লড়তে চায় মেক্সিকোর'সোনালি প্রজন্ম'

২০১১ সালের কনকাকাফ কাপের ফাইনাল ম্যাচটাই হয়ে আছে মেক্সিকোর লড়াকু মনোভাবের প্রতীক। আমেরিকার বিপক্ষে সেই ম্যাচে শুরুতে ২-০ গোলে পিছিয়ে পড়ে মেক্সিকো। কিন্তু শেষ পর্যন্ত তারা শিরোপা জেতে ৪-২ গোলের ব্যবধানে। ওই জয়েই তারা জায়গা করে নিয়েছে এবারের কনফেডারেশনস কাপে। এবার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়েও সেই লড়াকু মনোভাবটাই মেক্সিকোর সবচেয়ে বড় সম্পদ হয়ে থাকছে।
বিশ্বকাপের মহড়া প্রতিযোগিতার প্রধান ফেবারিট হিসেবে বিবেচনা করা হচ্ছে বিশ্বকাপজয়ী স্পেন ও স্বাগতিক ব্রাজিলকে। কারও কারও মুখে উচ্চারিত হচ্ছে ইতালির নামও। কিন্তু মেক্সিকোকেও যে হেলাফেলা করার কোনো সুযোগ নেই, সেটাই সবাইকে মনে করিয়ে দিয়েছেন কোচ ডে লা তোরে। সম্প্রতি এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘যখনই এ ধরনের কোনো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, সবাই ভাবে যে ইতালি, স্পেন বা ব্রাজিলেরই শিরোপা জয়ের সম্ভাবনা আছে। কিন্তু আপনি অন্য দলগুলোকেও গোনার বাইরে রাখতে পারবেন না। ফুটবল খুব দ্রুত বিকশিত হচ্ছে। এখন আন্তর্জাতিক দলগুলোর মধ্যে খুব বেশি পার্থক্য নেই।’ ডে লা তোরের বক্তব্য অনুযায়ী সত্যিই যদি তেমন কিছু ঘটে যায়, তাহলে সেটাকে অঘটন বলার সুযোগ থাকবে না কোনোভাবেই।
মেক্সিকোকে নিয়ে আশার কথাই বলা হচ্ছে। কিন্তু সাম্প্রতিক সময়ে একটু বেসামাল অবস্থার মধ্য দিয়েই যাচ্ছে মেক্সিকান ফুটবল। বিশ্বকাপ বাছাইপর্বে তাদের অবস্থান খুব একটা পোক্ত নয়। পারফরম্যান্সটা জুতসই হচ্ছে না কোনোভাবেই। ছয় ম্যাচের মধ্যে তারা জয় পেয়েছে মাত্র একটিতে। বাকি পাঁচটি ম্যাচেই ড্র করে এখন আছে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে। কোস্টারিকার বিপক্ষে সর্বশেষ ম্যাচটিতে গোলশূন্য ড্র করার পর দুয়োধ্বনিও শুনতে হয়েছে মেক্সিকান ফুটবলারদের। এখন এসব হতাশাজনক ফলাফলের গ্লানি দূরে সরিয়ে রেখে কনফেডারেশনস কাপে ঘুরে দাঁড়ানোটাই হবে মেক্সিকোর প্রধান চ্যালেঞ্জ।
চ্যালেঞ্জে জয়ী হওয়ার প্রত্যয় মেক্সিকোর মধ্যে খুব করেই আছে। দলটির ভালো না করার কোনো কারণ খুঁজে পাবেন না কেউই। কনফেডারেশনস কাপে মেক্সিকোর যে ২৩ সদস্যের দলটি খেলছে, তাকে অনেকেই দেশটির ফুটবল ইতিহাসের ‘সোনালি প্রজন্ম’ হিসেবে অভিহিত করতে পছন্দ করেন। কার্লোস সালসিদো, রিকার্ডো অসোরিও, জিওভান্নি দস সান্তোস, হাভিয়ের হার্নান্দেজ, আন্দ্রেস গুয়ার্দাদো, হেক্টর মোনেরোর মতো খেলোয়াড়েরা যেকোনো প্রতিপক্ষের জন্যই হয়ে উঠতে পারেন বিপজ্জনক। তাই এবারের কনফেডারেশনস কাপে ফেবারিট হিসেবে মেক্সিকোর নাম উচ্চারিত না হলেও এ কথা ভুলে গেলে চলবে না যে ১৯৯৯ সালে মেক্সিকোই নিজ মাটিতে জিতেছিল মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর। তাই এবার তারা ১৪ বছর আগের স্মৃতি ফিরিয়ে আনলেও অবাক হওয়ার কিছুই থাকবে না।
এবারের কনফেডারেশনস কাপে মেক্সিকোর গ্রুপটা তুলনামূলক কঠিনই। ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে মেক্সিকোকে লড়তে হবে স্বাগতিক ব্রাজিল, ইতালি ও এশিয়ান কাপজয়ী জাপানের বিপক্ষে। আজ রোববার রাতে ইতালির বিপক্ষে ম্যাচটি দিয়ে শুরু হবে মেক্সিকোর কনফেডারেশনস কাপ মিশন।