লজ্জিত ফার্ডিনান্ড
পয়েন্ট তালিকার এক, দুই, তিন থেকে শুরু করে পাঁচ, ছয়...। কোথাও খুঁজে পাবেন না ম্যানচেস্টার ইউনাইটেডকে। গত মৌসুমের শিরোপাজয়ী ক্লাবটি কি না পয়েন্ট তালিকার সাতে! রিও ফার্ডিনান্ড তাই স্বীকার করলেন, দলের এই অবস্থা ভীষণ লজ্জা দিয়েছে তাঁকে!
‘লিগ টেবিলের দিকে অনেক দিন ধরেই তাকাইনি আমি। কারণ এটা লজ্জাজনক’—অপ্রিয় সত্যটা মানলেন ইউনাইটেডের অভিজ্ঞতম ডিফেন্ডার। ইংলিশ চ্যাম্পিয়নদের এমন ভুলে যাওয়ার মতো মৌসুম তো স্মরণকালে আর আসেনি। প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে কম পয়েন্ট, নিজেদের মাঠে ১৯৭৮ সালের পর সবচেয়ে বাজে রেকর্ড, ১৯৯৫ সালের পর প্রথম চ্যাম্পিয়নস লিগের বাইরে থাকা—লজ্জার রেকর্ডের যেন এবার শেষ নেই। সেই দায় নিয়েই কদিন আগে সরে যেতে হয়েছে কোচ ডেভিড ময়েসকে। রায়ান গিগস নিয়েছেন অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব।
খড়্গটা কোচের ওপর দিয়েই গেছে, কিন্তু মাঠের ব্যর্থতা তো আসলে খেলোয়াড়দের । ফার্ডিনান্ড তাই আত্মসমালোচনাও করেছেন, ‘আমরা যেখানে আছি, সেটা আমরা কেউ চাইনি। খেলোয়াড়দের জন্যই এটা হয়েছে। অন্য যে কারও মতোই আমরা এই দায়টা নিচ্ছি। আমাদের এখন দায়িত্ব নিতেই হবে। সেটা আমরা নিচ্ছিও।’ সেই সঙ্গে আশাবাদও শুনিয়েছেন, ‘যে-ই পরের মৌসুমে দলের দায়িত্ব নিক, এই ফুটবল ক্লাবের লক্ষ্য সব সময় শিরোপা জেতা। গত ২৫ বছর ধারাবাহিকভাবে আমরা এটা করে এসেছি। আশা করি, ধারাটা বজায় থাকবে।’
কিন্তু ফার্ডিনান্ড নিজে সামনের মৌসুমে ওল্ড ট্রাফোর্ডে থাকবেন তো? সেটা এখনই বলা মুশকিল। তবে ৩৫ বছর বয়সী ডিফেন্ডার জানিয়ে দিলেন অবসরের ভাবনা তাঁর মাথায় নেই, ‘আমি খেলে যেতে চাই। তবে সেটি কোথায়, তা আমি জানি না।’ এএফপি।