লড়াই দুই লাস্যময়ীরও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিম সিয়ার্স ও ইয়েলিনা রিস্টিচ
কিম সিয়ার্স ও ইয়েলিনা রিস্টিচ

উইম্বলডনের ফাইনালে মুখোমুখি ইয়েলিনা রিস্টিচ ও কিম সিয়ার্স—না না, থমকে যাবেন না। সংবাদটিকে ভুলও ভেবে বসবেন না। সত্যি সত্যিই আজ অল ইংল্যান্ড ক্লাবের চৌহদ্দিতে উত্তাপ ছড়াবে রিস্টিচ ও সিয়ার্সের লড়াই। এই লড়াই কিন্তু জোকোভিচ ও মারের লড়াইয়ের চেয়েও কোনো অংশে কম নয়। সেন্টার কোর্টের চৌহদ্দিতে রোববার বিকেলে উইম্বলডন শ্রেষ্ঠত্বের লড়াইয়ে যখন জোকোভিচ ও মারে নিজেদের উজাড় করে দেবেন, তখন ভিআইপি বক্সে বসে ভালোবাসার লড়াইয়ে অবতীর্ণ হবেন ওই রিস্টিচ ও সিয়ার্স। এই ভালোবাসার লড়াইয়ের মর্যাদা কি মাঠের লড়াইয়ের চেয়ে কোনো অংশে কম হতে পারে?
জোকোভিচকে ভালোবাসার বন্ধনে অবদ্ধ করে রেখেছেন রিস্টিচ। পেশায় মডেল, ২৭ বছর বয়সী এই রিস্টিচ আজ জোকোভিচের জন্য অনুপ্রেরণার উত্স হয়ে অল ইংল্যান্ড ক্লাবকে আলোকিত করবেন। সিয়ার্সই-বা কম যাবেন কেন? ৭৭ বছর পর প্রথম ব্রিটিশ হিসেবে উইম্বলডনের শিরোপা হাতে তুলতে অ্যান্ডি মারের শক্তির জায়গা তো সিয়ার্সই। ২৫ বছর বয়সী চিত্রশিল্পী সিয়ার্স যে আষ্টেপৃষ্ঠেই আবদ্ধ স্কটিশ টেনিস তারকার জীবনে।
জোকোভিচ-মারের লড়াইটা তাই গ্যালারিতে বসে তাঁদের দুই প্রেমিকারও মর্যাদার লড়াই। সেন্টার কোর্টের লড়াইয়ের আবেগটা জোকোভিচ ও মারেকে ছাপিয়ে যেভাবে রিস্টিচ ও সিয়ার্সকে ছুঁয়ে যাবে, আবেগের আতিশয্যে তাঁরা যেভাবে থরো থরো হবেন—সেটা টেনিস লড়াইয়ের চেয়ে কি কোনো অংশে কম আকর্ষণীয় হবে? টেনিস বিশ্বের দুই সেরা পুরুষ তারকার লড়াই যেভাবে টেলিভিশন চ্যানেলগুলোর টিআরপিকে প্রভাবিত করবে, তাঁদের দুই লাস্যময়ী প্রেমিকার প্রভাবও তাতে কম থাকবে না।

ব্যাপারটি কি কেবল দুই রমণীর ‘মর্যাদার লড়াই’, নাকি এর মধ্যে অন্য কিছুও আছে? পুরো বিষয়টিকে ‘ভালোবাসাবাসির সঙ্গে সম্পর্কযুক্ত’ বই অন্য কিছু ভাবতে নারাজ দুই তারকার দুই প্রেমিকা, ‘এটা সম্পূর্ণ ভালোবাসার ব্যাপার। আমি অবশ্যই চাইব কোর্টে জোকোভিচ খুশি মনেই নামুক। গ্যালারির দিকে তাকালে আমাকে দেখে ওর মনটা যদি ভালো হয়ে যায়, তাহলে সেটাই হবে আমার সবচেয়ে বড় পাওয়া।’ রিস্টিচের এই উক্তির সঙ্গে মিলে যায় সিয়ার্সের কথাও, ‘মারেকে উত্সাহ দিতেই আজ মাঠে থাকব আমি। বিষয়টিতে ভালোবাসা আর টেনিস-প্রেম ছাড়া অন্য কোনো ব্যাপার জড়িয়ে নেই।’

ভদ্রলোকের খেলা টেনিসে জোকোভিচ ও মারে আজ কোর্টে একে অন্যের প্রবল প্রতিদ্বন্দ্বী হলেও দুজনের সুসম্পর্ক সর্বজনবিদিত। কিন্তু তাঁদের প্রেমিকারা কী কখনো একে অন্যের মুখোমুখি হয়েছেন? এমন প্রশ্নে অবাক জোকোভিচের প্রেমিকা রিস্টিচ। তিনিও টেনিসের ‘এলিট ভাবমূর্তি’র সঙ্গে নিজেদের মিলিয়েছেন বেশ ভালোভাবেই। সামাজিক যোগাযোগটা যে তাঁদের মধ্যে অটুট, সেটা রিস্টিচ জানিয়েছেন স্পষ্ট করেই, ‘আমি কিম সিয়ার্সের সঙ্গে অনেকবারই আড্ডা মেরেছি। অ্যান্ডি মারে ও সিয়ার্সের সম্পর্কটা দারুণ লাগে। কী চমত্কার একটি জুটি।’

সিয়ার্স অবশ্য রিস্টিচের মতো সরাসরি অমন কিছু বলেননি। কিন্তু তাঁর সবটুকু শ্রদ্ধা জোকোভিচ ও মারের ব্যক্তিগত সম্পর্কের ব্যাপারে, ‘মাঠের লড়াইয়ে হয়তো মারে-জোকোভিচ শত্রু, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে ওরা খুব ভালো বন্ধু। টেনিস ভদ্রলোকের খেলা আর ওরা দুজনেই দারুণ ভদ্রলোক।’ সূত্র: ডেইলি মেইল।