লড়াইটা সুয়ারেজ আর বালোতেল্লিরও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুইস সুয়ারেজ ও মারিও বালোতেল্লি—অনুশীলনে দুজনই ছুটছেন বল নিয়ে। ইতালি-উরুগুয়ের আজকের লড়াই হয়ে উঠতে পারে এ দুজনের দ্বৈরথও  l এএফপি
লুইস সুয়ারেজ ও মারিও বালোতেল্লি—অনুশীলনে দুজনই ছুটছেন বল নিয়ে। ইতালি-উরুগুয়ের আজকের লড়াই হয়ে উঠতে পারে এ দুজনের দ্বৈরথও l এএফপি

দুজনই স্ট্রাইকার।নিজ নিজ দলের আক্রমণের মূল ভরসা। লুইস সুয়ারেজ ও মারিও বালোতেল্লির মধ্যে এর চেয়ে বড় মিল—বিতর্ক দুজনেরই নিত্যসঙ্গী।বিশ্বকাপের ডামাডোলে দুই দেশের দুই স্ট্রাইকারের মিল-অমিল নিয়ে পড়ার কারণ, ব্রাজিল বিশ্বকাপ আজ তাঁদের দাঁড় করিয়ে দিচ্ছে মুখোমুখি।
ইতালি-উরুগুয়ে দুই দলের জন্যই আজ বাঁচা-মরার ম্যাচ। নাতালের ম্যাচটাকে দুই দলই মনে করছে ‘সেমিফাইনাল’। দুই দলের এক দল দ্বিতীয় রাউন্ডে সঙ্গী হবে কোস্টারিকার। ইংল্যান্ডের সঙ্গী হয়ে অন্য দলকে ধরতে হবে বাড়ির পথ। মানে পরিষ্কার, সুয়ারেজ-বালোতেল্লির যেকোনো একজনের বিশ্বকাপ শেষ হয়ে যাচ্ছে আজ। চোখে নতুন স্বপ্ন এঁকে টিকে থাকবেন, আর কে উঠবেন ফিরতি বিমানে?
নিয়তি মেনে একজনকে ফিরতেই হবে। তবে তার আগে দুজনই টিকে থাকতে চেষ্টা করবেন প্রাণপণ। তাঁদের কারোরই প্রতিভা-সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই। নিজেদের দিনে ম্যাচের চিত্রনাট্য পাল্টে দিতে জানেন দুজনেই। তবে পারফরম্যান্স, তারকাদ্যুতি সুয়ারেজকেই এগিয়ে রাখছে। লিভারপুলের হয়ে দুর্দান্ত একটা মৌসুম কাটিয়েছেন। যদিও লিভারপুলের সুয়ারেজের চেয়ে উরুগুয়ের সুয়ারেজ আরও বেশি উজ্জ্বল। দেশপ্রেম সবারই আছে। তবে সুয়ারেজের মধ্যে তা একটু বেশিই।

উরুগুয়ের জার্সি গায়ে চাপালেই তাঁর গোলক্ষুধা বেড়ে যায় আরও। দলের জয়ের জন্য যেকোনো কিছুই করতে পারেন। তার প্রমাণ ২০১০ বিশ্বকাপে দিয়েছেন। দিয়েছেন ২০১১ কোপা আমেরিকায়, দেশকে শিরোপা জিতিয়ে। বিশ্বকাপ বাছাইয়ে করেছেন দক্ষিণ আমেরিকান অঞ্চলে সর্বোচ্চ গোল। তার চেয়েও বড় প্রমাণ তো ব্রাজিল বিশ্বকাপের সুয়ারেজই। চোটের কারণে বিশ্বকাপ খেলা নিয়েই সংশয় ছিল তাঁর। প্রচণ্ড মনের জোর ঠিকই সুয়ারেজকে নিয়ে এসেছে ব্রাজিলে। প্রথম ম্যাচে কোস্টারিকার কাছে দলকে হারতে দেখেছেন বেঞ্চে বসে। ইংল্যান্ডের সঙ্গে দ্বিতীয় ম্যাচে নেমেই করেছেন জোড়া গোল। দলকে এনে দিয়েছেন দ্বিতীয় রাউন্ডের স্বপ্ন বাঁচানো জয়। সেই স্বপ্নকে সত্যি করতে আজও তাঁর দিকেই তাকিয়ে থাকবে দল।

ইংল্যান্ডের সঙ্গে দলের জয়সূচক গোল করে বালোতেল্লিও শুরুটা করেছিলেন দুর্দান্ত। কিন্তু কোস্টারিকার ম্যাচে চরম ব্যর্থ। নষ্ট করেছেন সহজ দুটি সুযোগ। ইতালিকে যার মাশুল দিতে হয়েছে ম্যাচ হেরে (১-০)। অথচ বালোতেল্লি সুযোগ কাজে লাগাতে পারলে ম্যাচের ফলটা অন্য রকম হতে পারত। জিতলে ইতালিও থাকতে পারত নির্ভার। বালোতেল্লি নিশ্চয়ই সেটির প্রায়শ্চিত্ত করতে চাইবেন।

বালোতেল্লি যখন ম্যানচেস্টার সিটিতে ছিলেন, অনেকবারই মুখোমুখি হয়েছেন দুজন। কখনো জিতেছেন বালোতেল্লি, কখনো সুয়ারেজ। কিন্তু জাতীয় দলের জার্সিতে দুজন মুখোমুখি হননি কখনোই। বালোতেল্লির আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ২০১০ সালে। এরপর দুবার মুখোমুখি হয়েছে ইতালি-উরুগুয়ে। ২০১১ সালের নভেম্বরে মুখোমুখি হওয়া প্রীতি ম্যাচে বালোতেল্লি খেললেও সুয়ারেজ দলেই ছিলেন না। গত বছর কনফেডারেশনস কাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আবার উল্টো। সুয়ারেজ খেললেও বালোতেল্লির মাঠে নামা হয়নি, পুরো ম্যাচেই বসে ছিলেন বেঞ্চে। আন্তর্জাতিক ফুটবল আজই প্রথম দেখতে পাবে দুই খ্যাপাটে স্ট্রাইকারের দ্বৈরথ। কিন্তু দুর্ভাগ্য, সেই দ্বৈরথ শেষে একজনের চোখে ঝরবে জল।