লড়াইটা কাভানি ফ্যালকাওয়েরও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লা লিগায় মেসি-রোনালদোর জমজমাট লড়াই। ইংলিশ লিগ মাতিয়ে রাখছেন ওয়েইন রুনি, রবিন ফন ফার্সি আর সার্জিও আগুয়েরোরা। সেই তুলনায় এত দিন যেন কিছুটা ম্লানই ছিল ফরাসি লিগ। মাঠ মাতানো স্ট্রাইকার বলতে ছিলেন সবেধন ইব্রাহিমোভিচ।
কথাটা গত মৌসুম পর্যন্ত সত্য ছিল। এবার অবশ্যই নয়। কারণ মৌসুমের শুরুতেই ফ্রেঞ্চ লিগ আলোকিত এডিনসন কাভানি আর রাদামেল ফ্যালকাওদের আলোয়। প্যারিসে আজ মোনাকো-পিএসজি ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে থাকবেন ইউরোপের অন্যতম সেরা এই দুই স্ট্রাইকার।
গত মৌসুমে ইতালিয়ান লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পর নাপোলি থেকে কাভানি পাড়ি জমিয়েছেন পিএসজিতে। আর মেসি-রোনালদোর দাপটের মধ্যেও অ্যাটলেটিকোর হয়ে ৪০ ম্যাচে ৩৪ গোল করা ফ্যালকাওকে কিনে নিয়েছে মোনাকো। পিএসজির হয়ে এরই মধ্যে পাঁচ ম্যাচে ২ গোল করে জ্বলে ওঠার আভাস দিচ্ছেন কাভানি। সমান ম্যাচ খেলে ৪ গোল করে এরই মধ্যে ফ্যালকাও দেখিয়েছেন তাঁর সামর্থ্য। দুই স্ট্রাইকারের ব্যক্তিগত এই দ্বৈরথ শুধু আজকের ম্যাচে নয় আগামী দিনেও হবে ফরাসি লিগের অন্যতম আকর্ষণ। আর্সেনালের ফরাসি কোচ আর্সেন ওয়েঙ্গারের অন্তত তা নিয়ে সংশয় নেই, ‘আমি দুজনকেই পছন্দ করি। কাভানি একটু বেশি ওঠা-নামা করে খেলে। ফ্যালকাও বক্সে থাকে বেশি, কিন্তু ও কাভানির চেয়ে একটু বেশি খুনে মানসিকতার।’ গোলের জন্য মরিয়া এই দুই স্ট্রাইকারের চরিত্রকে মেলাতে পারেন আর্সেনাল কোচের প্রশংসাসূচক উপমাতেও, ‘এদের দুজনকে আলাদা করা কঠিন। ওদের মধ্যে একটা জান্তব ব্যাপার আছে। ওরা দুজনেই জন্তু।’ এএফপি।