচ্ছে জাতীয় হকি দলের। ইনচনে কাল এশিয়ান গেমসে নিজেদের প্রথম ম্যাচে জাপানের কাছে বাংলাদেশ হেরেছে ৮-০ গোলের লজ্জায়। ম্যাচ শেষে এমন শোচনীয় পরাজয়ের কোনো ব্যাখ্যাই খুঁজে পাচ্ছেন না চয়নরা।
এশিয়ান গেমসকে পাখির চোখ করে তিন মাস ধরে বিকেএসপিতে অনুশীলন করেছে বাংলাদেশ। ভারতের সঙ্গে খেলেছে প্রস্তুতি সিরিজ। এরপরই ঢাকায় বসে বিশ্ব হকি লিগের প্রথম রাউন্ড। বরাবরের মতো প্রস্তুতি ম্যাচের আক্ষেপ নিয়ে এবার অন্তত আন্তর্জাতিক টুর্নামেন্টে যায়নি হকি দল। তবে বিওএর ‘সৌজন্যে’ প্রায় ৬০ ঘণ্টা যাত্রাপথে কাটিয়ে ম্যাচের এক দিন আগে গেমস ভিলেজে পৌঁছায় হকি দল। লম্বা ভ্রমণক্লান্তিকে হারের একটা অজুহাত হিসেবে হয়তো দাঁড় করানো যেত। কিন্তু এমন লজ্জার হারের কোনো অজুহাতই খুঁজতে যাননি কোচ নাভিদ আলম। কাল ইনচন থেকে টেলিফোনে বললেন, ‘ছেলেদের খেলাটা ছিল একেবারেই অপ্রত্যাশিত। এমন বড় হারের জন্য আমি জাতির কাছে ক্ষমা চাইছি। আসলে সত্যিই একটা বাজে দিন গেছে আজ।’
পাকিস্তানি এই কোচের পারফরম্যান্সে এমনিতেই সন্তুষ্ট নয় ফেডারেশন। এশিয়ান গেমস শেষেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শেষ হচ্ছে তাঁর। কোরিয়া থেকেই সরাসরি দেশে ফিরে যাবেন। কিন্তু যাওয়ার আগে হারানো সম্মান কিছুটা হলেও পুনরুদ্ধারের চেষ্টায় আছেন তিনি, ‘প্রথম ম্যাচটা খারাপ খেললেও বাকিগুলোয় আশা করি ছেলেরা ঘুরে দাঁড়াবে। আমাদের সব মনোযোগ এখন পরের ম্যাচে।’ আজ দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার সঙ্গে খেলবে বাংলাদেশ।
জাপানের কাছে গত এশিয়ান গেমসে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ। কালকের এই হারের খবর শুনে বিস্মিত জাতীয় দলের সাবেক কোচ মাহবুব হারুন, ‘এমন ফল একেবারেই অপ্রত্যাশিত। আমি প্রচণ্ড হতাশ দলের এই পারফরম্যান্সে। সত্যি বলতে কি, খেলোয়াড়দের মধ্যে কোনো সমন্বয় নেই। আমাদের হকি একসময় ওপরের দিকে উঠছিল, কিন্তু আবার নিচে নামছে।’ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহও এই ফলে বিস্মিত, ‘আমি কোনো ব্যাখ্যাই খুঁজে পাচ্ছি না!’
হকির নতুন আন্তর্জাতিক নিয়মে চার অর্ধে হয়েছে খেলা। ৬০ মিনিটের খেলায় ১৫ মিনিট পরপর ছিল বিরতি। প্রথমভাগে ২ গোল খায় বাংলাদেশ ৩ ও ১১ মিনিটে। দ্বিতীয় ভাগে একটি গোল হয়েছে ২১ মিনিটে। পরের দুই অর্ধে আরও ৫ গোল খায় বাংলাদেশ। প্রতিরোধের কোনো কৌশলই কাজে আসেনি। ৭টি পেনাল্টি কর্নার পেয়ে বাংলাদেশ তা থেকে একটিও গোল করতে পারেনি।